সম্মুখসমর: ১৯৭১
অপারেশন ছাতক
একাত্তরের মুক্তিযুদ্ধে নিরীহ বাঙালি অসীম সাহসে মুখোমুখি হয়েছিল পাকিস্তানের প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে। ছিনিয়ে এনেছিল বিজয়। বীরত্বপূর্ণ সেসব সম্মুখযুদ্ধ উজ্জ্বল হয়ে আছে স্বাধীনতার স্বপ্নে, আত্মত্যাগের মহিমায়। মুক্তিযুদ্ধের বহুল আলোচিত কয়েকটি যুদ্ধ নিয়ে প্রথম আলোর এ আয়োজন।
১৯৭১ সালের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে মুক্তিবাহিনীর প্রধান কর্নেল (স্বাধীনতার পর জেনারেল) এম এ জি ওসমানী গারো পাহাড়ের তেলঢালা নামক স্থানে অবস্থিত জেড ফোর্সের সদর দপ্তর পরিদর্শনে আসেন। তিনি ব্রিগেডটিকে বৃহত্তর সিলেট অঞ্চলে অভিযান পরিচালনার নির্দেশ দেন। এ জন্য শ্রীমঙ্গলে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ছাতক ও কোম্পানীগঞ্জে তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং মৌলভীবাজার এলাকায় অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে অপারেশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। আমি ছিলাম ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে সংযুক্ত এফএফদের (মুক্তিযোদ্ধা) নিয়ে গঠিত ইদ্রিস কোম্পানির কোম্পানি কমান্ডার। আমি কমান্ডার থাকায় ওই কোম্পানির নামকরণ করা হয় ‘ইদ্রিস কোম্পানি’। আমরা এই যুদ্ধে মূল পদাতিক কোম্পানির সহযোগী শক্তি হিসেবে কাজ করেছি। তাই অন্য কোম্পানির যুদ্ধের বিবরণ অন্য অর্থে আমাদের অভিজ্ঞতারও বর্ণনা।
ভারত সীমান্ত থেকে ১০-১২ মাইল অভ্যন্তরে একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর হলো ছাতক শহর, যা সুরমা নদীর তীরে অবস্থিত। এই থানা শহরটির সঙ্গে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে যোগাযোগের মাধ্যম হলো নদী, সড়ক ও রেলপথ। ছাতক শহর-সংলগ্ন সুরমা নদীর পশ্চিম তীরে ছিল সেই সময়ে দেশের একমাত্র সিমেন্ট উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান-ছাতক সিমেন্ট ফ্যাক্টরি। ছাতক রেলস্টেশন থেকে দেশের বৃহত্তম পাথরের কোয়ারি ভোলাগঞ্জ পর্যন্ত ‘রোপওয়ে’ তৈরি করা ছিল। বিভিন্ন নির্মাণকাজে ব্যবহৃত দেশের ৯০ শতাংশ বোল্ডার, ভাঙা পাথর, নুড়িপাথর, পিগ্রাভেলস, সিঙ্গেলস ও মোটা বালু ছাতক থেকেই সরবরাহ হয়।
ছাতক শহর থেকে ৩৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণে ছিল সিলেট শহর। সিলেটে ছিল পাকিস্তান সেনাবাহিনীর ২০২ ব্রিগেডের সদর দপ্তর। ব্রিগেডটির কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার সলিমুল্লাহ। ছাতক সিমেন্ট ফ্যাক্টরি ও শহর এলাকায় ছিল ৩১ পাঞ্জাব রেজিমেন্টের এক কোম্পানি সেনা। তা ছাড়া এদের সঙ্গে ছিল ১২ একেএফ (আজাদ-কাশ্মীর ফোর্স), ইপিসিএএফ (ইস্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্স) এবং রাজাকার বাহিনীর দুই কোম্পানি শক্তিসম জনবল। ছাতক সিমেন্ট ফ্যাক্টরি ঘিরে টিলাগুলোর ওপর পাকিস্তানি সেনারা আরসিসি ঢালাই করা বাংকার তৈরির মাধ্যমে অবস্থান নেয়। ফিল্ড টেলিফোন লাইন স্থাপন করে প্রতিটি বাংকারের সঙ্গে কোম্পানি সদর দপ্তরের সার্বক্ষণিক যোগাযোগের ব্যবস্থা ছিল। তা ছাড়া ওয়্যারলেস সেটের মাধ্যমে ছাতকের সঙ্গে সিলেট সদরে অবস্থিত ব্রিগেড সদর দপ্তরের যোগাযোগ তো ছিলই।
