কিলবিল প্রশ্নরাজি

গণিত অলিম্পিয়াডের ঢাকা উৎসবে গিয়েছিলাম ফুর্তির মেজাজ নিয়ে। মাথাটা ছিল জটবিহীন। ফেরার পথে মাথায় কিলবিল করছে প্রশ্ন আর প্রশ্ন।
ঢাকা রেসিডেনসিয়াল কলেজ প্রাঙ্গণে এবার ঢাকা উৎসবে আমি মঞ্চে উঠেছিলাম প্রশ্নোত্তর পর্বে। মাইকে বলা হলো, তোমরা লিখিত প্রশ্ন জমা দিতে পারো।
ছেলেমেয়েরা চিরকুটে লিখে প্রশ্ন পাঠাচ্ছে। সেসব প্রশ্নের কিছু কিছু দেখার সুযোগ হলো আমার। কত যে প্রশ্ন তাদের। সবগুলোর উত্তর দেওয়ার সময় স্যারদের নেই। কিছু কিছু লিখিত প্রশ্নের উত্তর স্যারেরা দিচ্ছেন। আর মাইক্রোফোনে সরাসরি প্রশ্নও করা হচ্ছে।
সেসব প্রশ্ন পড়ে আমার মাথা চক্কর দিতে শুরু করল। হায়, এই রকম ঘটনা তো আমার সামনেও ঘটে। আমার মনে কেন এই প্রশ্ন আসেনি? ওদের মনে কীভাবে এল? আর প্রশ্নটার উত্তরই বা কী!
শিক্ষার্থীদের প্রশ্ন শুধু গণিত বিষয়ে সীমাবদ্ধ নয়, নানা বিষয়ে তারা প্রশ্ন করে চলেছে।
যেমন, তারা প্রশ্ন করল, স্বপ্ন কী? আমরা সারা দিন যা ভাবি, যা করি, তা–ই কি স্বপ্নে দেখি?
লেখক ডাক্তার মোহিত কামাল জবাব দিলেন। এসব বিষয়ে যেসব থিওরি আছে, তা ব্যাখ্যা করতে লাগলেন।
একসময় তিনি বললেন, মানুষ কেন স্বপ্নে বাঘ দেখলে দৌড়াতে শুরু করলে আর দৌড়াতে পারে না।
একজন প্রশ্ন করল, ক্রোমোপ্লাস্টের কারণে ফুল রঙিন হয়। তাহলে নীল রঙের ফুল কোত্থেকে আসে? কিংবা চুল কেন সাদা হতে শুরু করে?
মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার,
সবাই বলে মিথ্যে বাজে বকিস না আর খবরদার।
এসব প্রশ্ন তো আমার মনেও ছিল। আমি কেন এত দিন জিগ্যেস করিনি? জানতে চাইনি? কী ভয়ংকর! কী ভয়ংকর! তাই বলি, গণিত অলিম্পিয়াডে যেয়ো না। সাধারণ মানুষ হয়ে যাবে, বিশিষ্ট বিজ্ঞানমনস্ক মানুষ হয়ে ফিরবে। তখন তোমার গণিত ভালো লাগবে, বিজ্ঞান ভালো লাগবে, এমনকি কবিতাও ভালো লেগে যেতে পারে। কী মুশকিল!