আলোয় রাঙা গণিতের জয়োৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরু হওয়ার আগে শিক্ষার্থীদের অঞ্চলভিত্তিক সমাবেশ
শুরু হওয়ার আগে শিক্ষার্থীদের অঞ্চলভিত্তিক সমাবেশ

বাংলাদেশ গণিত দলের কোচ ড. মাহবুব মজুমদার ২০০৫ সাল থেকে আমাদের সঙ্গে কাজ করছেন। তাঁর উৎসাহ ও অনুপ্রেরণায় আমাদের শিক্ষার্থীরা কেবল আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড নয়, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের স্বপ্নের মধ্যে জায়গা দিতে শুরু করে। ২০১০ সাল থেকে বিশ্বখ্যাত ম্যাসাচুসেট ইনস্টিটিউট অব টেকনোলজিসহ (এমআইটি) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীরা পদচারণ শুরু করেছে নির্ভয়ে, নির্ভারে। এর আগে বাংলা মাধ্যমে পড়াশোনা করা শিক্ষার্থীদের এসব বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে সুযোগ পাওয়ার ঘটনা ছিল কম। এখন এটি একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। আর ২০১৫ সালে এই ধারাবাহিকতায় যুক্ত হয়েছে আমাদের নূর মোহাম্মদ শফিউল্লাহর নাম। নূর মোহাম্মদ শফিউল্লাহ আইএমও থেকে দুটি ব্রোঞ্জ ও একটি রৌপ্যপদক এনেছে। আর এরই মধ্যে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে এমআইটি ও কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয় ওয়াটারলুতে। আমার বিশ্বাস, সে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হবে।

জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন
জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন

শুধু শফিউল্লাহ নয়, তার মতো হাজারো শিশু-কিশোরকে স্বপ্ন দেখানোর প্ল্যাটফর্ম আমাদের গণিত উৎসব। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আর প্রথম আলোর ব্যবস্থাপনায় এই উৎসবের আয়োজন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। সাফল্যের সঙ্গে ২০১৫ সালের উৎসব আর ত্রয়োদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কার্যক্রম শেষ হয়েছে মাত্র। যতটা সহজে শেষ হয়েছে বলছি, ততটা সহজ ছিল না এবারের কার্যক্রম। আগের তুলনায় আমাদের উৎসবের ভেন্যু বেড়েছে। ২৪টির মধ্যে ১১টিতে এবারই প্রথম গণিত উৎসব হয়েছে। কাজে চ্যালেঞ্জ ছিল বেশি। প্রায় ৩০ হাজার শিক্ষার্থী এবারের উৎসব কার্যক্রমে যুক্ত হয়েছে।
অন্যদিকে, গত ৬ জানুয়ারি থেকে অবরোধ-হরতাল শুরু হলে তার পাল্লায় পড়ে গণিত উৎসব। ১০-১১ জানুয়ারি আমি আর কায়কোবাদ স্যার (ড. মোহাম্মদ কায়কোবাদ) কিছুটা মাইক্রোবাসে, কিছুটা স্পিডবোটে করে শরীয়তপুরে পৌঁছাই। অবরোধের মধ্যে আমরা সেখানে এবং পরদিন রাজবাড়ীতে উৎসব করে ফিরে এসেছি ঢাকায়। রাজবাড়ীর উৎসবের দিন ফরিদপুরে হরতাল ছিল। ফরিদপুর পুলিশ প্রশাসন আমাদের খুদে গণিতবিদদের বাসকে পাহারা দিয়ে রাজবাড়ীতে পৌঁছে দিয়ে যায়।

মাদক, মুখস্থ ও িমথ্যাকে ‘না’ বলছে শিক্ষার্থীরা
মাদক, মুখস্থ ও িমথ্যাকে ‘না’ বলছে শিক্ষার্থীরা

হরতাল-অবরোধের কারণে আমাদের জাতীয় উৎসব এক মাস পেছাতে হয়েছে। এবারই প্রথম আমাদের আঞ্চলিক বিজয়ীরা ছিল মহেশখালী-টেকনাফ থেকে তেঁতুলিয়া আর পাথারিয়া থেকে ডুমুড়িয়া পর্যন্ত। সারা দেশ থেকে কেমন করে ঢাকায় আসবে? শেষ পর্যন্ত ৬ মার্চের জাতীয় উৎসবে ১ হাজার ২৮২ জনের মধ্যে ৮২৬ জন উপস্থিত হয়ে প্রমাণ করেছে, আমাদের খুদে গণিতবিদদের আটকে রাখা কঠিন। তারা গণিতের টানে আর আনন্দে গণিতকে জয় করার উৎসবে হাজির হবেই।
আমরা একে উৎসব বলি, প্রতিযোগিতা নয়। প্রতিযোগিতা নয় বলেই সেখানে দেশপ্রেমের কথা থাকে, অনুষ্ঠান বন্ধ রেখে শিক্ষার্থীরা মাঠ পরিষ্কার করে। কারণ, তারা জেনে যায়, নিজ নিজ কাজটা ঠিকমতো করাই সর্বোত্তম দেশপ্রেম, সবচেয়ে বড় ইবাদত। মাদক, মুখস্থ আর মিথ্যা থেকে দূরে থাকার অঙ্গীকার করে আর একবুক ভালোবাসা নিয়ে ফিরে যায় নিজের এলাকায়।
ওদের কেউ কেউ তারিক আদনানের মতো নিজের এলাকায় একটি গণিত ক্লাব গড়ে তোলে। দ্বাদশ শ্রেণির কোনো এক শিক্ষার্থী তার সব গণিতের বই তুলে দেয় নাজিয়া চৌধুরীর মতো নতুন, সম্ভাবনাময় কারও হাতে। তারা তো জেনেই গেছে, জ্ঞানই শুধু শক্তি নয়, বরং বিনিময়েই জ্ঞানের শক্তি।
দেখতে দেখতে আমাদের প্রাণের উৎসব শৈশব কাটিয়ে কৈশোরে পদার্পণ করেছে। এই বেড়ে ওঠায় আমাদের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক ও প্রথম আলো । তাদের প্রতি কৃতজ্ঞতা। অভিভাবকেরা নানা প্রতিকূলতার মধ্যেও তাঁদের সন্তানদের নিয়ে হাজির হচ্ছেন উৎসবে। শিক্ষার্থীদের ভালোবাসা ও স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে ইনশাআল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যাব।
গণিত উৎসবের জয় হোক।