সম্মুখসমর: ১৯৭১
অমরখানা বাংকার ধ্বংস
একাত্তরের মুক্তিযুদ্ধে নিরীহ বাঙালি অসীম সাহসে মুখোমুখি হয়েছিল পাকিস্তানের প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে। ছিনিয়ে এনেছিল বিজয়। বীরত্বপূর্ণ সেসব সম্মুখযুদ্ধ উজ্জ্বল হয়ে আছে স্বাধীনতার স্বপ্নে, আত্মত্যাগের মহিমায়। মুক্তিযুদ্ধের বহুল আলোচিত কয়েকটি যুদ্ধ নিয়ে প্রথম আলোর এ আয়োজন।
অমরখানা পঞ্চগড় মহকুমার সদর থানার অন্তর্গত। তালমা নদীর পূর্ব দিকে অবস্থিত অমরখানা গুরুত্বপূর্ণ ইউনিয়ন, এর অতি সন্নিকটে ভারতের সীমান্ত এলাকা। মুক্তিযুদ্ধের সময় অমরখানা ভজনপুর সাবসেক্টরের অন্তর্গত ছিল। প্রথম দিকে অমরখানা মুক্তিযোদ্ধাদের দখলে থাকলেও পরবর্তী সময়ে তাঁরা সেখানে টিকে থাকতে পারেননি। কারণ, মুক্তিযোদ্ধারা প্রথম দিকে ছিলেন অত্যন্ত দুর্বল ও অসংগঠিত।
অমরখানা দখল করার পর পাকিস্তানি সেনাবাহিনী সেখানে একটি শক্ত ঘাঁটি গড়ে তোলে। ভারী অস্ত্রসজ্জা, নতুন অনেক সৈন্য সমাবেশ, দুর্ভেদ্য বাংকার নির্মাণ, পিলবক্স, ট্রেঞ্চ ও অবজারভার পোস্ট স্থাপন করে অমরখানাকে পাকিস্তানি সৈন্যরা একটি নিরাপদ ও শক্ত ঘাঁটিতে পরিণত করে। সে সময় পাশেই ভজনপুরে মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি স্থাপিত হয়। এ ছাড়া ভারতীয় সীমান্ত এলাকা চাউলহাটিতে মুক্তিযোদ্ধাদের শিবির স্থাপিত হয়েছিল।
ভজনপুর ও অমরখানা পাশাপাশি অবস্থিত বলে উভয় বাহিনীর মধ্যে প্রায় প্রতিদিনই পাল্টাপাল্টি গোলাবিনিময় হতে লাগল। অনেকবার আক্রমণ করেও মুক্তিযোদ্ধারা অমরখানায় পাকিস্তানি ঘাঁটি থেকে পাকিস্তানি সৈন্যদের উচ্ছেদ করতে পারেননি। তারপরও মুক্তিযোদ্ধাদের চেষ্টা থেমে থাকেনি। পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধাদের সহযোগিতার জন্য ভারতীয় বাহিনী হাত বাড়ায়।
এমনই এক সময় ২২ অক্টোবর মুক্তিযোদ্ধারা ক্যাপ্টেন নন্দার সঙ্গে একটি পরামর্শে বসেন। এই পরামর্শে অমরখানায় পাকিস্তানি বাহিনীর সব অবস্থা সম্পর্কে আলোচনা হয় এবং শত্রুকে আঘাত করার কথা বলা হয়। কিন্তু মুক্তিযোদ্ধারা শত্রুর অসংখ্য বাংকার, ট্রেঞ্চ, পিলবক্স অস্ত্র সম্পর্কে কথা তোলেন। তখন পরামর্শ হয় যে মুক্তিযোদ্ধারা একটি বাংকারও কি ধ্বংস করতে পারবেন না। একটা ক্ষতি করলেও শত্রু বুঝতে পারবে যে মুক্তিযোদ্ধারা তাদের ঘাঁটিতে হাত দেওয়ার ক্ষমতা রাখেন।