ছাতকের ঠিক উত্তর-পশ্চিম সীমান্ত ঘেঁষে বাঁশতলায় ছিল আমাদের ৫ নম্বর সেক্টরের সদর দপ্তর। এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী (বীর উত্তম, পরে লেফটেন্যান্ট জেনারেল, রাষ্ট্রদূত ও মন্ত্রী) এবং সেক্টরের বেসামরিক উপদেষ্টা ছিলেন সত্তরের নির্বাচিত এমএনএ (মেম্বার অব ন্যাশনাল অ্যাসেমব্লি বা জাতীয় পরিষদ সদস্য) অ্যাডভোকেট আবদুল হক। ৫ নম্বর সেক্টরকে সুনামগঞ্জের টাকেরঘাট থেকে সিলেটের ডাউকি পর্যন্ত মোট পাঁচটি সাব-সেক্টরে ভাগ করা হয়। বাঁশতলাতেই ছিল শেলা সাব-সেক্টর হেডকোয়ার্টার। শেলা সাব-সেক্টরের কমান্ডার ছিলেন ক্যাপ্টেন আবু সৈয়দ হেলাল উদ্দিন (পরে লেফটেন্যান্ট কর্নেল)। শেলা সাব-সেক্টরের অধীনে ছিল কয়েকটি এফএফ কোম্পানি। ছাতকের উত্তর-পশ্চিমে বাংলাবাজারে সদর দপ্তর স্থাপন করে বালিউরায় প্রতিরক্ষায় নিয়োজিত ছিল এফএফদের নিয়ে গঠিত আমার কোম্পানি। নরসিংপুরে সদর দপ্তর স্থাপন করে হাদাটিলায় ডিফেন্সে নিয়োজিত ছিল সামসুদ্দিন কোম্পানি এবং বগুড়ায় সদর দপ্তর স্থাপন করে মহব্বতপুর ডিফেন্সে নিয়োজিত ছিল শহীদ কোম্পানি। এই সেক্টরের অধীনে কোনো নিয়মিত বাহিনী ছিল না। এমএফ এবং এফএফ মিলে এই সেক্টরের অধীনে পাঁচটি সাব-সেক্টরে অনূ্ন্য ১০ হাজার মুক্তিযোদ্ধা যুদ্ধরত ছিল। এ ছাড়া প্রতিটি সাব-সেক্টরের সহযোগী মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল অগণিত।
গারো পাহাড়ের তেলঢালা ক্যাম্প থেকে ভারতের গুয়াহাটি, শিলং ও চেরাপুঞ্জি হয়ে ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনারা ছাতক আক্রমণের দুই দিন আগে, অর্থাৎ ১১ অক্টোবর বাঁশতলায় আসে। ৫ নম্বর সেক্টর কমান্ডার প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা করেন। তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক মেজর শাফায়াত জামিল (বীর বিক্রম, পরে কর্নেল) ক্যাপ্টেন আনোয়ার হোসেনের (বীর প্রতীক, পরে মেজর জেনারেল) আলফা এবং ক্যাপ্টেন আকবর হোসেনের (বীর প্রতীক, পরে লেফটেন্যান্ট কর্নেল ও মন্ত্রী) ব্রাভো কোম্পানি দুটিকে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি এলাকার পাকিস্তানি বাহিনীর মূল অবস্থানের ওপর আক্রমণ পরিচালনার দায়িত্ব দেন। সার্বিক সহযোগিতার দায়িত্ব বর্তায় সেক্টর কমান্ডার মেজর মীর শওকত আলী ও সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন হেলালের ওপর। গাইড ও সহযোগী হিসেবে তাঁদের সঙ্গে যুক্ত করা হয় আমার কোম্পানির এফএফদের। তা ছাড়া রৌমারীতে প্রশিক্ষণপ্রাপ্ত আখতারের (পরে লেফটেন্যান্ট কর্নেল) স্টুডেন্ট কোম্পানিটিকে আলফা ও ব্রাভো কোম্পানির রিইনফোর্সমেন্ট এবং রিয়ার প্রোটেকশনের দায়িত্ব দেওয়া হয়।
