প্রথম পর্বের প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পলাশি ব্যারাক, ১৯৫০–এর দশকে
পলাশি ব্যারাক, ১৯৫০–এর দশকে

উর্দুভাষী ‘গুন্ডাদের’ কর্মকাণ্ড সম্পর্কে পলাশি ব্যারাকস ওয়েলফেয়ার কমিটির ভাষ্য
ভূমিকা: মুহাম্মদ লুৎফুল হক
১৯৪৭ সালের দেশভাগের আগেই সম্ভাব্য রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রভাষা নিয়ে বিতর্কের সূত্রপাত ঘটে। পাকিস্তানের নীতিনির্ধারকেরা রাষ্ট্রভাষা হিসেবে এককভাবে উদুর্র পক্ষে মত দেন। বিপরীতে দেশের সংখ্যাগরিষ্ঠ বাঙালি উদুর্র পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে দাবি করে।
দেশভাগের পর সরকার বলপ্রয়োগ করে উদুর্কে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। ঢাকাসহ সারা পূর্ব বাংলায় বাঙালি জনতা প্রতিবাদমুখর হয়ে ওঠে। বাংলা ভাষার পক্ষে জনসমর্থন বাড়তে থাকে। ১৯৪৭ সালের ১২ ডিসেম্বর বাংলা ভাষার সপক্ষে আন্দোলনরত ছাত্র-জনতাকে স্তব্ধ করার জন্য পুরান ঢাকার একটি উদুর্ভাষী গোষ্ঠীর সদস্যরা পলাশী ব্যারাক ও আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল (বর্তমানে বুয়েট) হোস্টেলে হামলা চালায়। এ সময় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কার্যালয়ের বাঙালি কর্মচারীরা পলাশী ব্যারাকে বসবাস করতেন। তাঁরা বাংলা ভাষার পক্ষে খুব সোচ্চার ছিলেন।
সরকারি ভাষ্য অনুযায়ী এই হামলায় ২০ জন আহত হন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পরদিন ‘পলাশি ব্যারাক ওয়েলফেয়ার কমিটি’র পক্ষ থেকে পূর্ব বাংলার মুখ্য সচিবের কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। তাতে সেই হামলার বর্ণনা দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তারা অনুরোধ জানান। প্রতিবেদনটি লেখা হয়েছিল ইংরেজিতে। নিচে তার বাংলা ভাষান্তর প্রকাশ করা হলো।

