প্রাণের উৎসবে স্বাগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় গণিত উৎসব ২০১৫–এর উদ্বোধনী পর্ব l ফাইল ছবি
জাতীয় গণিত উৎসব ২০১৫–এর উদ্বোধনী পর্ব l ফাইল ছবি

২০০০ সালের কোনো এক শুক্রবার সকাল। আমি তখন এলিফ্যান্ট রোডে থাকি। খুব ভোরবেলায় হাজির হয়েছেন কায়কোবাদ স্যার (অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ)। আগে থেকে তিনি আমাকে বলে রেখেছেন কোথায় জানি নিয়ে যাবেন। স্যারের নির্দেশমতো গাড়ি চালিয়ে আমরা পৌঁছালাম বনানী ডিওএইচএসে। গাড়ি পার্ক করে আমি আর স্যার সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। বেল বাজানোর পর দরজা খুলে কে যেন বলল—ও, আপনি! ভেতরে আসেন। বলতে বলতে আমি ভেতরে ঢোকার জন্য পা বাড়ালাম। এবং তারপর আমি জমে গেলাম! মনে হয়, কয়েক শতাব্দী আমার পা জোড়া মেঝের সঙ্গে লেপ্টে থাকল। কারণ, ততক্ষণে আমি বাড়ির লোকটিকে দেখে ফেলেছি। তাঁর এত ছবি দেখেছি যে আমার চেনায় কোনো ভুল হয়নি। আমি আমার প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল স্যারের সামনে দাঁড়িয়ে আছি!!!
সেদিনই আমি জানতে পারলাম, কায়কোবাদ স্যার আর জাফর স্যার বেশ কিছুদিন ধরে গণিত অলিম্পিয়াড আয়োজনের কথা ভাবছেন। গণিত অলিম্পিয়াডের কথা অবশ্য কায়কোবাদ স্যারের কাছ থেকে আগেই জেনেছি।
সেদিন থেকে পরের কয়েকটা শুক্রবার সকালে আমার আর কায়কোবাদ স্যারের কাজ ছিল জাফর ইকবাল স্যারের বাসায় যাওয়া এবং গণিত অলিম্পিয়াডের প্ল্যান করা। তারপর এপ্রিল মাসে একদিন দুই স্যার হাজির হলেন মতি ভাই (মতিউর রহমান, সম্পাদক, প্রথম আলো)-এর দপ্তরে। প্রথম আলোর পাতায় এক অভিনব গণিত অলিম্পিয়াড, নিউরনে অনুরণন শুরু করার জন্য। ১৭ জুন সেটা চালু হয়ে গেল। পরের বছরই সেটা গড়িয়ে গেল মাঠে। জামিল স্যারের (অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী) নেতৃত্বে গঠিত হলো বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। শুরু হলো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) যোগদান। এখন তো আমরা প্রতিবছরই সেখানে পদক জিতছি।

জাতীয় গণিত উৎসব ২০১৫–এর পরীক্ষা পর্ব l ফাইল ছবি
জাতীয় গণিত উৎসব ২০১৫–এর পরীক্ষা পর্ব l ফাইল ছবি

গণিত উৎসব কেবলই একটি গণিত পরীক্ষা নয়। পরীক্ষার হারজিতের ব্যাপারটা মাথায় রেখে আমরা এটিকে সাজিয়েছি গণিতের উৎসবে। ফলে, আইএমও দল বাছাইয়ের একটা পরীক্ষা পর্ব থাকলেও সেটাকে ছাপিয়ে বড় হয়ে ওঠে গণিত ও বিজ্ঞানের নতুন নতুন বিষয়ের সঙ্গে পরিচয় হওয়া, এ সংক্রান্ত বিভ্রান্তি কাটিয়ে ওঠা, দেশবরেণ্য বিজ্ঞানী, গণিতবিদ ও শিক্ষাবিদদের সঙ্গে সময় কাটানো ইত্যাদি। উৎসব প্রাঙ্গণে থাকে বিজ্ঞান ও গণিতের বইয়ের সমারোহ। তাই দেখা যায়, যারা একসময় অলিম্পিয়াডে অংশ নিয়েছে, তারা এর সঙ্গে যুক্ত থাকার মানসে যোগ দেয় স্বেচ্ছাসেবকদের দলে। সারা দেশের বন্ধুসভার বন্ধু এবং মুভার্সদের নেতৃত্বে এক মহাযজ্ঞে পরিণত হয়েছে আমাদের প্রাণের উৎসব। এবার প্রথম পাঁচ দিনে ১২টি স্থানে উৎসব। ১২টি উৎসব মানে ১২টি প্যান্ডেল, ১০ হাজারের বেশি ছেলেমেয়ের পরীক্ষা নেওয়া, খাতা দেখা, তাদের প্রশ্নের উত্তর দেওয়া, ফলাফল প্রকাশ – কী নয়! প্রতিটি ধাপে কত কাজ আমাদের স্বেচ্ছাসেবকেরা করে। এর বাইরে আছে প্রতিবছর নতুন কয়েক শ গাণিতিক সমস্যা তৈরি করা। প্রতিবছরই আয়োজন করা হচ্ছে ক্যাম্প, কর্মশালা। গড়ে উঠেছে গণিত ক্লাব। প্রতিবছরই প্রকাশিত হচ্ছে নতুন নতুন বই। এ বছর এর মধ্যে প্রকাশিত হয়েছে মুতাসিম মিমের সংখ্যাতত্ত্ব ও কম্বিনেটরিক্স, গণিত অলিম্পিয়াডের একাডেমিক কো-অর্ডিনেটর তুষার চক্রবর্তীর দ্য বিডিএমও কম্পেন্ডিয়াম এবং দিপু সরকার, দিপ্ত আকাশ রায় ও প্রীতম কুমার মণ্ডলের জ্যামিতি: লক্ষ্য যখন অলিম্পিয়াড।
আঞ্চলিক উৎসব হবে ২৪টি। ১৮ ডিসেম্বর থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত। এরপর বিজয়ীদের নিয়ে জাতীয় উৎসব হবে ১২ ও ১৩ ফেব্রুয়ারি ঢাকায়। এরপর মার্চে এপিএমও, জাতীয় গণিত ক্যাম্প এবং ধাপে ধাপে আইএমওর জন্য লাল-সবুজের পতাকাবাহীদের নির্বাচন। থাকবে মেয়েদের জন্য লীলাবতী ক্যাম্প, বিষয়ভিত্তিক কাজী মোতাহার হোসেন ক্যাম্প, প্রাইমারি ও জুনিয়র ক্যাম্প। হতে পারে গণিত শিক্ষকদের জন্য একটি বিশেষ ক্যাম্পও।
এসব আয়োজন আমাদের শিক্ষার্থীদের একুশ শতকের নিজেকে গড়ে তোলার হাতিয়ার গণিতে আগ্রহী ও দক্ষ করে তোলার জন্য।
প্রাণের গণিত উৎসবে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। পরীক্ষা পর্ব ছাড়া বাকি সব পর্বই সবার জন্য উন্মুক্ত।
জয় হোক গণিত উৎসবের।
সবার জীবনের সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।