ভাষা আন্দোলন: ইতিহাস ও তাৎপর্য বইটি নিয়ে কথা বলেছেন বইয়ের অন্যতম লেখক আহমদ রফিক। সাক্ষাৎকার নিয়েছেন জাহীদ রেজা নূর

জাহীদ রেজা নূর: ভাষা আন্দোলন: ইতিহাস ও তাৎপর্য—এই বই আপনারা লিখেছেন দুজনে মিলে—আবদুল মতিন ও আপনি। কেন বইটি লেখার তাগিদ অনুভব করলেন?
আহমদ রফিক: এই বই লেখার তাগিদ অনুভব করলাম এই জন্য যে ভাষা আন্দোলন নিয়ে ঘটনার শেষ নেই। ভাষা আন্দোলন নিজেই যেমন অঘটনঘটনপটীয়সী, তেমনি সময় যত গেছে, ভাষা আন্দোলন নিয়ে আমরা নিজেরাই বিতর্কের সৃষ্টি করেছি। যেমন, কমিউনিস্ট পার্টির ভূমিকা নিয়ে। একইভাবে তমদ্দুন মজলিশের ভূমিকা নিয়ে, শহীদদের সংখ্যা নিয়ে, তাঁদের পরিচিতি নিয়ে, ২১ ও ২২ ফেব্রুয়ারি বিষয়ে বিভিন্নজনের লেখায় তথ্যবিকৃতি আছে। এগুলোর বেশির ভাগকেই আমি ইচ্ছাকৃত বলব না, বলব স্মৃতিভ্রম। তমদ্দুন মজলিশের মুখপত্র সৈনিক আমি দেখেছি, তাতে আছে অসম্ভব আবেগাশ্রিত প্রতিবেদন, এর মধ্যে প্রচুর ভুল। যেমন, সম্ভবত ১৯৫৩ সালের ফেব্রুয়ারি বিশেষ সংখ্যায় লেখা হয়েছিল, আবুল বরকতের বুক ছিদ্র করে গুলি চলে গেল। এই ধরনের বিষয় হলে পরবর্তীকালের ইতিহাস রচনার জন্য অসুবিধার সৃষ্টি হয়। একটি অবিকৃত, প্রশ্নাতীত ইতিহাস আমাদের যেমন দরকার ভাষা আন্দোলনের জন্য, তেমনি দরকার মুক্তিযুদ্ধের জন্য।
বদরুদ্দীন উমর ও বশীর আল্হেলাল ভাষা আন্দোলনের ওপর যে সংক্ষিপ্ত ইতিহাস লিখেছেন, তার বাইরেও কিন্তু অনেক ঘটনা আছে। এখন ঢাকার বাইরের ভাষা আন্দোলন নিয়ে লিখতে গিয়ে আমি বিস্মিত হচ্ছি, জেলা শহর, মহকুমা শহর, থানা শহর এমনকি শিক্ষায়তনকেন্দ্রিক গ্রাম পর্যন্ত এই আন্দোলনে প্লাবিত হয়েছিল।
জাহীদ:হ্যাঁ, আপনার বইয়েই আছে, ২১ ফেব্রুয়ারি ঢাকায় শিক্ষায়তনের ভেতরেই সীমাবদ্ধ ছিল আন্দোলন, কিন্তু ঢাকার বাইরে ছিল তা স্বতঃস্ফূর্ত। হরতাল পালন হয়েছে বিভিন্ন জেলা শহরে...