পলাশি ব্যারাকস ওয়েলফেয়ার কমিটি
(পূর্ববঙ্গ সরকার কতৃর্ক নিবন্ধিত)
শুক্রবার ১২ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে প্রায় ৪০ জন মানুষ ‘মুকুল’ নামে একটি বাসে চেপে মুসলিম হলের দিক থেকে পলাশি ব্যারাকের দিকে আসে। বাসটিতে দুটো মাইকও লাগানো ছিল। বাসটি ব্যারাকের পুবদিকের ফটকে এসে দাঁড়ায়। আর যাত্রীরা নিচের স্লোগানগুলো দিতে শুরু করে:
‘রাষ্ট্র ভাষা উর্দু চাই—
উর্দু ভাষার বিরোধীরা কাফের—
এই কাফেরদের সায়েস্তা করতে হবে।’
স্লোগানের শব্দ শুনে ব্যারাকের কিছু বাসিন্দা ফটকের কাছে এসে জড়ো হয়। ব্যারাকের দিক থেকে একটি অপরিচিত কণ্ঠে স্লোগান ভেসে আসে, ‘রাষ্ট্রভাষা বাংলা হবে।’ এরপর বাস থেকে হকিস্টিক, চাকু ও লোহার রড নিয়ে নেমে গুন্ডারা ব্যারাকের বাসিন্দাদের ওপর হামলা চালায়। ফলে বেশ কিছু মানুষ আহত হয়। তারপর গুন্ডারা কিছুক্ষণের জন্য খানিকটা দূরে সরে যায়। এরপর তারা আবারও ইট-পাটকেল ছুড়ে কিছুক্ষণ ধরে হামলা চালিয়ে চলে যায়। ইতিমধ্যে প্রকৌশল হোস্টেল থেকে লালবাগ থানায় ফোন করে সাহায্য চাওয়া হয়।
দুপুর দেড়টার দিকে গুন্ডারা দত্ত বাগানের দিক থেকে এসে আবারও হামলা চালায়। এবারও তারা ‘মুকুল’ নামে ওই বাসটিতে চেপে আসে। বাসের পেছনে ছিল একটি ট্রাক। এবার তারা পলাশি ব্যারাক ও প্রকৌশল কলেজের প্রধান হোস্টেলে একযোগে হামলা চালায়। হামলায় যারা আহত হয়েছেন, তাদের একটি তালিকা নিচে দেওয়া হলো। হামলার সময় তারা ব্যারাক ও হোস্টেলে লুটপাট চালায়। তারা মূলত সেখান থেকে কাপড়, তৈজসপত্র ও গৃহ সরঞ্জাম লুট করে। হামলার সময় প্রকৌশল কলেজের ভাইস প্রিন্সিপালের স্ত্রী মারাত্মকভাবে আহত হন।
হামলাকারী গুন্ডাদের মধ্যে দুজনের গায়ে ন্যাশনাল গার্ডের ইউনিফর্ম ছিল। আর দুজন পলাশি ব্যারাকের সামনে সিটি সড়কের দিকে দোকান চালাতেন। এরা দুজন দোকান বন্ধ করে দিয়েছেন, কিন্তু আশপাশের দোকানিদের কাছ থেকে খবর নিয়ে তাদের খুঁজে বের করা সম্ভব।
শেষের হামলাটির স্থায়িত্ব ছিল এক ঘণ্টারও বেশি। ট্রাকে করে আসা গুন্ডাদের নিজেদেরই এক সদস্য তাদের সতর্ক করে দেওয়ায় আড়াইটার কিছু পরে সেখান থেকে তারা সটকে পড়ে। তারা চলে গেলে তিন-চারজন পুলিশ একজন ইউরোপীয় কর্মকর্তার সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনে আসেন। সেখানে কিছু তদন্ত করেন। গুন্ডাদের একজন আবার চুপি চুপি জনতার মাঝখানে মিশে ছিলেন। লোকে তাকে চিনিয়ে দিলে পুলিশ দৃশ্যত ওই গুন্ডাকে নিজের হেফাজতে নিয়ে নেয়। পুলিশ চলে যাওয়ার পর এসপি গফুর সশস্ত্র পুলিশ নিয়ে এসে বাসিন্দাদের ধাওয়া দিয়ে প্রহার করেন। তিনি কোনো তদন্ত না করেই চলে যান এবং যাওয়ার সময় বিনা কারণে ব্যারাকের ১৩ জন বাসিন্দাকে ধরে নিয়ে যান।
গুন্ডাগিরি এরপরও চলতে থাকে। সেদিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশের কন্ট্রোলার অব প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি বিভাগের সহকারী মফিজ কাজী তালুকদার [...] আলী চকবাজার থেকে ফিরছিলেন। সশস্ত্র গুন্ডারা চাকু হাতে তাকে ধাওয়া করে। জায়গাটা ছিল উর্দু রোডের ম্যাটারনিটি হোমের কাছাকাছি। গুন্ডারা তাকে ধরে টানতে টানতে পাশের একটি গলিতে নিয়ে যায়। গুন্ডারা যখন জানতে পারে তিনি পলাশি ব্যারাকের লোক নন, তখন তাকে ছেড়ে দেয়। ১৩ তারিখ সকালে অনেক সরকারি কর্মকর্তাকে চকবাজারের আশপাশে হেনস্তা করা হয়। পলাশি ব্যারাকে বসবাসরত ওএজিপিটির সহকারী মৌলভী মইনউদ্দিন চৌধুরী কেন্দ্রীয় কারাগারের পাশে কিছু ষণ্ডার হাতে ধরা পড়েন। তবে গুন্ডাদের তিনি ভুল ঠিকানার কথা বলে তাদের হাত থেকে নিষ্কৃতি পান।
বিশেষ দ্রষ্টব্য: ১২ ডিসেম্বর ১৯৪৭ তারিখে যে গুন্ডারা ব্যারাকে হামলা করেছিল, তাদের একজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। তার নাম একবাল হোসেন। তিনি তেজগাঁও ওয়ার্কশপে ফিটার হিসেবে কাজ করেন। পলাশি ব্যারাকের ১৬ নম্বর ব্লকের ৮ নম্বর কক্ষে তিনি থাকতেন। তার গতিবিধি এখনো সন্দেহজনক। তাকে এখনই পাকড়াও করতে হবে।
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিএস-এর মাধ্যমে মুখ্য সচিবের কাছে পেশ করা হলো।

মো. নুরুল হক
সভাপতি, পলাশি ব্যারাক ওয়েলফেয়ার কমিটি
১৩.১২. ৪৭.

