একুশের গল্প ও বিদেশি শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী: মুর্তজা বশীর, ১৯৭১
শিল্পী: মুর্তজা বশীর, ১৯৭১

আমেরিকার সাউথইস্ট মিসৌরি স্টেট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে অধ্যাপনা করেন ড. কার্ল ব্লুম তাঁর সঙ্গে আমার পরিচয় হয় ঢাকায়। বিবাহসূত্রে কার্ল ঢাকায় আসেন। তাঁর সঙ্গে পরিচয়ের সূত্র নীলোফার হাফিজ খান। তাঁরা স্বামী-স্ত্রী। নীলোফারের গবেষণার বিষয় ছিল উপমহাদেশের তিনজন নারীর লেখা নিয়ে। সেই কারণে নীলোফার আমার সঙ্গে পরিচিত হন। একদিন কার্ল আর তাঁদের মেয়ে আলিলাকে নিয়ে আমার বাড়িতে এসেছিলেন, এখন থেকে ১৫ বছর আগে। তাঁদের সঙ্গে এখন আমার ই-মেইলে যোগাযোগ হয়। তাঁদের ফোন পেলে ভালো লাগে।
কার্ল ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ঢাকার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছিলেন। পড়াতেন সাহিত্য। ২০০৬ সালে প্রকাশ হয়েছিল তাঁর উপন্যাস থ্রি গার্লস—আ টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি টেল। উপন্যাসে কার্ল ব্লুমের নাম ফারুক আবদুল্লাহ। এই নাম বিবাহসূত্রে গ্রহণ করেছিলেন। উপন্যাসের তিনটি মেয়ের জীবনসংগ্রাম রূপায়িত হয়েছে পাশ্চাত্যের একজন লেখকের দৃষ্টিতে। কার্ল বাংলাদেশের তিনজন মেয়ের জীবনকে সংযুক্ত করেছেন বৈশ্বিক ঘটনার প্রেক্ষাপটে। এখানেই এই উপন্যাসের চমক। উপন্যাসটি আমার ভালো লেগেছিল।
নীলোফার একুশের পটভূমিতে লেখা আমার গল্প ‘ফিরে দেখা’ ইংরেজিতে অনুবাদ করেছিলেন। গল্পের নায়িকা একজন পুলিশ অফিসারের মেয়ে। আশরাফের সঙ্গে তার প্রেম। পুলিশ বাবা মেয়েটির ভাষা আন্দোলনে যাওয়া একদম পছন্দ করেন না। মেয়েটি বাবার রক্তচক্ষু উপেক্ষা করে মিছিলে-সভায় যায়। পুলিশ বাবা আশরাফের সঙ্গে মেয়েটির বিয়ের দিন ঠিক করেন। ২১ ফেব্রুয়ারি গায়েহলুদের দিন ঠিক করা হয়। সেই দিন মেয়েটি গায়েহলুদের সব আয়োজন ফেলে রেখে মিছিলে যায়। ও যখন ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ স্লোগান দেয়, তখন দেখতে পায় ওর বাবা বন্দুক তাক করে জিপের ওপর দাঁড়িয়ে আছেন। গল্পটি এখানেই শেষ।
কার্ল ব্লুম তাঁর বিশ্ববিদ্যালয়ে যে কোর্সটি পড়ান তার শিরোনাম ‘দ্য ভ্যারাইটি অব লিটারেচার’। সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এটি একটি সার্ভে কোর্স। দুটি সেকশনে কোর্সটি পড়ানো হয়। এক এক সেকশনে ছাত্রছাত্রীর সংখ্যা ৪৩। ২০১৫ সালের জুলাই মাসের ১০ তারিখে পড়ানো হয় আমার গল্পটি। অনুবাদের ইংরেজি শিরোনাম ‘ইন রিট্রসপেক্ট’। অন্য গল্পগুলো ছিল জেমস বলডুইনের ‘সনিস ব্লুজ’, উইলিয়াম ফকনারের ‘আ রোজ ফর এমিলি’ এবং আন্তন চেখভের ‘বুজ বেরিস’।
আমার গল্পটি ক্লাসে পড়ানোর খবরটি কার্ল ব্লুম আমাকে জানান। একদিকে আমি খুশি হই, অন্যদিকে আমার কৌতূহলও জাগে। ছেলেমেয়েরা গল্পটি সম্পর্কে কোনো মতামত দিয়েছে কি না তা জানার জন্য আমি কার্লকে লিখি।
