আরও বড় সাফল্য আসবে

এবার জাতীয় গণিত উৎসব এক দিনে সীমাবদ্ধ রাখতে হয়েছে। প্রশ্নোত্তর পর্ব হতে পারেনি। আমি ভাবছিলাম এক মিনিট কথা বলার পর্বে সারা দেশ থেকে বাছাই করে আনা সেরা শিশু-কিশোর গণিতবিদদের একটা প্রশ্ন করব। সেটা হলো, পৃথিবীর ঠিক উত্তর মেরুবিন্দুতে দাঁড়িয়ে পূর্ব দিকে যাবে কীভাবে? আমি নিশ্চিত, কেউ না কেউ সঠিক উত্তরটি দিতে পারত। ব্যাপারটা কঠিন। কারণ, ঠিক উত্তর মেরু থেকে সোজা, ডানে, বাঁয়ে বা পেছনে, যেদিকেই পা বাড়াই না কেন, সেটা ঠিক দক্ষিণ দিকেই যাবে। তাহলে পূর্ব দিকে কি যাওয়া যাবে না? যাবে। বুদ্ধিমান হলে সে প্রথমে যেকোনো দিকে কয়েক পা এগিয়ে যাবে। তারপর বাঁ দিকে হাঁটা শুরু করলেই সে পূর্ব দিকে যেতে পারবে।
এবার গণিত উৎসবে কয়েকটি জেলায় তরুণ শিক্ষার্থীদের অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিতে দেখেছি। গণিত উৎসব ও অলিম্পিয়াড তাদের টেনে এনেছে বিজ্ঞান ও প্রযুক্তির অঙ্গনে। আগামী দিনের বিজ্ঞানীরা প্রস্তুত হচ্ছে আজকের গণিত উৎসবের মধ্য দিয়ে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় বাংলাদেশ দল এবার আরও ভালো করবে, নিশ্চয়ই।
সহযোগী সম্পাদক, প্রথম আলো