১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির প্রত্যক্ষদর্শী শিল্পী মুর্তজা বশীর। ভাষা আন্দোলন নিয়ে ছবিও এঁকেছেন ধারাবাহিকভাবে

বায়ান্নর ২১ ফেব্রুয়ারি ১৯ বছরের কিশোর মুর্তজা বশীর ৭৯ বেগম বাজারের ‘পিয়ারা হাউস’ থেকে বের হলেন পরিবারের মুরব্বিদের নিষেধ অগ্রাহ্য করে। ২০ ফেব্রুয়ারি ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছিল ১৪৪ ধারা ভাঙবে, মিছিল করে প্রতিবাদ করবে। একমাত্র দাবি, ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে উত্তেজনা, আন্দোলনের সলতে জ্বলতে শুরু করেছে। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের ভাষার দাবিতে অটল ছাত্র-জনতা কী সিদ্ধান্ত নেবে, কখন কী হয়—এমন অস্থির অবস্থার পরিপ্রেক্ষিতে তাঁকে বারণ করা হয়েছিল সেদিন বাইরে যেতে। কিন্তু অসুখী সেই তরুণটি মানলেন না, বাড়ির বাইরে বের হলেন। দুপুর হওয়ার খানিকটা আগে দেখা হলো কবি হাসান হাফিজুর রহমানের সঙ্গে। তাঁরা দুজনে যখন ঢাকা মেডিকেল কলেজের ব্যারাকের পাশে আন্দোলন এবং তাঁদের আসন্ন চিত্রপ্রদর্শনী নিয়ে আলাপ করছিলেন, তখন পুরো এলাকা থমথমে। একটু আগে ছোড়া হয়েছে কাঁদানে গ্যাসের শেল। কয়েকটি শেলের খোসা এদিক-সেদিক ঘাসের ওপর শুয়ে আছে। আন্দাজ করা যায় না এমন এক শ্বাসরুদ্ধকর অবস্থায় কাঁটাতারের ওপারে অনেক পুলিশ। একজন অফিসার হাত নেড়ে ছাত্রদের ডাকছেন। কয়েকজন ছাত্র এগিয়ে গেল।
হঠাৎ গুলির শব্দ। দৌড়ে পালাতে লাগল সবাই। চারদিকে আতঙ্ক। মুর্তজা বশীরের চোখের সামনে ঘটে যাচ্ছে এসব। আত্মরক্ষার জন্য সবাই খুঁজছে নিরাপদ আশ্রয়। ব্যারাকের দক্ষিণ দিকে চলমান ভিড় দেখে তিনি দৌড়ে এগিয়ে গেলেন। তাঁর ভাষায়, ‘বেশ লম্বা, শ্যামবর্ণ, মুখমণ্ডল পরিষ্কারভাবে কামানো, সারা চেহারায় বৃষ্টির বড় বড় ফোঁটায় ভরে যাওয়া ঘাম আর প্যান্টের পেটের নিচ থেকে কলের মতো অঝোরে রক্তের ঢল। সবার সঙ্গে আমিও তাকে ধরেছি। আমার সাদা পায়জামায় কে যেন আবিরের রং পিচকিরি দিয়ে রাঙিয়ে দিল। আমি তাকে ধরেছি বুকের কাছে। আমার মাথা তার মুখের কাছে। সে চোখ তুলে তাকাল। ...আমার বাড়িতে খবর দেবেন—আমার নাম আবুল বরকত...।’
পৃথিবীর ভাষার ইতিহাসের প্রথম শহীদ আবুল বরকত শুকনো জিব বের করে বললেন, ‘পানি, পানি।’ বুলেটবিদ্ধ তাঁকে সতীর্থরা ধরে নিয়ে যাচ্ছেন মেডিকেলে। বশীরও তাঁকে বুকের কাছে জাপ্টে ধরে নিয়ে যাচ্ছেন। দ্বিধান্বিত হয়ে পকেটে রাখা ঘাম মোছার রুমাল বের করে নিংড়িয়ে তাঁর মুখে দিয়ে কিছুটা তৃষ্ণা নিবারণের চেষ্টা করলেন। এ ছাড়া আর কোনো উপায়ও তো নেই।