শেলা সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন হেলালকে প্রয়োজনীয় গাইড সরবরাহ, রিইনফোর্সমেন্ট এবং কমিউনিকেশন রিপ্লেনিশমেন্টসহ আনুষঙ্গিক দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। অপারেশন চলাকালে দোয়ারাবাজার হয়ে যাতে শত্রুর রিইনফোর্সমেন্ট আসতে না পারে, সে জন্য সেখানে অবস্থান নিয়ে ক্যাপ্টেন মোহসিনের (মোহসিন উদ্দীন আহমেদ বীর বিক্রম, পরে ব্রিগেডিয়ার জেনারেল এবং ১৯৮১ সালে জিয়া হত্যা ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত) নেতৃত্বাধীন চার্লি কোম্পানিকে কাট অফ পার্টির দায়িত্ব পালন করতে বলা হয়। সড়কপথে সিলেট শহর থেকে গোবিন্দগঞ্জ হয়ে ছাতক শহরে যাতে শত্রুর কোনো রিইনফোর্সমেন্ট আসতে না পারে, সে জন্য লেফটেন্যান্ট নবীর (এস আই এম নূরুন্নবী খান বীর বিক্রম। পরে লেফটেন্যান্ট কর্নেল) নেতৃত্বে ডেলটা কোম্পানিকে ছাতক ও গোবিন্দগঞ্জের মাঝামাঝি মাধবপুর ও হাসনাবাদ এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে আরেকটি কাট অফ পার্টির দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। লেফটেন্যান্ট নবীর ডেলটা কোম্পানিকে বাঁশতলা ক্যাম্প থেকে এবং ১০-১২ মাইল পূর্বে ভোলাগঞ্জ সাব-সেক্টর সদর দপ্তর থেকে প্রয়োজনীয় গাইড ও অন্যান্য সাহায্য-সহযোগিতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই সময় ভোলাগঞ্জ সাব-সেক্টরের কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট (প্রকৌশলী) এ এন এম আলমগীর।
১২ অক্টোবর সন্ধ্যার পর ভোলাগঞ্জ ক্যাম্পের উদ্দেশে লেফটেন্যান্ট নবীর ডেলটা কোম্পানি পাহাড়ি পিচ্ছিল পথ ধরে রওনা হয়। ব্যাটালিয়ন টুআইসি ও চার্লি কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মোহসিনকে আলফা, ব্রাভো, চার্লি ও স্টুডেন্ট কোম্পানির সার্বিক প্রস্ত্ততির দায়িত্ব দিয়ে ব্যাটালিয়ন অধিনায়ক মেজর শাফায়াত জামিলও ডেলটা কোম্পানির সঙ্গে ভোলাগঞ্জের উদ্দেশে রওনা দেন। শত্রুর মূল অবস্থানের পেছনে মাধবপুর-হাসনাবাদ এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে কাট অফ পার্টি হিসেবে প্রতিরক্ষা অবস্থান নেওয়ার বিষয়টি ছিল খুবই গুরুত্বপূর্ণ ও ভয়াবহ। এই অপারেশনের গুরুত্ব অনুধাবন করে ব্যাটালিয়ন অধিনায়ক ভোলাগঞ্জে উপস্থিত হয়ে সার্বিক আয়োজন স্বচক্ষে দেখতে চেয়েছিলেন। অতিরিক্ত ফায়ার সাপোর্ট হিসেবে তিনি এই কোম্পানির সঙ্গে দুটি তিন ইঞ্চি মর্টার ও চারটি এইচএমজির ডিটাচমেন্ট নিয়োজিত করেন। গন্তব্যস্থলের উদ্দেশে ডেলটা কোম্পানির মুভ করার সব ব্যবস্থা করে ১৩ অক্টোবর দুপুরের পরপরই ব্যাটালিয়ন অধিনায়ক মেজর শাফায়াত জামিল বাঁশতলা ক্যাম্পের উদ্দেশে রওনা হন।
