গণিতভীতি দূর করতে কিছুটা সক্ষম হয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী

আমি অত্যন্ত আনন্দিত, ত্রয়োদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড সফলভাবে সমাপ্ত হয়েছে। দেশের চলমান অস্থিরতার মধ্যেও সারা দেশের হাজার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণই প্রমাণ করে যে এই উৎসবটা শিক্ষার্থীদের প্রাণের উৎসব। আমাদের অনেক লক্ষ্যের মধ্যে অন্যতম ছিল শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি দূর করা, সেটা আমরা অনেকখানি করতে সক্ষম হয়েছি। এখন আমাদের উৎসব শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নয়, শিক্ষক ও অভিভাবকেরাও যুক্ত হয়েছেন সমানতালে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের মতো প্রাথমিক থেকে প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এত বড় আয়োজন আর কোনো দেশে হয় না। দিন দিন এই আয়োজনটা অন্যান্য দেশের কাছে হয়ে উঠছে উদাহরণস্বরূপ। আমরা ২০০৯ সালে প্রথম পদক অর্জন করেছি। তার পর থেকে ধারাবাহিকভাবে প্রতিবারই আমরা ভালো করছি। আশা করি, চলতি বছরের জুলাইয়ে থাইল্যান্ডে অনুষ্ঠেয় ৫৬তম আইএমওতে আমাদের অংশগ্রহণকারী দলের সফলতা অতীতের তুলনায় অনেক ভালো হবে।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি কর্তৃক আয়োজিত এই উৎসব সফল করতে যুক্ত হয়েছেন দেশের নামকরা গণিতবিদ, শিক্ষাবিদ ও বিজ্ঞানীরা। অন্যদিকে যুক্ত হয়েছে শত শত গণিত অলিম্পিয়াডের স্বেচ্ছাসেবক (মুভার্স) এবং প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। এই উৎসব আয়োজনে অন্যতম অবদান হলো প্রথম আলোর সহযোগিতা এবং ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের অর্থায়ন। সবার প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সভাপতি: বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি