নানা রঙের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় গণিত উৎসবে শিক্ষার্থীরা শুধু গণিতই করে না। নিজেরা উপভোগ করে, অংশ নেয় নানা আয়োজনে। সকােল এসে নিজ নিজ অঞ্চলের বুথ থেকে রেজিস্ট্রেশন আর উদ্বোধনীর পর প্রাইমারি এবং জুনিয়র ক্যাটাগরির শিক্ষার্থীরা দেড় ঘণ্টা আর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা দুই ঘণ্টার গণিত অলিম্পিয়াডে (পরীক্ষাপর্বে) অংশ নেয়। তার পর থেকে দিনব্যাপী চলে নানা আয়োজন। সেই আয়োজনের টুকিটাকি:

সিসিমপুরের পরিবেশনা
সিসিমপুরের পরিবেশনা

আলোর ঝিলিক
আন্তর্জাতিক আলোর বছর ২০১৫ উদ্যাপনের অংশ হিসেবে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি হাতে-কলমে শিক্ষার্থীদের আলোর ধর্ম বোঝানোর অনুষ্ঠান ‘আলোর ঝিলিক’ আয়োজন করে পরীক্ষার পরপরই। পরীক্ষণনির্ভর অনুষ্ঠানে মাত্র ৪০ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার সুযোগ থাকলেও ব্যাপক আগ্রহের কারণে ৯০ জন শিক্ষার্থীকে অংশ নিতে দেওয়া হয়। অনুষ্ঠানকক্ষের সব চেয়ার দখল করে বসার পর মেঝেতে কাপড় বিছিয়ে বসে পড়ে বাকি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আরও আগ্রহের কারণে দুপুরের পর আবারও আলোর ঝিলিকের আরেকটি পর্ব করা হয়। ওই সময়ও ৯০ জন শিক্ষার্থী অংশ নেয়।

সাইকেলবাজি
অলিম্পিয়াড শেষে হওয়ার একটু পর সেন্ট যোসেফ স্কুলের বাস্কেটবল কোর্টে দেখা যায় অন্য রকম দৃশ্য। ‘বিডি সাইকেল গোস্ট রাইডার্স’-এর সদস্যরা সাইকেল নিয়ে শুরু করে নানা কারিকুরি। যাকে বলে ‘সাইকেল স্টান্ট’ বা ‘সাইকেলবাজি’। ৮-১০টি সাইকেল নিয়ে এ দলের সদস্যরা এমনভাবে সাইকেল চালায় যেন মনে হয় সাইকেল এদের সঙ্গে কথা বলে। কখনো দেখা যায় সাইকেল চালাতে চালাতে মাটিতে বসে থাকা কারও পায়ের ওপর দিয়ে জাম্প করছে, আবার কখনো দেখা গেছে সাইকেল চালাতে চালাতে দাঁড়িয়ে গেছে সিটের ওপর। হঠাৎ দেখা গেল একজন তাঁর সাইকেলে বসে সামনের এক চাকা খুলে বানিয়ে ফেলেছে এক চাকার সাইকেল, সেটা আবার চলছে দিব্যি। কেউ আবার সাইকেলের সিটের ওপর উল্টো ঘুরে বসে চালাচ্ছে।

জলদি ঘোরাও রুবিক কিউব
পূর্বঘোষণা অনুযায়ী জাতীয় গণিত উৎসবের মঞ্চে উপস্থিত হয় রুবিক কিউব মাস্টার কিউবিস্টরা। প্রথম দফায় কোয়ালিফাইং রাউন্ডে ২০০ জনের মধ্য থেকে পাঁচজনকে নির্বাচিত করা হয় চূড়ান্ত পর্বের জন্য। চূড়ান্ত পর্ব শুরু হওয়ার পর চোখের পলকে শেষ হয়ে যায় প্রতিযোগিতা। কারণ, প্রথম হওয়া সাকিব ইবনে রশিদের কিউব মেলাতে সময় লাগে মাত্র ১২.৯৭ সেকেন্ড, দ্বিতীয় হয় হুমায়ন কবির ১৪.৪৯ সেকেন্ডে এবং তৃতীয় হয় জাওয়াদ আব্দুল্লাহ ১৭.৯৪ সেকেন্ডে।

অলিভ ইসলামের নির্দেশনায় দেশের গানের সঙ্গে ছিল ‘নৃত্য রঙে’র শিল্পীদের পরিবেশনা
অলিভ ইসলামের নির্দেশনায় দেশের গানের সঙ্গে ছিল ‘নৃত্য রঙে’র শিল্পীদের পরিবেশনা

সুডোকু মিলাও, বুদ্ধি বাড়াও
জাতীয় উৎসবমঞ্চে বিকেলে অনুষ্ঠিত হয় জাতীয় সুডোকু প্রতিযোগিতা। এই পর্বে অংশ নেয় প্রায় ৭০০ জন শিক্ষার্থী। দুই দফায় কোয়ালিফাইং রাউন্ডে ১৬ জনকে নির্বাচিত করা হয় চূড়ান্ত পর্বের জন্য। চূড়ান্ত পর্বে সুডোকু মিলিয়ে প্রথম হয় আইমান রশিদ, দ্বিতীয় হয় মেহেদী ও তৃতীয় হয় আরিয়ান আহমেদ।
পানির চাপে ওয়াটার রকেট
গত বছর জাপানে আন্তর্জাতিক ওয়াটার রকেট প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশ দলের সদস্য মনন মাহমুদ ও ফারদিম মুনির ওয়াটার রকেট উৎক্ষেপণ করে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহযোগিতায় এই পর্ব পরিচালিত হয়।
সিসিমপুরের ইকড়ি মিকড়ি হালুম
বিকেলে পুরস্কার বিতরণীর আগে মঞ্চে আসে সিসিমপুরের ইকড়ি, মিকড়ি আর হালুমেরা। তারা শিক্ষার্থীদের সঙ্গে নানা গল্পে মেতে ওঠে। হাসি-ঠাট্টা–গল্পের মধ্যে উঠে আসে নানা কিছু। এত দিন টিভিতে দেখতে পাওয়া সিসিমপুরবাসীদের চোখের সামনে দেখতে পেয়ে অনেক শিক্ষার্থীই ব্যস্ত হয়ে পড়ে তাদের সঙ্গে ছবি তুলতে।