১৩ অক্টোবর বিকেলেই ডেলটা কোম্পানি বুড়িডোর গ্রামের উদ্দেশে রওনা হয়। এ সময় বুড়িডোরে অবস্থান নিয়েছিল মুক্তিযোদ্ধা ইয়ামীন চৌধুরী (বীর বিক্রম) ও ফখরুদ্দিনের (বীর প্রতীক) নেতৃত্বাধীন দুটি এফএফ কোম্পানি। বুড়িডোরকে এই অপারেশনের অ্যাসেমব্লি এরিয়া হিসেবে নির্বাচন করা হয়। ওই সময়কার ভোলাগঞ্জ সাব-সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট আলমগীর লেফটেন্যান্ট নবীর ডেলটা কোম্পানির সঙ্গে এফএফ কমান্ডার রশিদের নেতৃত্বাধীন কোম্পানিটি নিয়ে অভিযানে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানান। সে মতে কমান্ডার রশিদকেও সন্ধ্যার মধ্যেই তাঁর এফএফ কোম্পানি নিয়ে বুড়িডোরে পৌঁছার নির্দেশ দেন।
১৩ অক্টোবর সন্ধ্যার পরপরই ডেলটা কোম্পানি, ব্যাটালিয়ন হেডকোয়ার্টার কোম্পানির দুটি ডিটাচমেন্ট এবং রশিদের নেতৃত্বাধীন এফএফ কোম্পানি মাধবপুরের উদ্দেশে বুড়িডোর অবস্থান ত্যাগ করে। সুরমা নদীর উত্তর তীরে পারকুল গ্রামে পৌঁছাতে ভোর হয়ে যায়। সাব-সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট আলমগীর তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ডেলটা কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নবীর সঙ্গে একই নৌকায় করে পারকুলে পৌঁছান। পারকুলে পৌঁছে দেখা গেল, ডেলটা কোম্পানির ১০ নম্বর প্লাটুন ও কমান্ডার রশিদের এফএফ কোম্পানিটির কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এই প্লাটুনের কমান্ডার ছিলেন বেঙ্গল রেজিমেন্টের সুবেদার করম আলী। অবশিষ্ট সেনাদের নিয়েই লেফটেন্যান্ট নবী সুরমা নদীর দক্ষিণ তীর কালারুখা বাজারসংলগ্ন বোবরাপুর গ্রামের মসজিদ এলাকায় হেডকোয়ার্টার স্থাপন করে হাসনাবাদ ও মাধবপুর এলাকায় রেল ও সড়কপথ অবরোধ করে অবস্থান নেন।
১৪ অক্টোবর সকাল ১০টা থেকেই শত্রু তার ছাতক শহরে অবস্থান থেকে এসে বারবার প্রতি-হামলা চালায়। ডেলটা কোম্পানির সঙ্গে আসা দুটি তিন ইঞ্চি মর্টার বারবার স্থান পরিবর্তন করে ছাতক শহরের শত্রুর অবস্থানগুলোর ওপর গোলাবর্ষণ করতে থাকে। মেশিনগানগুলোর অবস্থানও এমনই ছিল যে শত্রুপক্ষ বারবার চেষ্টা করেও ডেলটা কোম্পানির সেনাদের অবস্থান ত্যাগ করাতে পারছিল না। অন্যদিকে দুপুর গড়িয়ে যাওয়ার পরও হাওরে নিরুদ্দেশ হওয়া সুবেদার করম আলীর প্লাটুন এবং রশিদের এফএফ কোম্পানি মাধবপুরে পৌঁছাতে ব্যর্থ হয়। স্বল্পসংখ্যক সেনা নিয়ে ওই অবস্থানে থাকা অসম্ভব হয়ে পড়ে। বিকেলে সিলেট থেকে বিপুলসংখ্যক শত্রুসৈন্য সড়ক, রেলপথ ধরে ছাতকের দিকে অগ্রসর হতে থাকে। উপায়ান্তর না দেখে ডেলটা কোম্পানির সেনারা ১৪ অক্টোবর সন্ধ্যার আগ মুহূর্তে শত্রুদের ত্রিমুখী আক্রমণের মুখে বোবরাপুর ছেড়ে সুরমা নদী অতিক্রম করে অপর পারের পারকুল গ্রামে গিয়ে প্রতিরক্ষা অবস্থান নেয়। শত্রুরা অনবরত আর্টিলারি ও মর্টারের গোলা নিক্ষেপ করে পুরো পারকুল গ্রামটি ঝাঁঝরা করে দিচ্ছিল। ওই অবস্থায় প্রাপ্ত নৌকা নিয়ে এক প্লাটুন করে ডেলটা কোম্পানির সেনারা পারকুলের অবস্থান ছেড়ে বুড়িডোরের উদ্দেশে পশ্চাদপসরণ করে।
