
অধ্যাপক ফরিদা বানু
শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদের ছোট বোন অধ্যাপক ফরিদা বানু। ১৯৩৯ সালে চাঁদপুরে জন্মগ্রহণ করলেও শিক্ষাজীবন শুরু হয় ঘোড়াশালের বেলাব প্রাইমারি স্কুলে। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় চলে আসেন ঢাকায়। ভর্তি হন বাংলাবাজার গার্লস স্কুলে। পরে অষ্টম শ্রেণিতে উঠে ভর্তি হন মুসলিম গার্লস স্কুলে। ১৯৫৫ সালে ঢাকা বোর্ডে মেয়েদের মধ্যে প্রথম ও গণিতে লেটার নম্বর নিয়ে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাস করেন। সরকারি ইডেন গার্লস কলেজ থেকে উচ্চমাধ্যমিকে ১৯৫৭ সালে আবারও গণিতে লেটার নম্বর নিয়ে প্রথম বিভাগে ঢাকা বোর্ডে চতুর্থ স্থান অর্জন করেন।
এরপর ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে প্রথম বিভাগে প্রথম হয়ে স্বর্ণপদক জিতে স্নাতক পাস করেন এবং একই বিষয়ে ১৯৬১ সালে স্নাতকোত্তর শেষ করেন।
১৯৬২ সালে সরকারি ইডেন গার্লস কলেজে গণিত বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত চট্টগ্রাম সরকারি কলেজে শিক্ষকতা করেন। ১৯৬৫ সালের শেষের দিকে ঢাকায় ফিরে আবার যোগ দেন ইডেন কলেজে। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অধ্যাপনা শুরু করেন। এ বিভাগেই ৩২ বছরের কর্মজীবন শেষে ২০০৫ সালে তিনি অবসর নেন।
তাঁর স্বামী নুরুল হক বাংলাদেশ পরিকল্পনা কমিশনের অবসরপ্রাপ্ত সদস্য। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলের জননী।
মুনিবুর রহমান চৌধুরী
জন্ম ১৯৪১ সালের ১৭ জানুয়ারি, ফরিদপুরে। ১৯৫৬ সালে বরিশাল জিলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে নটর ডেম কলেজ থেকে আইএসসি পাস করেন কৃতিত্বের সঙ্গে। ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে। এখানে অনার্সে দুই বছর পড়ার পরই জার্মানির গ্রোটিংগেন বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি পেয়ে ওখানে গণিত নিয়ে পড়তে যান। আগে থেকে গণিতের সঙ্গে সখ্য থাকলেও গণিতের সঙ্গে তাঁর বসবাস তখন থেকেই। ১৯৬৭ সালে ওই বিশ্ববিদ্যালয় থেকে গণিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর শিক্ষক হিসেবে যোগ দেন পাকিস্তানের ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে।
১৯৭১ সালে সেখান থেকে চলে আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ১৯৮৪ সালে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের গণিত শিক্ষা দিতে দিতেই ২০০৬ সালে অবসরে যান তিনি। ২০০২ সালে শুরু হওয়া বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি আয়োজিত গণিত উৎসবের সঙ্গে তিনি প্রথম থেকেই সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ গণিত সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি।
‘বীজগণিত (সংখ্যাতত্ত্ব)’, বাস্তব বিশ্লেষণসহ বাংলা-ইংরেজি আটটি গণিত-সম্পর্কিত বইয়ের রচয়িতা তিনি। ৪০ বছর ধরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিভিন্ন কার্যক্রমে সরাসরি যুক্ত রয়েছেন। এ ছাড়া নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী উচ্চমাধ্যমিক পর্যায়ের কারিকুলাম কমিটির প্রধান হিসেবে অবদান রেখেছেন দেশের শিক্ষাঙ্গনে। শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহী করে তুলতে এই মহান মানুষটি কাজ করে চলেছেন নিরন্তর।