কবিতা

আল মাহমুদ
তোমাকে হারিয়ে কুড়িয়ে পেয়েছি
কত কিছুই তো হারিয়ে গিয়েছে, পাইনি খুঁজে
খুঁজতে খুঁজতে নিজেই কখন গিয়েছি হারিয়ে
এখন খুঁজে পাব কি তোমাকে?
পথে প্রান্তরে হারিয়ে যাওয়াটা লজ্জার বটে
লজ্জার পরে যা কিছু ঘটে, সেটা অকপটে
বলতে চাইছি, বলতে গেলেই চলতে হবে
এটাই নিয়তি; আমি দ্রুতগতি, খুঁজতে বেরিয়ে
পেয়েছি তোমাকে। তুমি ছাড়া আর বাদ দিতে গিয়ে
দেখছি কী থাকে। ‘কিছুই থাকে না’—এটা বলব না
থাকে তো বটে। কথা অস্ফুটে বলতে পারাটা
অবশিষ্ট কি? আমি হাতে নিয়ে তাকিয়ে দেখছি
নেই কিছু নেই। আবার তোমাকে ফিরিয়ে দেওয়ার
ইচ্ছেও নেই। কী দেব ফিরিয়ে। দেওয়ার কিছুই
নেই তো সেখানে। এর মানে তুমি
বুঝে নিও নিজে। একটা পিরিচে সিদ্ধ ডিমের
শোভার মতন, করে গমগম—উষ্ণ খাদ্য
আমার সাধ্য, থাকলে আমি খাব সে খাদ্য
কি প্রতিপাদ্য, আছে বাকি বলো
আঁখি ছলো ছলো; ভালোবাসি আমি
তোমাকেই জানি, প্রেম–ভালোবাসা তোমাকেই মানি
জানি শুধু জানি, তুমি আছো পাশে
বাংলাদেশের ঘাসের শেমিজে।
ফরিদ কবির
ছায়া ও প্রচ্ছায়া
আমার ছায়াকে নিয়ে ভয়ানক বিপদে পড়েছি
সঙ্গে থাকে না কিছুতেই, যথা ইচ্ছা যায়
আমি থাকি ছায়াহীন, ঘুরি তার পেছনে পেছনে...
কখনো কখনো দেখি, ছায়ারই দাপট
আমার অলক্ষ্যে দেখি, চলে যায় এখানে সেখানে
এমনকি অস্ত্র হাতে তাকে দেখা যায় শাহবাগে
তুমিও একদিন বলেছিলে—
আমার চাইতে
আমার ছায়াই নাকি বেশি পারদর্শী, বিছানায়!
মনে হয়, ধীরে ধীরে ছায়াই আসল হয়ে উঠছে!
আমি তার নিষ্কর্মা প্রচ্ছায়া!
আজ সে কোথায় গেল!
সারা দিন তার কোনো হদিস পাচ্ছি না...
তোমার ছায়ার সঙ্গে ছদ্মবেশে মিশে আছে কি না
কে বলতে পারে!
আলতাফ হোসেন
দৃশ্য
রাতগুলি ফুরিয়ে যেতে যেতে
আসবে কি আর
তত দিনে নাম ধরে ডাকাও ভুলে যাচ্ছে অন্যেরা
ডাকছে কখগ বলে
বিস্মৃতির মৌসুম হাসছে দাঁত কেলিয়ে
একেকটি ঘণ্টা বাজে আর শুরু হয় নতুন উপায় বাতলানো
শেষটায় এমন যে বাচ্চারা শোরগোল থামিয়েছে
কান আর উৎসুকও নয়
এত নরম সুরে কথা কারা বলেই চলেছে
ডোরাকাটা পায়জামা-জামা পরে ছেলে দুটো ঢুকেছে চুল্লিতে
এই দৃশ্য দেখে রাত আচমকা থির
গুুলতেকিন খান
গ্যালিলিও
মানুষের যত প্রশ্ন ততটি উত্তর
যদি তুমি দিতে গ্যালিলিও,
আরও দ্রুত ফিকে হতো ঘোর অন্ধকার,
রুপোলী জ্যোৎস্নার শান্তি দীর্ঘতর হতো।
রক্তচক্ষু কার্ডিনাল, ইনকুইজিশনের বেড়ি,
পারে না নামাতে মাথা, যুক্তি-সংখ্যার।
মানুষ বোঝে না: কেন্দ্রে থাকার গ্লানি
সত্যকে মুছে দিতে পারে না কখনো।
দূরতম তারাটির আলো ছায়াপথ বেয়ে এসে
আমাকেও ছোট করে দেবে।
আমি তো মাটির ঢ্যালা,
অহংকার সাজে না আমার।
চূড়ায় বসিয়ে তাকে করেছ মধ্যমণি, তবু
তোমার প্রজ্ঞার কাছে সূর্যকে ম্লান মনে হয়।
মজনু শাহ
ভুতুড়ে মাঠে
আবার এসেছি সেই ভুতুড়ে মাঠে। কিছুক্ষণ বসব।
আমের মুকুল ঝরেছে অনেক। গাধার পিঠে যিনি এখন মাঠ
পেরোলেন, উনি যিশুর সাঙাত নন। তার পিছে খুব নিস্পৃহ ভঙ্গিতে
হেঁটে গেল এক অচেনা বৌদ্ধ শ্রমণ। আমি তার ভিক্ষাপাত্র
হতে পারতাম। বা তাকে অনুসরণ করা কোনো পাখি।
কারও গানহারা এক পাখি হতে পারতাম যদি সন্ধেবেলা!
দশ পাল্লা ঘুম জেগে উঠছে আমার ভিতরে।