১৩ অক্টোবর সন্ধ্যার পরপরই ডেলটা কোম্পানি, ব্যাটালিয়ন হেডকোয়ার্টার কোম্পানির দুটি ডিটাচমেন্ট এবং রশিদের নেতৃত্বাধীন এফএফ কোম্পানি মাধবপুরের উদ্দেশে বুড়িডোর অবস্থান ত্যাগ করে। সুরমা নদীর উত্তর তীরে পারকুল গ্রামে পৌঁছাতে ভোর হয়ে যায়। সাব-সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট আলমগীর তৃতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ডেলটা কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নবীর সঙ্গে একই নৌকায় করে পারকুলে পৌঁছান।
ওদিকে ক্যাপ্টেন মোহসিন ১৩ অক্টোবর রাতেই তাঁর অধীন চার্লি কোম্পানি নিয়ে দোয়ারাবাজার এলাকায় কাট অফ পার্টি হিসেবে প্রতিরক্ষা অবস্থান নেওয়ার জন্য বাঁশতলার অবস্থান ছেড়ে চলে যান। দোয়ারাবাজার এলাকায় কাট অফ পার্টি হিসেবে চার্লি কোম্পানির প্রতিরক্ষা অবস্থান নেওয়ার উদ্দেশ্য ছিল দোয়ারাবাজার হয়ে সুনামগঞ্জ থেকে সুরমা নদীপথ ধরে পাকিস্তানের কোনো রিইনফোর্সমেন্ট যাতে ছাতকে পৌঁছাতে না পারে। ৫ নম্বর সেক্টর হেডকোয়ার্টার এবং শেলা সাব-সেক্টর সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১৩ অক্টোবর সকালবেলা পর্যন্তও দোয়ারাবাজারে পাকিস্তানি বাহিনীর কোনো প্রতিরক্ষা অবস্থান ছিল না। কয়েকটি নৌকায় করে ক্যাপ্টেন মোহসিনের কোম্পানিটি ১৪ অক্টোবর প্রত্যুষে যখন দোয়ারাবাজার অবস্থানের ৫০ গজের মধ্যে পৌঁছায়, তক্ষুনি অকস্মাৎ একযোগে সব কটি নৌকার ওপর পাকিস্তান সেনাবাহিনী গোলা নিক্ষেপ করতে শুরু করে। এমনতর পরিস্থিতির জন্য ক্যাপ্টেন মোহসিনের কোম্পানি প্রস্ত্তত ছিল না। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। অস্ত্র ফেলে অনেকে নদী সাঁতরে প্রাণ বাঁচান। ক্যাপ্টেন মোহসিনও আহত অবস্থায় নদী সাঁতরে এক গ্রামে গিয়ে আশ্রয় নেন। স্থানীয়ভাবে গ্রাম্য চিকিৎসকের চিকিৎসায় সুস্থ হয়ে নৌকা ও হাঁটাপথ ধরে চার দিন পর বাঁশতলা ক্যাম্পে ফিরে আসেন। এই কোম্পানির অধিকাংশ অস্ত্রই নদী ও হাওরের অথই পানিতে হারিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ডুবে শাহাদাতবরণ করেন ২২ জন। আহত হন বেশ কয়েকজন। জীবিতরা কোনো রকমে স্থানীয় লোকজনের সহযোগিতায় বাঁশতলা ক্যাম্পে ফিরে আসতে সক্ষম হন। পুরো চার্লি কোম্পানি পরবর্তী অপারেশনের জন্য অকেজো হয়ে পড়ে।
মূল আক্রমণকারী দল ক্যাপ্টেন আনোয়ারের আলফা ও ক্যাপ্টেন আকবরের ব্রাভো কোম্পানি বাংলাবাজার ও বালিউরা থেকে আমার কোম্পানির এফএফদের সঙ্গে নিয়ে ১৪ অক্টোবর ভোর রাতেই ছাতক সিমেন্ট ফ্যাক্টরি-সংলগ্ন নোয়ারাই টিলায় অবস্থান নেয়। ভোররাতেই প্রথমে রাজাকারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াই শুরু হলে বেশির ভাগ রাজাকার নিহত হয় এবং চারজন রাজাকারকে বন্দী করে বাঁশতলায় পাঠানো হয়। রাজাকারদের দুটি কোম্পানিই পর্যুদস্ত হয় এবং তাদের সব অস্ত্র মুক্তিযোদ্ধারা দখল করে নেয়। একটি বাংকারে একজন