কার্ল ই-মেইলে আমাকে উত্তর পাঠান।
কার্ল লিখেছেন, বেশির ভাগ ছেলেমেয়ে গল্পটি পড়ে এবং শুনে বলেছে, তাদের জীবন বিপদাপন্ন হতে পারে এমন কোনো রাজনৈতিক প্রতিবাদে তারা যুক্ত হবে না। রাজনীতির জন্য তারা কখনোই বিবাহ অনুষ্ঠান মিস করবে না।
কার্ল আরও লিখেছেন, ওরা ভাষা আন্দোলন বোঝেনি। আর এটা কোনো ব্যাপারই না। (ইউ ওয়াজ নট আ বিগ ডিল)। কার্ল ওদের জিজ্ঞেস করেছিলেন, আমেরিকায় যদি হঠাৎ করে আমাদের বলা হয় স্প্যানিশ বা ফরাসি ভাষায় কথা বলতে, তাহলে তোমরা কী বলবে? ওরা বলেছিল, দ্যাট ওয়াজ ক্রেজি।
গল্পের সমাপ্তি নিয়ে ওদের প্রশ্ন ছিল। বেশির ভাগ ছাত্রছাত্রী বলেছিল, তারা কখনো রাজনীতিতে যুক্ত হয়নি, বরং সর্বাত্মকভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে।
কার্ল লিখেছেন, আমি অবশ্য আমেরিকার খুব রক্ষণশীল এবং প্রত্যন্ত এলাকায় বাস করি। ফার্গুসনে মাইকেল ব্রাউন নামক একজন কৃষ্ণাঙ্গ তরুণকে পুলিশ গুলি করে হত্যা করে। ২০১৪ সালের ৯ আগস্ট ঘটনাটি ঘটে। তখন ওখানে বেশ কয়েকটি প্রতিবাদ সমাবেশ হয়েছিল। ২০১৫ সালে এই মৃত্যুর এক বছর পূর্তি উপলক্ষে পুলিশস্টেশনের সামনে প্রতিবাদ সমাবেশ হয়েছে। কিন্তু ফাগুর্সনের বেশির ভাগ মানুষই মনে করে পুলিশ সদস্যরা ভালো। তাঁদের কোনো অপরাধ নেই। কৃষ্ণাঙ্গ লোকেরাই প্রতিবাদ-সমাবেশ করে একজন কৃষ্ণাঙ্গ অপরাধীকে সাপোর্ট দিচ্ছে। (পিপল অ্যাক্টিং ক্রেজি)
কার্ল লিখেছেন, এই বক্তব্যে আমি খুব মর্মাহত হয়েছি।
কার্লের এই উত্তর পাওয়ার পরে আমি ভেবেছি, ৬৫ বছর আগে ঘটে যাওয়া ঘটনায় জীবন দিয়েছিলেন মাতৃভাষার প্রশ্নে সচেতন তরুণেরা। ৬৫ বছর পরে তথ্যপ্রযুক্তির এই সময়ে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনীতিসচেতন নয়। মাতৃভাষার প্রশ্নে সচেতন নয়।
মর্মাহত হন তাদের ক্লাসের শিক্ষক। মানুষের অধিকারের প্রশ্নে তিনি আপস করেন না। একুশের মাসে তরুণ বিদেশি শিক্ষার্থীদের কাছে ভাষার মর্যাদার বিষয়টি ব্যক্তিগত প্রেম-আনন্দের জায়গায় ঠেকে গেছে। প্রতিবাদ যে মানবিক অধিকার রক্ষার হাতিয়ার, এটা তারা উপলব্ধি করেনি।
অন্যদিকে গল্পটি সাহিত্যের মানদণ্ডে কতটা সুন্দর সে বিবেচনাও তারা করেনি। তাদের কাছে রাজনীতির দ্বারা ব্যক্তিগত প্রসঙ্গটি কতটা ক্ষতিগ্রস্ত হবে, সেটিই প্রধান হয়ে উঠেছে। রাজনীতি ও ব্যক্তিজীবনের বড় পরিসর এই প্রজন্মের ছেলেমেয়ের কাছে ভিন্ন আলোকে দেখা দিয়েছে।
২১ ফেব্রুয়ারি ইউনেসকোর ঘোষণার ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃত হয়েছে। যে জনগোষ্ঠীর মাতৃভাষা বিলুপ্ত হওয়ার ভয় নেই, তারা তো ভাষাকে চিন্তা-চেতনায় রেখে নিশ্চিত জীবনযাপন করতে পারে। যে জনগোষ্ঠীর ভাষা বিলুপ্ত হওয়ার পথে, সে ভাষা রক্ষার জন্য যেন সোচ্চার হয়। কার্ল ব্লুমের শিক্ষার্থীদের কাছে এই প্রত্যাশা।
তাদের ভাষার মাসের শুভেচ্ছা জানাই।