ক্যাপ্টেন নন্দার এ রকম আবেগে মুক্তিযোদ্ধা মাহবুবের জুলাই মাসের প্রথম দিকে বুধন মেম্বারের বাড়িতে (অমরখানা) পাকিস্তানি বাহিনীর লঙ্গরখানা রেকি মিশনের কথা মনে পড়ে যায়। মুক্তিযোদ্ধা গোলাম গাউসসহ মাহবুব আলম সে রাতে অমরখানা বোর্ড অফিসের কাছে পাকা সড়কের ধারে মাটির ঢিবি মনে করে পাকিস্তানি বাহিনীর বাংকারে হাত দিয়ে নাড়াচাড়া করে এসেছিলেন। সেখানে ইতিমধ্যে শত্রুর আরও বাংকার গজিয়ে উঠেছে। সুতরাং ক্যাপ্টেন নন্দা সাহেবের পরামর্শের সুযোগটা সেখানে খাটানো যায়।
মাহবুব আলম এ ব্যাপারটা নন্দা সাহেবকে জানালেন এবং বলেন যে অমরখানায় সোজাসুজি যাওয়া তো যাবে না, আবার ব্রিজের দিক দিয়ে যাওয়াও সম্ভব নয়। পেছন দিক দিয়ে বোর্ড অফিসের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করা যেতে পার। নন্দা সাহেব কিছুক্ষণ ভেবে বলেন, ঠিক হ্যায়, তাহলে সেদিক দিয়েই অ্যাটেম্পট নাও। তবে কাজ না করে ফিরবে না, ওকে।
ওকে, বলে মাহবুব আলম সায় দিলেন এবং পরিকল্পনা অনুসারে ওই দিনই ১০টায় লক্ষ্যস্থলের উদ্দেশে রওনা দিলেন। দলের সদস্যসংখ্যা ছিলেন ১৫। প্রত্যেকেই প্রয়োজনীয় সমরসজ্জায় সজ্জিত। তবে তাঁদের সঙ্গে পথপ্রদর্শক নেই। এদিনেও অন্য দিনের মতো উভয় বাহিনীর মধ্যে তুমুল গোলাগুলি চলছে। এই গোলাগুলির মধ্যে অবজারভেশন পোস্টের বাঁ দিক দিয়ে সোজা খেত আর ঘরবাড়ির ভেতর দিয়ে এগিয়ে অমরখানা গ্রামকে ডানে রেখে মুক্তিযোদ্ধা দলটি উঠে আসে আলতাফ কেরানির বাড়ির কাছের পুকুরপাড়ে। আলতাফ কেরানি পাকিস্তানি ও মুক্তিবাহিনী উভয় বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখত, তবে মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করেনি তখনো পর্যন্ত।
মুক্তিযোদ্ধা একরামুলের নেতৃত্বে ১০ জন পুকুরপাড়ে কাভার পার্টি হিসেবে অবস্থানে রেখে মাহবুব আলম ৩ জনকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেন বোর্ড অফিসের দিকে লক্ষ্য রেখে। বোর্ড অফিসগামী সড়কের ওপর দিয়ে গেলে দুই দিন আগে নিজেদের পেতে রাখা মাইন ট্র্যাপে তাঁদের নিজেদেরই পড়ার আশঙ্কা থাকায় তাঁরা রাস্তার বাঁ দিকের ঢালু বেয়ে এগিয়ে যান। তখনো উভয় বাহিনীর মধ্যে গোলাগুলি চলছে। আধা ঘণ্টা গোলাগুলি চলার পর থেমে যায়।
মাহবুব আলম ও তাঁর সঙ্গীরা মাটিতে পড়ে অপেক্ষায় ছিলেন। গোলাগুলি থামার পর আবার তাঁরা এগিয়ে চলেন। তাঁরা প্রায় শত্রুঘাঁটির সীমাবৃত্তের ভেতর এসে পড়েন। পাকা সড়কের ১০০ গজের মধ্যে এলে সেখানে বাসারত ও করিমকে কভার পজিশনে রেখে মুক্তিযোদ্ধা মাহবুব ক্রলিং করে দ্রুত এগিয়ে যান। তাঁর সঙ্গে ডানে-বাঁয়ে আছে বিশ্বস্ত দুই যুবক-মালেক আর মঞ্জু। মাহবুবের হাতে স্টেনগান, মালেক ও মঞ্জুর হাতে এসএলআর এবং প্রত্যেকের কোমরে রয়েছে গ্রেনেড। আগে থেকেই রেজার চার্জ বানিয়ে আনা হয়েছে বাংকার ওড়ানোর জন্য।