নগ্ন নারীকে দেখতে পেয়ে মুক্তিযোদ্ধারা একটি চাদর সংগ্রহ করে ছুড়ে দিলে সে ওটা পরে বেরিয়ে দৌড়ে চলে যায় বলে মুক্তিযোদ্ধারা জানান। ভোরের আলো ফুটতেই নোয়ারাই এলাকার জনগণ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এবং সার্বিক সহযোগিতা করে। কমান্ডার আখতারের নেতৃত্বে স্টুডেন্ট কোম্পানিও রিয়ার প্রোটেকশন পার্টি হিসেবে বাংলাবাজার এলাকায় ব্রিটিশ রোড আড়াল করে অবস্থান নেয়। আলফা ও ব্রাভো কোম্পানির আক্রমণে ফায়ার সাপোর্ট দেওয়ার জন্য মিত্রবাহিনীর দেওয়া আটটি ৪.২ ইঞ্চি মর্টারও কমান্ডার আখতারের স্টুডেন্ট কোম্পানির প্রতিরক্ষা এলাকায় নিয়োগ করা হয়।
১৪ অক্টোবর ভোররাত থেকেই পাকিস্তানি বাহিনীর সঙ্গে আমার এফএফ কোম্পানিসহ আলফা ও ব্রাভো কোম্পানির তুমুল যুদ্ধ শুরু হয়। ওই রাতেই আমাদের তিনটি কোম্পানি অগ্রসর হয়ে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির কাছাকাছি টিলার উঁচু স্থানগুলোতে অবস্থান নেয়। আলফা কোম্পানি ওই পর্যায়ে শত্রুর সম্মুখবর্তী অবস্থানের ১০০ থেকে ১৫০ গজের মধ্যে পৌঁছে যায়। ১৫ অক্টোবর দিনভর দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। পাকিস্তানি অনেক সেনা হতাহত হয়ে পশ্চাদপসরণ করে সুরমা নদীর দক্ষিণ পারে ছাতক শহরে চলে যায়। ছাতক থেকে হতাহতদের লাশ ট্রাকযোগে সিলেটে পাঠানোর সংবাদ তখন জানা গিয়েছিল। আলফা কোম্পানির আরআর (রিকোয়েললেস রাইফেল)-এর গোলার আঘাতে শত্রুর অনেক বাংকার ধ্বংস হয়ে যায়। সন্ধ্যার মধ্যেই আলফা কোম্পানি ছাতক সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় ঢুকে পড়ে। ক্যাপ্টেন আকবরের ব্রাভো কোম্পানিও ওই পর্যায়ে আলফা কোম্পানির কাছাকাছি গিয়ে অবস্থান নেয়। ১৪ অক্টোবর রাতেই সিলেট থেকে সড়কপথে ছাতকে শত্রুপক্ষের ব্যাপক রিইনফোর্সমেন্ট এসে যায়। মাধবপুর ও হাসনাবাদ এলাকা থেকে ডেলটা কোম্পানি উইথড্র করে চলে আসার ফলেই এটা সম্ভব হয়। ওদিকে চার্লি কোম্পানি দোয়ারাবাজারে অবস্থান না নিতে পারায় ১৪ অক্টোবর বিকেল থেকেই দোয়ারাবাজার হয়ে শত্রুর ৩৩ বালুচ রেজিমেন্টের এক কোম্পানি সেনা আলফা ও ব্রাভো কোম্পানিকে পেছন থেকে ঘিরে ফেলার জন্য অগ্রসর হয়। শত্রুরা তিনটি হেলিকপ্টারের সাহাঘ্যে ১৫ অক্টোবর সকাল থেকেই আলফা ও ব্রাভো কোম্পানির অবস্থানের ওপর মেশিনগানের গুলি নিক্ষেপ করতে থাকে। ১৫ অক্টোবর জেড ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান (বীর উত্তম, পরে সেনাপ্রধান, লেফটেন্যান্ট জেনারেল ও বাংলাদেশের রাষ্ট্রপতি) বালিউরায় এসে যুদ্ধ পরিদর্শন করেন। এই যুদ্ধে ২৫-৩০ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। আহতদের অনেক কষ্টে বাঁশতলা পাঠানো হয়।
