উৎসবে বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা: এবারের উৎ​সবের সবচেয়ে বড় আয়োজনের সূচনা
ঢাকা: এবারের উৎ​সবের সবচেয়ে বড় আয়োজনের সূচনা

জানুয়ারি। বছরের প্রথম মাস। স্কুলে পড়াশোনার চাপ নেই বললেই চলে। নতুন বইয়ে পড়াশোনার চেয়ে নাড়াচাড়া করতে সময় কাটে সবার। এর সঙ্গে মাঘের শীতের কঁাপুনি তো আছেই। এমনই এক আবহে শুরু হয়েছিল ডাচ্-বাংলা ব্যাংক–প্রথম আলো গণিত উৎসবের ঢাকা পর্বের আঞ্চলিক উৎসব। উৎসবে আসা শিক্ষার্থীদের কাছে গণিত পরীক্ষার কোনো নাম নয় এখন, গণিত এখন এক চর্চার নাম। অঙ্ক করা এখন অনেকের শখও বটে। গণিতের প্রতি ভালোবাসার টানে, শীতের সকালের ঘুম এক পাশে রেখে সব বাধা উপেক্ষা করে খুদে গণিতবিদেরা জড়ো হয়েছিল ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে। একই অবস্থা হয়েছিল চট্টগ্রামে সেন্ট প্লাসিড হাইস্কুলের মাঠে। ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানের উৎসবে সবাই এবার থাইল্যান্ডের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যাওয়ার স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ পার করতে এসেছিল। ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে এই উৎসবে শিক্ষার্থীদের মতোই ভিড় ছিল অভিভাবকদের। ছুটির দিনের আরাম-আয়েশের কথা বাদ দিয়ে সন্তানকে গণিত উৎসবে নিয়ে এসেছিলেন তঁারা।
কে স্বপ্ন দেখবি আয়
গণিত উৎসবের ব্যাপ্তি বাড়ছে প্রতিবছর। এবার গণিত উৎসবের ১৩তম আসর বসেছে। ২৪টি আঞ্চলিক উৎসবের মাধ্যমে সারা দেশের প্রায় ২৮ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে, যা বিগত বছরের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা যেমন বেশি সঙ্গে ভেন্যুর সংখ্যাও বেড়েছে। অন্যদিকে এই উৎসব আয়োজনে বেড়েছে ব্যবস্থাপনা ও একাডেমিক স্বেচ্ছাসেবকের সংখ্যা। চট্টগ্রামে স্বেচ্ছাসেবক ছিল প্রায় ১০০ এবং ঢাকা উৎসবে ছিল তিন শতাধিক!

গণিত অলিম্পিয়াডের প্রশ্নের মানও বেড়েছে। ২০০৫ সালের আইএমওতে বাংলাদেশ দল পেয়েছিল মাত্র ৩ নম্বর, আর ২০১৪ সালে গণিত দলের মোট নম্বর ছিল ৮৪। জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের তীব্র প্রতিযোগিতার ফলে জাতীয় গণিত দল নির্বাচনের জন্য গণিত অলিম্পিয়াড কমিটিকে বেশ ভাবতে হয় এখন।
উৎসবে দিনভর গণিতের নানা আয়োজনের পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার শিক্ষা পায় শিক্ষার্থীরা। গণিত উৎসবের গান ‘আয় আয় আয়, কে স্বপ্ন দেখবি আয়। আয় আয় আয়, গণিতের আঙিনায়।’ এই গান গেয়ে সবাই শপথ নেয় আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তোলার। মাদক, মুখস্থ আর মিথ্যা থেকে দূরে থাকার।
পরিবর্তন এসেছে শিক্ষার্থীদের প্রশ্নেও

চট্টগ্রাম: আমিও একটি প্রশ্ন করতে চাই
চট্টগ্রাম: আমিও একটি প্রশ্ন করতে চাই


সংখ্যাতত্ত্বের পাশাপাশি জ্যামিতি আর কম্বিনেটরিক্সের ওপরও ভিন্ন মাত্রার প্রশ্ন নিয়ে আগের চেয়ে বেশি মাথা খাটাতে হচ্ছে একাডেমিক দলকে। শুধুই পরীক্ষার প্রশ্নে ভিন্নতা নয়, গণিত উৎসবের মূল আকর্ষণ প্রশ্নোত্তর পর্বেও শিক্ষার্থীদের করা প্রশ্নগুলোতেও এসেছে ভিন্নতা আর বৈচিত্র্যতা। শূন্য কেন গোল? বা চাঁদ কেন পৃথিবীর আকর্ষণ ছেড়ে সূর্যের দিকে চলে যায় না? এমন ধরনের প্রশ্ন করত শিক্ষার্থীরা। এবার ত্রিমাত্রিক জগতে ফোটনের গতিবেগ, আলোর গতি কমবেশির কারণ, বোসন কণার অনুরণনসহ মৌলিক পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত নিয়েও প্রশ্নের দেখা মিলছে গণিত উৎসবে। বইয়ের বাইরের প্রশ্ন করার দিকেই যেন শিক্ষার্থীদের ঝেঁাক।
নানা রঙের উৎসব
গণিত উৎসব যেন এখন শুধু গণিত অলিম্পিয়াডের মধ্যে সীমাবদ্ধ নয়। নির্দিষ্টসংখ্যক রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতার কারণে অনেক শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশ নিতে না পারলেও রুবিকস কিউব প্রতিযোগিতায় অংশ নিতে চলে আসে উৎসব মাঠে। ঢাকায় মাত্র ১১ দশমিক ১ সেকেন্ডে কিউব মিলিয়ে চ্যাম্পিয়ন হয় সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী সাকিব ইবনে রশিদ। চট্টগ্রামেও রুবিকস মেলানো পর্ব ছিল বেশ জমজমাট। অংশগ্রহণ করে অর্ধশতাধিক শিক্ষার্থী। বরাবরের মতো এবারও চট্টগ্রাম উৎসবের পরীক্ষা ব্যবস্থাপনা ছিল অনেক গোছানো, মাঠ ছিল অনেক পরিচ্ছন্ন ।

ঢাকা: পতাকা উত্তোলনের মাধ্যমে উৎ​সবের শুরু
ঢাকা: পতাকা উত্তোলনের মাধ্যমে উৎ​সবের শুরু

এ ছাড়া ঢাকায় বাড়তি ছিল বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ওয়াটার রকেট উৎক্ষেপণ, যা শিক্ষার্থীদের দারুণভাবে উজ্জীবিত করে। সারা দেশের বিজয়ীদের দেখা হবে জাতীয় উৎসবে।
এক নজরে
অঞ্চল: ঢাকা
অন্তর্ভুক্ত জেলাসমূহ: ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ
শিক্ষার্থীর সংখ্যা: ৩১৫৭
শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা: ১৫৪
বিজয়ীর সংখ্যা: ১৬৬
অঞ্চল: চট্টগ্রাম
অন্তর্ভুক্ত জেলাসমূহ: চট্টগ্রাম ও বান্দরবান
শিক্ষার্থীর সংখ্যা: ৭১৩
শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা: ৮৬

বিজয়ীর সংখ্যা: ৮০

জাতীয় গণিত উৎসব স্থগিত
 ৬ ও ৭ ফেব্রুয়ারি ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১৫’ হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত সেটি স্থগিত করা হয়েছে।
 উৎসবের নতুন তারিখ পরবর্তী সময়ে প্রথম আলোয়, গণিত অলিম্পিয়াডের কমিটির ওয়েবসাইট ও ফেসবুকে ঘোষণার মাধ্যমে জানানো হবে।