নানান আমেজে প্রাণের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়, রংপুর, বগুড়া, বরগুনা, ঝালকাঠি, শরীয়তপুর ও রাজবাড়ী আঞ্চলিক উৎসব নিয়ে বিশেষ আয়োজন 

পঞ্চগড়: বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করলেন শিক্ষাসচিব
পঞ্চগড়: বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করলেন শিক্ষাসচিব

হুট করেই ২৬ ডিসেম্বর দেশে শুরু হয় শৈত্যপ্রবাহ। ফলে প্রথম ১১টি উৎসবের তুলনায় সেদিন শুরু হওয়া উৎসবগুলোতে শীতের প্রকোপ ছিল বেশি। সকালেই শুরু হয় বরগুনা আঞ্চলিক গণিত উৎসব। কুয়াশাকে ভেদ করেই আটটা থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করে ভেন্যুতে। এই আেমজ দেখা গেছে পঞ্চগড়, রংপুর, বগুড়া, ঝালকাঠি। শীত কমে আসলেও শরীয়তপুর, রাজবাড়ী আঞ্চলিক পর্বের চেহারাটাও প্রায় একই ছিল।

পরীক্ষা পরীক্ষা খেলা
সব অঞ্চলে জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধনীর পরপরই শুরু হয় এক ঘণ্টা পনেরো মিনিটের পরীক্ষা। শুধু নামেই পরীক্ষা, আসলে কিছু সমস্যা নিয়ে চিন্তা করে তার সমাধান বের করা। শিক্ষার্থীরা কেউ কলম কামড়ায়, কেউবা আবার মাথা চুলকায়। হঠাৎ কোনো সমস্যার সমাধান মাথায় আসে, শিক্ষার্থীদের মুখ আনন্দে চকচক করে ওঠে।

বগুড়া: শুরু হচ্ছে উৎসব
বগুড়া: শুরু হচ্ছে উৎসব

আমার একটি প্রশ্ন আছে
গণিত উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পর্ব কোনটি? একবাক্যে সবাই উত্তর দেবে প্রশ্নোত্তর পর্ব। সারা বছর স্যাররা প্রশ্ন করেন, শিক্ষার্থীরা উত্তর দেয়। কিন্তু গণিত উৎসবে ব্যাপারটা একেবারেই উল্টো। প্রশ্ন করে শিক্ষার্থীরা, উত্তর দেন মঞ্চে থাকা গণিতবিদ, বিজ্ঞানী আর শিক্ষকেরা। ভালো প্রশ্ন করলে মেলে পুরস্কার। তাই শিক্ষার্থীরা এ সুযোগ হাতছাড়া করেনি। জমিয়ে রাখা শত শত প্রশ্নে ছুড়ে দেয় শিক্ষকদের কাছে। যেমন বরগুনায় আকিব হিসাব করে দেখিয়ে দিল চাঁদের প্রতি পৃথিবীর চেয়ে সূর্যের আকর্ষণ বেশি, তারপর জানতে চাইল, তবুও চাঁদ কেন পৃথিবীকে ঘিরে ঘোরে?
আরও যত কিছু
শিক্ষার্থীরা নতুন বন্ধু বানায় বন্ধুত্ব পর্বে। সাংস্কৃতিক পর্বে চলে দেশের গান–কবিতা-নৃত্য। রুবিকস কিউব মিলিয়ে জিতে নেয় পুরস্কার। এক মিনিট পর্বে অতিথিরা শিক্ষার্থীদের শোনান আগামীর স্বপ্ন। প্যান্ডেলের পাশে স্টলগুলোতে থাকে বিজ্ঞান ও গণিতের বইয়ের প্রদর্শনী।
গণিত শেখো, স্বপ্ন দেখ
গণিত উৎসবে গণিত করার পাশাপাশি নেয় ভালো মানুষ হওয়ার পাঠও। তাই তো সাতটি অঞ্চলের একুশ জেলার শিক্ষার্থীরা নেয় মিথ্যা, মাদক, মুখস্থ—এই তিন ‘ম’ থেকে দূরে থাকার শপথ। সবাই কথা দেয় প্রতিদিন একবার হলেও মাকে খুশি করবে। উৎসবের শেেষ কেউ পুরস্কার পায়, কিন্তু জেতে সবাই। কারণ এ উৎসব সবার। তাই উৎসব শেষে সবাই বাড়ি ফেরে এক বুক স্বপ্ন, চমৎকার একটি দিন কাটানোর তৃপ্তি নিয়ে।