১৬ অক্টোবর সকালে দেখা গেল, শত্রুপক্ষ আলফা ও ব্রাভো কোম্পানির ঠিক পেছনের উঁচু টিলাগুলোতে প্রতিরক্ষা অবস্থান নিতে শুরু করেছে। এদিন শত্রুর সঙ্গে আলফা কোম্পানির সেনাদের প্রচণ্ড যুদ্ধ হয়। দিনভর ব্রাভো কোম্পানি ফায়ার সাপোর্ট দিয়ে যায়। সন্ধ্যার মধ্যেই পুরো সিমেন্ট ফ্যাক্টরি এলাকা আলফা ও ব্রাভো কোম্পানির দখলে চলে আসে। কিন্তু আলফা ও ব্রাভো কোম্পানির ঠিক পেছনেই উঁচু টিলাগুলোতে দিনভর শত্রুর সেনাসমাবেশ ক্যাপ্টেন আকবরকে চিন্তিত করে তোলে। সন্ধ্যার পরপরই ক্যাপ্টেন আকবর সার্বিক অবস্থা পর্যালোচনার জন্য ক্যাপ্টেন আনোয়ারের অবস্থানে পৌঁছান। আলফা ও ব্রাভো কোম্পানির সঙ্গে চার্লি ও ডেলটা কোম্পানির কোনো যোগাযোগ ছিল না। রিয়ারের সঙ্গেও যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না। আলফা ও ব্রাভো কোম্পানি তখন শত্রুর বেষ্টনীর মধ্যে পড়ে গিয়েছিল। ক্যাপ্টেন আকবর ও ক্যাপ্টেন আনোয়ার অবস্থান ছেড়ে পেছনে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এদিন বিকেল পর্যন্ত পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধ চলে। ১৭ জন মুক্তিযোদ্ধা নিজ নিজ বাংকারে শত্রুর গুলির আঘাতে ঝাঁঝরা হয়ে শাহাদাতবরণ করেন। ২৫-৩০ জনের মতো মারাত্মক আহত হন। আহতদের বহু কষ্টে বাঁশতলা পাঠানো হয়। কিন্তু শহীদদের মরদেহ নেওয়ার কোনো উপায় করা যায়নি। আহত কয়েকজনকে বাঁশতলায় পৌঁছানোর পর কর্তব্যরত একমাত্র স্বেচ্ছাসেবী চিকিৎসক ডাক্তার নূরুল ইসলাম (এলএমএফ) তাঁদের মৃত ঘোষণা করেন।
এফএফ কোম্পানির মুক্তিযোদ্ধারা গাইড করে আলফা ও ব্রাভো কোম্পানিকে কোথাও হাঁটুপানি, আবার কোথাও গলাপানি হয়ে পেছনে বালিউরা এলাকায় ভোরবেলায় পৌঁছাতে সক্ষম হয়। বালিউরায় পর্যায়ক্রমে এসে একত্র হন সেক্টর কমান্ডার মেজর মীর শওকত আলী, ব্যাটালিয়ন কমান্ডার মেজর শাফায়াত জামিল, সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন হেলাল, কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন আনোয়ার ও ক্যাপ্টেন আকবর। এফএফ কোম্পানিসহ আলফা ও ব্রাভো কোম্পানি অবস্থান ছেড়ে গেছে দেখে ১৭ অক্টোবর পাকিস্তানি বাহিনী তাদের ধাওয়া করতে জোড়াপানি-মৌলা হয়ে ভারতীয় সীমান্তের দিকে অগ্রসর হয়। মুক্তিযোদ্ধারা আলফা ও ব্রাভো এবং আমার এফএফ কোম্পানিসহ বালিউরায় অবস্থান নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন।
এদিন বিকেল পর্যন্ত পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধ চলে। ১৭ জন মুক্তিযোদ্ধা নিজ নিজ বাংকারে শত্রুর গুলির আঘাতে ঝাঁঝরা হয়ে শাহাদাতবরণ করেন। ২৫-৩০ জনের মতো মারাত্মক আহত হন। আহতদের বহু কষ্টে বাঁশতলা পাঠানো হয়। কিন্তু শহীদদের মরদেহ নেওয়ার কোনো উপায় করা যায়নি। আহত কয়েকজনকে বাঁশতলায় পৌঁছানোর পর কর্তব্যরত একমাত্র স্বেচ্ছাসেবী চিকিৎসক ডাক্তার নূরুল ইসলাম (এলএমএফ) তাঁদের মৃত ঘোষণা করেন। তাঁদের বাঁশতলা শহীদ মুক্তিযোদ্ধা কবরস্থানে সমাধিস্থ করা হয়। কিন্তু তাঁদের অনেকেরই নাম-পরিচয় রাখা হয়নি। জীবিতরা আটটি ৪.