জাতীয় উৎসবের প্রস্তুতির এখনই সময়

প্রাইমারি ক্যাটাগরি
প্রাইমারি ক্যাটাগরিতে যেসব সমস্যা দেওয়া হয়, সেগুলোর মূল উদ্দেশ্য থাকে শিক্ষার্থীর পর্যবেক্ষণ–দক্ষতা যাচাই, ছোট ছোট চিন্তা করার ক্ষমতা এবং প্রতিদিন তার চারপাশে ঘটতে থাকা ছোট ছোট গাণিতিক হিসাব চিন্তা করার ক্ষমতা যাচাই। খুব বড় ধরনের তত্ত্ব প্রয়োগ করার ক্ষমতা যাচাই করা হয় না। এই বয়সে মাধ্যমিক পর্যায়ের তত্ত্ব চর্চা করানোটা হিতে বিপরীত হতে পারে।
জ্যামিতি থেকে মূলত কোণ, ক্ষেত্রফল, পরিসীমা—এসব থাকে। বৃত্ত, সমান্তরাল সরলরেখা—এগুলোর ব্যাপারে প্রাথমিক ধারণাও থাকে। আর সংখ্যাতত্ত্ব থেকে লসাগু, গসাগু, মৌলিক সংখ্যা, জোড়-বিজোড়, বিভাজ্যতা নিয়ে সমস্যা দেওয়া হয়। গড়, শতকরা, লাভ-ক্ষতি সম্পর্কে ধারণা থাকাটা দরকার। গণনাতত্ত্ব থেকে মূলত একদম প্রাথমিক পর্যায়ের গণনার ধারণা, যোগ ও গুণের প্রাথমিক ধারণা অন্তর্ভুক্ত। কিছুটা কঠিন সমস্যাগুলোতে চলকের ধারণা থাকে। এসবের বেশির ভাগই পাঠ্যবইয়ে আছে। শুধু দরকার, স্বচ্ছ ধারণা ও অনুশীলন। প্রশ্ন সম্পর্কে আরও ভালো ধারণা পেতে কিংবা অনুশীলনের জন্য বিগত বছরের প্রশ্নগুলো দেখা যেতে পারে।
জুনিয়র ক্যাটাগরি

আমাদের গণিত অলিম্পিয়াডে যে ক্যাটাগরিটিতে প্রস্তুতি নিতে গিয়ে সবচেয়ে বেশি সিলেবাস–সংক্রান্ত জটিলতায় পড়তে হয়, সেটি হলো জুনিয়র ক্যাটাগরি। প্রস্তুতি নেওয়ার সময় কোন বিষয়গুলো পড়ব, কোন বিষয় বেশি করে চর্চা করব—এসব নিয়ে অনেক শিক্ষার্থী সন্দিহান থাকে।
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দল মূলত জ্যামিতিসংক্রান্ত সমস্যা সমাধানের ওপর বেশি জোর দেয়। আর জ্যামিতিসংক্রান্ত সমস্যা সমাধানের সিঁড়ির প্রাথমিক ধাপ জুনিয়র পর্যায় থেকে শুরু হয়। এই পর্যায়ে মূলত ইউক্লিডীয় জ্যামিতির ওপর বেশি জোর দিতে হবে। এর জন্য সমান্তরাল সরলরেখার ধর্ম, ত্রিভুজের সর্বসমতা, সদৃশ ত্রিভুজের ধর্ম, ত্রিভুজ, বৃত্ত ও চতুর্ভুজের ক্ষেত্রফল ও পরিসীমা, পিথাগোরাসের উপপাদ্যসংক্রান্ত সমস্যা চর্চা করতে হবে।

জুনিয়র ক্যাটাগরির সংখ্যাতত্ত্বসংক্রান্ত সমস্যাগুলোতে শিক্ষার্থীদের সংখ্যাতত্ত্বের মৌলিক ধারণার প্রয়োগের ক্ষমতা যাচাই করা হয়। মৌলিক সংখ্যা, বিভাজ্যতা, লসাগু, গসাগু, সংখ্যার মৌলিক উৎপাদক, গড়, ভাগশেষের ধারণা, অবশিষ্টের পাটিগণিতের প্রাথমিক ধারণা—এগুলো সংখ্যাতত্ত্বের অন্তর্ভুক্ত। এগুলো শুধু জানলেই চলবে না, এসব ধারণা প্রয়োগ করে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে।
গণনাতত্ত্বের যোগ ও গুণের ধারণার প্রয়োগ করে সমস্যার সমাধান করতে হয়, এমন ধরনের সমস্যা জুনিয়র ক্যাটাগরিতে থাকে। কখনো এর সঙ্গে সংখ্যাতত্ত্বের ধারণাও প্রয়োগ করতে হয়।
সিলেবাসের অনেক কিছুই আমাদের পাঠ্যবইয়ে আছে সংক্ষিপ্ত আকারে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই অনুশীলনের জন্য যথোপযোগী সমস্যা থাকে না। সে ক্ষেত্রে গণিত অলিম্পিয়াডের বিগত বছরের প্রশ্ন দেখা যেতে পারে। অথবা বিডিএমও প্রস্তুতি বইটি দেখা যায়।
সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি

এই দুই ক্যাটাগরির অংশগ্রহণকারীদের মধ্য থেকেই বাছাই করা হয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশের গণিত দল। আর এই দুই ক্যাটাগরির প্রশ্নও তাই অন্য ক্যাটাগরিগুলো থেকে কঠিনতর হয়ে থাকে। খুব ভালো প্রস্তুতি না থাকলে সমস্যা সমাধান অসম্ভব হবে। এই দুই ক্যাটাগরির সিলেবাস প্রায় একই।
আমাদের নবম-দশম শ্রেণি পর্যন্ত যেসব জ্যামিতি পড়ানো হয়, তার মধ্যে ইউক্লিডীয় জ্যামিতির একটা বড় অংশ থাকে। তাই জ্যামিতিতে প্রস্তুতি ভালোভাবে নিতে হলে আগে সাধারণ গণিত ও উচ্চতর গণিতের জ্যামিতি বই ভালোভাবে পড়তে হবে। তবে শুধু উপপাদ্য পড়লে লাভ হবে না, থাকতে হবে সমস্যা সমাধানের দক্ষতা। আর এর জন্য চাই এসব উপপাদ্য প্রয়োগ করে বেশি বেশি সমস্যা সমাধানের চর্চা করা। এ ছাড়া স্থানাঙ্ক, জ্যামিতি ও ত্রিকোণমিতি প্রয়োগ করে সমস্যা সমাধান করতে হবে।
গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের অধিকাংশই সংখ্যাতত্ত্বের সমস্যা সমাধান করতে পছন্দ করে। মজার ব্যাপার হলো, এর কিছু অংশ ছোট ক্লাসের বইয়ে পড়ানো হয়েছে। মৌলিক সংখ্যা, বিভাজ্যতা, লসাগু, গসাগু, কনগ্রুয়েন্স, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ, ডায়াফ্যান্টাইন সমীকরণ, মডুলার পাটিগণিত—এগুলোর ওপর ভিত্তি করেই জাতীয় অলিম্পিয়াডে সমস্যা থাকে। তবে এসব ক্ষেত্রে প্রাথমিক ধারণা থেকে বেশি জানা থাকতে হবে এবং অনেক চর্চা করতে হবে। এর জন্য কিছু বইয়ের তালিকা পরে যুক্ত করা আছে।

গণনাতত্ত্বে কিছুটা কঠিন সমস্যা সমাধানের চর্চা থাকতে হবে। যোগের ধারণা, গুণের ধারণা, বিন্যাস, সমাবেশ, বিভক্তিকরণ ও দ্বিপদী উপপাদ্যের ধারণা অবশ্যই থাকা লাগবে। তবে অনেক ক্ষেত্রে গণনাতত্ত্বের সমস্যা সমাধান করতে গেলে সংখ্যাতত্ত্বের ধারণা প্রয়োগ করতে হয়। এই অংশে ভালো করতে অনুশীলনের বিকল্প নেই।
ফাংশনের সমস্যাগুলো মূলত সংখ্যাতত্ত্ব কিংবা গণনাতত্ত্বের ওপর ভিত্তি করে দেওয়া হয়। এ ছাড়া ফাংশনের পর্যায়বৃত্ততা, প্রতিসমতা, সর্বোচ্চ ও সর্বনিম্ন মান, পৌনঃপুনিকতা প্রভৃতি ধর্মের প্রয়োগভিত্তিক সমস্যা থাকে। প্রথম অবস্থায় কিছুটা জটিল মনে হলেও ধৈর্যের সঙ্গে চেষ্টা করলে এ ধরনের সমস্যা খুব সহজে সমাধান করা যায়। এ ক্ষেত্রে পর্যবেক্ষণ–দক্ষতাও ভালো থাকতে হয়, যেমন একাধিক ফাংশনের মধ্যে সম্পর্ক খুঁজে বের করা।
অসমতা, সমীকরণ সমাধান, একাধিক ঘাতবিশিষ্ট সমীকরণের ধর্ম, ধারা, সেট, সম্ভাব্যতা, বিচ্ছিন্ন গণিত—এসব বিষয়ের ওপর ভিত্তি করে কিছু সমস্যা থাকে। তবে এসব সমস্যার ক্ষেত্রেও সংখ্যাতত্ত্বের ধারণা প্রয়োগ করতে হতে পারে। এসব সমস্যা সমাধানে অনেক ক্ষেত্রেই কিছু বিশেষ কৌশল অবলম্বন করতে হয়। আর এসব কৌশল আয়ত্ত করতে চাই অনুশীলন।

নিচের বইগুলো জাতীয় অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য।
১. The Art and Craft of Problem Solving by Paul Zeitz
২. Plane Euclidean Geometry: Theory and Problems by A. D. Gardiner, C. J. Bradley
৩. Theory of Numbers: A Test and Source Book of Problems by adler and Cloury
৪. Principles and Techniques in Combinatoric by Chen and Koh
৫. বিডিএমও প্রস্তুতি—মুনির হাসান ও অন্যান্য সম্পাদিত
গণিত অলিম্পিয়াডে ভালো করতে হলে সবচেয়ে বেশি জরুরি হলো ‘লেগে থাকা’। শুধু এক-দুই সপ্তাহের প্রস্তুতি নিয়ে গণিত অলিম্পিয়াডে ভালো করার আশা নিতান্তই দুরাশা। ভালো করতে হলে চাই বছরজুড়ে অনুশীলন।
তুষার চক্রবর্তী