কে হালিমুজ্জামান
সাধারণ সম্পাদক, ইস্ট বেঙ্গল সেক্রেটারিয়েটস অ্যাসোসিয়েশন
১৩.১২. ৪৭.

এই পত্র সিএস, ডিএম ও এসপিকে দেখানো হয়েছে।
তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে একটি কপি আইজিপির মাধ্যমে এসপিকে পাঠানো হয়েছে।
ডিএসজেড মহোদয়কেও এই পত্র দেখানো যেতে পারে।

১২ ডিসেম্বর ১৯৪৭ তারিখে গুন্ডাদের হাতে প্রহৃত পলাশি ব্যারাকের বাসিন্দাদের তালিকা
১. মো. আলি, এইজিবির কর্মী, বয়স ২৮, দ্বিতীয় হামলার সময় অফিসে যাওয়ার উদ্দেশে বের হয়ে হাঁটুতে ইটের আঘাতে আহত হয়েছেন।
২. মো. নূরুল ইসলাম, অর্থ বিভাগের কর্মী, বয়স ২০, জুমার নামাজে যাওয়ার সময় ইটের আঘাতে চোখের নিম্নাংশের হাড়ে আঘাত পেয়েছেন।
৩. বদিউল আলম, ৮ নম্বর ব্লকের বাবুর্চি, বয়স ১৫, বাজারে যাওয়ার সময় ইটের আঘাতে পায়ের পাতায় আঘাত পেয়েছেন।
৪. ইসহাক খান, এজিইবির কর্মী, বয়স ২৭, বাজার থেকে ফেরার সময় দ্বিতীয় হামলায় হকিস্টিকের ঘায়ে কপালে আঘাত পেয়েছেন।
৫. লুৎফর রহমান, বয়স ২৩,৭ নং ব্লকের বাবুর্চি, বাজারে যাওয়ার সময় ইটের আঘাতে বাম হাতে ব্যথা পেয়েছেন।
৬. শেখ জানে আলম, অর্থ বিভাগের হিসাবরক্ষক, ব্লক ৬, জঙ্ঘায় আঘাত পেয়েছেন।
৭. সিকান্দার আলি, সিটিও অফিস থেকে ফেরার সময় কপালে লাঠির আঘাতে ব্যথা পেয়েছেন।
৮. খন্দকার আবুল হোসেন, পিএমজির কার্যালয়, অফিস থেকে ফেরার সময় টেকো মাথায় আঘাত পেয়েছেন।
৯. এ এফ এম নুরুল ইসলাম, পিএম ৩, অফিস থেকে ফেরার সময় জঙ্ঘায় ইটের আঘাত পেয়েছেন।
১০. আবদুল মান্নাফ, ১১ নং ব্লকের বাবুর্চি, বাজারে যাওয়ার সময় মাথায় ইটের আঘাত পেয়েছেন।
১১. আলি আহমেদ, ১০ নং ব্লকের বাবুর্চি, বাজার থেকে ফেরার সময় কনুইয়ে আঘাত পেয়েছেন।
১২. নোয়াব আলি, ৫ নং ব্লকের বাবুর্চি, বাম পায়ে ইটের আঘাত পেয়েছেন।
১৩. ফজলুর রহমান, হাই কোর্টের কর্মী, বাম পায়ে ইটের আঘাত পেয়েছেন।
১৪. মো. মোজাফফর, পি. এস. সি, ডান হাতের তর্জনীতে লাঠির আঘাত পেয়েছেন।

প্রকৌশল কলেজের হোস্টেল
১. নোয়াব আলি, দ্বাররক্ষী, পলাশি ব্যারাক (প্রকৌশল ফটক)
২. সাঈদ আহমেদ, প্রকৌশল স্কুলের প্রথম বর্ষের ছাত্র
৩. মেসবাহ্ উদ্দিন আহমেদ...
এবং আরও অনেকে
অনুবাদ: প্রতীক বর্ধন