সে দিন নিমতলীর জাদুঘরে ঢাকা আর্ট গ্রুপের দ্বিতীয় চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করার কথা ছিল পূর্ব পাকিস্তানের গভর্নরের পত্নী লেডি ভিকারুননিসা নূনের। হাসপাতালে আবুল বরকতকে রেখে চিত্রপ্রদর্শনীর হলে এলেন বশীর। বরকতের রক্তে তাঁর কাপড় লাল। তিনি প্রতিবাদ করলেন। বললেন, তাঁর ছবি এখানে প্রদর্শন করবেন না। তাঁর সঙ্গে গলা মেলালেন আমিনুল ইসলাম, রশিদ চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, আবদুর রাজ্জাকসহ অন্য শিল্পীরাও। সবার একই কথা, এই পরিস্থিতিতে কিছুতেই প্রদর্শনীর উদ্বোধন হতে পারে না। মুর্তজা বশীর এবং আরও কয়েকজন প্রদর্শনকক্ষে গিয়ে নিজেদের ছবি দেয়াল থেকে নামিয়ে নিয়ে এলেন। প্রদর্শনী বন্ধ করা হলো।

আবদুর রাজ্জাকের সঙ্গে রিকশায় বশীর রওনা দিলেন বাড়ির দিকে। সাদা পায়জামা ও চকলেট রঙের শার্টের বুকে আবুল বরকতের তাজা রক্ত। এর চেয়ে মহৎ চিত্রকর্ম আর কী হতে পারে! পিতা জ্ঞানতাপস ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ কনিষ্ঠ পুত্রের অপেক্ষায় ঘরে পায়চারি করছিলেন। বাড়ির দরজায় পুত্রকে সারা দিন পর দেখে রেগে গেলেন। ধমক দিলেন। অভিমানে পুত্র তাঁর হাতের মুঠোয় রাখা শহীদ আবুল বরকতের তাজা রক্তমাখা রুমালটি মেলে ধরলেন। মুহূর্তেই পরিবেশটি আগাগোড়া পাল্টে গেল।
মারা গেছে কেউ? জানতে চাইলেন তাঁর পিতা। তিনি মাথা নাড়ালেন। ঘর থেকে যখন বেরিয়ে আসছিলেন বশীর। ডক্টর শহীদুল্লাহ বললেন, ‘দাঁড়াও।’ তাঁর মাকে বললেন, ‘আমার কালো আচকানটা কই?’ চামড়ার স্যুটকেস থেকে বের করে দিলেন তাঁর কালো আচকানটি। সেটা নিয়ে নিজেই দাড়ি ছাঁটার ছোট কাঁচি দিয়ে নিচের অংশের একটি টুকরো কেটে পুত্রের দিকে হাত বাড়িয়ে বললেন, ‘আমার হাতে বেঁধে দাও।’ শহীদের রক্তাক্ত রুমালের বিনিময়ে মুহম্মদ শহীদুল্লাহর নীরব প্রতিবাদ শুধু কালো ব্যাজ ধারণ করার মধ্যে আটকে থাকেনি। এই ‘কালো ব্যাজ’ পরবর্তী সময়ে জাতীয় ঘৃণা ও প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে।
মুর্তজা বশীর কারাবরণ করেছিলেন সেই ১৯৫০ সালের ৭ জুন। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন সে বছরের অক্টোবরে। একই কারাগারে ছিলেন আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দীন, কমরেড আলী আকসাদ ও কৃষক-শ্রমিক নেতা মনু মিয়া। তাঁদের সংস্পর্শে বশীর আরও বাম রাজনীতি-ঘনিষ্ঠ হয়ে ওঠেন। শিল্পী হওয়ার কোনো ইচ্ছা ছিল না।