রফিক: শুধু জেলা পর্যায়ে নয়, মহকুমা, থানা এমনকি কোথাও কোথাও গ্রাম পর্যন্তও ছিল। এখন তোমাদের প্রথম আলোতে লিখতে গিয়ে লক্ষ করছি, স্কুলের ছাত্ররাও সংগ্রাম কমিটির আহ্বায়ক হয়েছিল! স্কুলপর্যায়ের ছাত্ররা কিন্তু সবচেয়ে বেশি মাত্রায় আন্দোলনকে সহযোগিতা করেছে। কারণ হলো, তখনকার দিনে মহকুমা বা থানা শহরে কলেজ ছিল না, তাই আমি যখন বলি এই আন্দোলন গ্রাম পর্যন্ত বিস্তৃত, তাহলে এর নায়ক কারা? স্কুলের ছাত্ররাই। বেশ কয়েক জায়গায় মাইনর স্কুলের ছাত্ররাও আহ্বায়ক হয়েছিল। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছে, যে প্রশ্নগুলোর জবাব দেওয়া হয়নি, নতুন করে প্রশ্নের উদ্ভব ঘটেছে বা বিস্মৃতির কারণে বিকৃতি হয়েছে কিংবা কোথাও উদ্দেশ্যমূলকভাবে একটা বিশেষ দলকে প্রাধান্য দেওয়ার জন্য ইতিহাস বিকৃত করা হয়েছে বা হচ্ছে, এসব কারণে ভাষা আন্দোলন: ইতিহাস ও তাৎপর্য রচনার পরেও এ বিষয়ে আমি আরও বই লিখেছি। লিখেছি সব ধরনের বিকৃতির জবাব দেওয়ার জন্যই।

জাহীদ: আমি ভাষা আন্দোলনের বইপত্র ঘাঁটতে গিয়ে দেখেছি, দু-একটি ব্যতিক্রম বাদে আশির দশকের আগ পর্যন্ত কেউ ভাষা আন্দোলন নিয়ে খুব একটা লেখালেখি বা স্মৃতিচারণা করেননি। প্রায় ৩০ বছর পর স্মৃতিচারণা করতে গিয়েই কি কোনো ঘটনায় নিজে ছিলেন, কোনোটা শুনেছেন, কিন্তু পরে ভেবেছেন, তাতে তিনি নিজেও যুক্ত ছিলেন। এ রকম কি হতে পারে না?
রফিক: এ রকমটাই হয়েছিল। স্মৃতি ঝাপসা হয়ে গেছে, কল্পনাও যুক্ত হয়েছে। ভাষা আন্দোলন নিয়ে আমার দুঃখ, প্রতিটি রাজনৈতিক দলের নেতারা স্বীকার করেন, ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতাসংগ্রামের বীজতলা। কিন্তু সেই ভাষা আন্দোলন নিয়ে ইতিহাস-সচেতনতার পরিচয় দিতে আমরা ব্যর্থ হয়েছি। যেমন সরকারি পর্যায়ে, তেমনি বেসরকারি পর্যায়ে। প্রথম আলো যেমন ভাবল, ঢাকার বাইরের আন্দোলনগুলো নিয়ে লেখা হোক। এই ভাবনাটা যদি বিগত শতাব্দীর পঞ্চাশের দশকেরই কারও মাথায় আসত, তাহলে সজীব মানুষের সাক্ষ্যই পাওয়া যেত, ফসিলের সাক্ষ্যের দরকার পড়ত না; এবং সেটা হতো অনেক বেশি তথ্যভিত্তিক। আমরা তা করিনি আমাদের ইতিহাসচেতনার অভাব থেকে।
জাহীদ:কেন আমরা তা করলাম না বা পারলাম না?