২ ইঞ্চি মর্টারসহ ১৭ অক্টোবর রাতে ব্রিটিশ রোডে ফিরে আসতে সক্ষম হন। ওই দিনই বিকেলে শত্রুরা ছাতকের দিকে ফিরে যায়। পরদিন ১৮ অক্টোবর আবার শত্রুরা সংঘবদ্ধ হয়ে ছনখাইড় এলাকা পর্যন্ত এসে পৌঁছালে বালিউরা এলাকা থেকে মুক্তিযোদ্ধারা তাদের দিকে গুলিবর্ষণ শুরু করেন। শত্রুপক্ষও পাল্টা গুলি ছোড়ে। তবে তারা আর অগ্রসর হতে পারেনি এবং ছাতকের দিকে ফিরে যায়। কিন্তু দখলদার বর্বর সেনারা ওই দিন ছনখাইড়, রাজারগাঁও, মৌলা, জয়নগর, জোড়াপানি, নোয়ারাই ইত্যাদি গ্রামের বহু বাড়িঘর জ্বালিয়ে ছারখার করে দেয়। অনেক নিরস্ত্র মানুষকে হত্যা করে। এভাবেই পাঁচ দিন স্থায়ী ছাতক অপারেশনের পরিসমাপ্তি ঘটে।
ছাতক অপারেশনে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শত্রুপক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণই ছিল বেশি। তাদের একজন কর্নেলসহ বহু সেনা হতাহত হয়। পাকিস্তানের ব্রিগেডিয়ার সিদ্দিক সালিক তাঁর উইটনেস টু সারেন্ডার বইয়ে ছাতকের যুদ্ধের কথা স্বীকার করেছেন এবং তাতে পাকিস্তানিরা বেকায়দায় পড়েছিল, সেটাও স্বীকার করেছেন। এই অপারেশনের সংবাদ ফলাও করে বিবিসিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছিল। মুক্তিবাহিনীর এই আক্রমণের সংবাদে দখলদার পাকিস্তানি বাহিনীর সদর দপ্তর রাওয়ালপিন্ডিও কেঁপে উঠেছিল। আমাদের দিকে পর্যাপ্ত রেকি, ওয়্যারলেস সেটের মাধ্যমে এক কোম্পানির সঙ্গে অন্য কোম্পানিগুলোর যোগাযোগ, রিইনফোর্সমেন্ট এবং পর্যাপ্ত ফায়ার সাপোর্টের ব্যবস্থা নিশ্চিত না করে এ ধরনের প্রথাগত আক্রমণে যাওয়াটা যুক্তিযুক্ত ছিল না। কিন্তু দেশমাতৃকাকে শত্রুমুক্ত করার লক্ষ্যে মুক্তিবাহিনীকে এ ধরনের অপারেশনে প্রায়ই যেতে হয়েছিল। আরও একটি আলোচনা তখন শোনা গিয়েছিল, ছাতকে ভারী গোলাবর্ষণের প্রস্তাবে ৫ নম্বর সেক্টরের বেসামরিক উপদেষ্টা প্রয়াত এমএনএ আবদুল হক সম্মতি দান না করায় পেছন থেকে সহযোগিতা করা হয়নি। এই যুদ্ধে সাহসিকতাপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনজন মুক্তিযোদ্ধাকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করা হয়। তাঁরা হচ্ছেন: আলফা কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন আনোয়ার হোসেন, ব্রাভো কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন আকবর হোসেন এবং অন্যজন আমি ইদ্রিস আলী।
মো. ইদ্রিস আলী, বীর প্রতীক: জন্ম ৫ মে ১৯৫২, হবিগঞ্জ। মুক্তিযুদ্ধকালে ৫ নং সেক্টরের কোম্পানি কমান্ডার এবং মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার আগে ছাত্র (পাস কোর্স) ছিলেন। স্বাধীনতার পর পড়াশোনা শেষে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। ১৯৯৭ সালে সেরা শিক্ষক হিসেবে স্বর্ণপদক লাভ করেন। পরে তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দোয়ারাবাজার উপজেলার বড়খাল গ্রামে বসবাস করেন।
সম্মুখযুদ্ধ ১৯৭১, মুক্তিযোদ্ধাদের কলমে (প্রখম প্রকাশ ২০২০, প্রথমা প্রকাশন, পৃষ্ঠা ১১৬-১২৪, সম্পাদনা: মতিউর রহমান) গ্রন্থ থেকে।