তবে বশীরের সৃষ্টিকর্মের ধারাবাহিকতা নিরীক্ষা করে এমন সিদ্ধান্তে আসা যায়, সামাজিক ও রাজনৈতিক দায়বদ্ধতা তাঁর শিল্পকলার অন্যতম প্রবাহ। তিনি সব সময় নতুন নতুন ভাষার সন্ধান করেছেন। নিজেকে নবায়ন করেছেন প্রতিনিয়ত, দায়বদ্ধতার কঠিন সংযমে।
২১ ফেব্রুয়ারি ১৯৫২-তে বাতিল হয়ে যাওয়া ঢাকা আর্ট গ্রুপের দ্বিতীয় প্রদর্শনীতে মুর্তজা বশীরের একটি ছবি ছিল ‘রক্তাক্ত একুশে’ শিরোনামে। ভাষা আন্দোলনকে অবলম্বন করে বিজন চৌধুরী (পরে তিনি ভারতে চলে যান) ছাড়া বাংলাদেশের কোনো শিল্পী ছবি আঁকেননি। আমিনুল ইসলাম বলেছেন, তিনি নাকি একটি ছবি এঁকেছিলেন। ছাপার জন্য দেওয়ার পর আর ফেরত পাননি। ছবিটি দেখার সুযোগ আমরা পাইনি।
মুর্তজা বশীর ১৯৫২ সালে ভাষা আন্দোলন নিয়ে ছয়টি ড্রয়িং করেন। হাসান হাফিজুর রহমান সম্পাদিত একুশে ফেব্রুয়ারি সংকলনে ১৯৫৩ সালে সেগুলো প্রকাশিত হয়। ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধকে বাঙালিদের নিয়তি করে তুলেছিল। চিত্রশিল্পীদের মধ্যে এখানে বশীর অন্যদের চেয়ে সরব, দ্বিধাহীন ও বলিষ্ঠ। একুশের চিত্রের সন্ধান করতে হলে বশীরের কয়েকটি চিত্রের সামনে আমাদের থমকে দাঁড়াতে হয়। ১৯৫২-র এপ্রিলে সম্ভবত তিনি দুটো লিনোকাট করেছিলেন। ছবিগুলো তাৎক্ষণিকভাবে সাধারণ মনে হলেও এর বক্তব্য সত্য সুদূরপ্রসারী। একুশের রক্তাক্ত ইতিহাসের মর্ম নিবিড়ভাবে জড়িয়ে আছে এ ছবিগুলোয়। শিল্পকর্মের মানের চেয়েও এর ঐতিহাসিকতার গুরুত্ব এখানে অনন্য।
১৯৭১ সালে মার্চ মাসেরও মাস আগে বশীর এঁকেছেন শহীদ মিনারের সামনে পরাজিত মুখ থুবড়ে থাকা এক দানবদেহী ডাইনোসরের ছবি। এই চিত্রটির ব্যাখ্যার প্রয়োজন হয় না। বায়ান্নতে আঁকা তাঁর একুশের ড্রয়িংগুলোর মতো একাত্তরের ফেব্রুয়ারিতে আঁকা এসব ড্রয়িংও প্রায় একই মেজাজের, সাদা-কালো। একুশকে নিয়ে তাঁর কোনো রঙিন চিত্রকর্ম কেন নেই, তা না ভেবে পারা যায় না।
এত বছর পরও কালো রেখাগুলোর ভীতসন্ত্রস্ত, বলিষ্ঠ ও প্রতিবাদী মুখগুলো স্মরণ করিয়ে দেয় সে সময়ের ভয়াবহ পরিস্থিতিকে। ভাষার জন্য প্রাণ দেওয়া পৃথিবীর প্রথম শহীদ আবুল বরকত, তাঁর রক্তাক্ত রুমাল আর মুর্তজা বশীরের আঁকা ড্রয়িংগুলো আমাদের অহংকারের ঠিকানা হয়ে যায়।
এমন সব ঘটনার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দীর্ঘকাল শিল্প সাধনার সুদূর পথটি মাড়িয়ে কখন যে তিনি আমাদের ভাষা আন্দোলনের আইকন হয়ে উঠেছেন, সে কথা ভেবে ব্যাকুল হই। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির তিনি শুধু প্রত্যক্ষদর্শী নন, এক জীবন্ত ধারাভাষ্যকারও।