রফিক: একটু অপ্রাসঙ্গিক হলেও বলি, কয়েক দিন আগে একজন আমাকে বলেছিল, আপনি কমিউনিস্ট পার্টির ইতিহাস রচনা করেন না কেন? আমি বলেছি, তথ্যের বড় অভাব। তথ্য ছাড়া যা লিখব, তা তো সঠিক হবে না। দেখো চিন্তা করে, এত বড় একটা আন্দোলন করল বামপন্থীরা সেই পঞ্চাশ দশক থেকে, কিন্তু তার কোনো তথ্যভিত্তিক ইতিহাস নেই! ভাষা আন্দোলন আমাদের ভাষা, সাহিত্য ও রাজনীতির জগতে বাঁকফেরা পরিবর্তন ঘটিয়েছে। এমন একটি আন্দোলনের ইতিহাসটা আমরা ধরে রাখলাম না। সাহিত্যকর্মে অভ্যস্ত যাঁরা তখন আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন, তাঁরা কি এটা করতে পারতেন না? করেননি। রাজনীতির ক্ষেত্রেও তাই। দেখো না, জওহর লাল নেহরু ডিসকভারি অব ইন্ডিয়া লিখলেন, গান্ধিজি লিখলেন মাই এক্সপেরিয়েন্স উইথ ট্রুথ, রাজেন্দ্র প্রসাদ তাঁর আত্মজীবনী লিখলেন, এ রকম আরও কয়েকজনের স্মৃতিচারণামূলক লেখা আছে। তার মধ্যে ইতিহাসের অনেক উপাদান আছে। আমাদের ফজলুল হক সাহেব একটি অসাধারণ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী, উচ্চশিক্ষিত। তিনি কি লিখতে পারতেন না? লিখলেন না। সোহরাওয়ার্দী সাহেব লিখলেন না। মাওলানা ভাসানীর লেখার প্রশ্ন আসে না, কারণ তাঁর কিছু সীমাবদ্ধতা ছিল। এদিক থেকে বিবেচনা করলেও দেখা যায়, আমরা কতটা ইতিহাস অসচেতন সম্প্রদায়! সেই কারণে ভাষা আন্দোলনের ইতিহাস যথার্থ মাত্রায় সঠিকভাবে লেখা হয়নি। যেগুলো লেখা হয়েছে, তা আসলে সংক্ষিপ্ত ইতিবৃত্ত, ইতিহাস নয়। এর বাইরেও বহু ঘটনা আছে, যে ঘটনাগুলো হয়তো অ্যাকাডেমিক ইতিহাসে আসে না, কিন্তু জাতীয় ইতিহাসে আসে। কিছুদিন পর আমরা চলে গেলে সেগুলো তো হারিয়ে যাবে। এসব নানা কারণ মিলে আমার মনে হয়েছে, যতটুকু সম্ভব, লিপিবদ্ধ করে রাখি।
জাহীদ: ইতিহাস সমৃদ্ধ করার জন্য আর কিছু কি করছেন এখন?
রফিক: এ বছর আমি একটা বই লিখেছি—একুশের দিনলিপি। মাত্র ২৩২ পৃষ্ঠার বই। দিনলিপির মতো করে ১৯৫২ সালের পুরো ফেব্রুয়ারি মাসের কথা লিখেছি। ওই মাসে প্রতিটি দিন কী ঘটেছিল, তা লিখেছি তারিখ দিয়ে। সূত্র ও উৎস হলো, নিজের অভিজ্ঞতা, নির্ভরযোগ্য স্মৃতিচারণাগুলো এবং পত্রপত্রিকার প্রতিবেদন, যেসব পত্রপত্রিকার গ্রহণযোগ্যতা আছে। সেই সঙ্গে যুক্ত করেছি প্রতিটি শহীদ দিবসের ঘটনা—১৯৫৩ থেকে ১৯৭৫ পর্যন্ত।
জাহীদ: ভাষা আন্দোলন আমাদের সংস্কৃতিতে কতটা প্রভাব রেখেছে?
রফিক: ভাষা আন্দোলন আমাদের সাহিত্য-সংস্কৃতিতে অসাধারণ প্রভাব বিস্তার করেছিল। হাসান হাফিজুর রহমান ও ডি এ রশীদের সংকলন ছাড়াও ১৯৫২-এর আগস্টে কুমিল্লায় একটি সাংস্কৃতিক সম্মেলন হয়। আমরা গিয়েছিলাম সেখানে। সেখানে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, শেখ লুৎফর রহমানের সেই বিখ্যাত গান ‘জাগিয়ে দাও জাগিয়ে দাও’, এ ছাড়া লোকসংগীত থেকে শুরু করে লোকজ উপাদানসমৃদ্ধ বহু সাংস্কৃতিক কর্মকাণ্ড, আবদুল করিম সাহিত্যবিশারদের অসাধারণ বক্তৃতা—এই সব মিলেই একটি প্রগতিশীল গণতান্ত্রিক এবং লোকসংস্কৃতিভিত্তিক সম্মেলন তৈরি হয়েছিল, যা দ্বিজাতিতত্ত্বভিত্তিক চিন্তার ঠিক বিপরীত। বলার অপেক্ষা রাখে না, এটা ভাষা আন্দোলনের দান। ভাষা আন্দোলন সাহিত্যে যেমন গুণগত প্রভাব ফেলল, তেমনি ফেলল রাজনীতিতেও।