আরও কিছুটা এগিয়ে যেতে হবে। মাথার ওপর দিয়ে মুক্তিবাহিনী ও পাকিস্তানি বাহিনীর ঘাঁটি অবস্থান থেকে মেশিনগানের গোলাগুলি উড়ে চলছে জ্বলন্ত অগ্নিকণার মতো। আর বেশি দূরে নয়, সাহস ও ধৈর্য ধরে তাঁরা এগিয়ে গেলেন। তিনজনেই তাঁদের এক হাতে গ্রেনেড নিয়ে ও অন্য হাতে অস্ত্র নিয়ে তিল তিল করে বুকে হেঁটে অবশেষে বুধন মেম্বারের বাড়ির পূর্ব দিকে বাঁশঝাড়ের মধ্যে পৌঁছালেন।
পাকা সড়ক থেকে ভেতরগামী রাস্তাটা ডানে প্রায় ২০ গজ দূরত্বে রয়েছে। এই রাস্তার সূচনায় পাকা সড়কের ধার ঘেঁষে দুটো বাংকারের কালো অবয়ব স্পষ্ট দেখতে পাচ্ছেন তাঁরা। তবে বাংকারের ভেতর কেউ আছে কি না, বুঝতে পারছেন না তাঁরা। আবার বাংকারের অবস্থান সরাসরি রেকি করে এসে সেগুলোর দখল নিয়ে ধীরেসুস্থে চার্জ বসিয়ে উড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতিও নেই। উঁচু ঘাসের ভেতর দিয়ে আরও কিছুটা এগিয়ে যান সাহসী যোদ্ধারা।
সামনে ৩০-৩৫ গজের ভেতরেই শত্রুর দুটো বাংকারের অবস্থান। একটু ভেবে নেন তিনজন, সময় বেশি পাওয়া যাবে না; দুই মিনিটের মধ্যে কাজ সারতে হবে। রেজার চার্জের সেফটি ফিউজে আগুন লাগিয়ে নিয়ে ছুটে গিয়ে বাংকারের ফোকর দিয়ে তা গলিয়ে দিয়ে আসতে হবে। এবং এটা করতে হবে ত্বরিত গতিতে শত্রুকে কোনো কিছু বুঝে উঠতে দেওয়ার অবকাশ না দিয়েই।
ওদিকে দূরের বাংকারগুলো থেকে খই ফোটার মতো করে মেশিনগান গর্জে যাচ্ছে তাঁদের সম্মুখ দিকে। সামনের লক্ষ্য বাংকারগুলো নীরব। পাকা সড়কের ওপর শত্রুর কোনো টহলদারি নেই। এখান থেকে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর কামানের গোলাবর্ষণের জন্য শত্রু নিজেদের গুটিয়ে নিয়েছে নিরাপত্তামূলক অবস্থানে। ইপ্সিত বাংকার দুটোয় শত্রু আছে কি না, বোঝা যায় না।
মালেক-মঞ্জুকে কাছে টেনে মাহবুব আলম ব্যাপারটা বুঝিয়ে দেন। মাত্র দুই মিনিট সময়। এর মধ্যেই কাজ শেষ করে যত দূর সম্ভব দূরে সরে যেতে হবে। অর্থাৎ বাংকারের ফোকর দিয়ে চার্জ ঢুকিয়ে দিয়ে নিরাপদ দূরত্বে চলে যেতে হবে। মালেক ও মঞ্জু মাথা নাড়িয়ে সমর্থন দেয়।
৪ পাউন্ড এক্সপ্লোসিভ দিয়ে প্রতিটি চার্জ বানানো ছিল। দুজন দুটো চার্জ হাতে নেয়। তারপর হাতের তালুর আড়ালে তাতে ম্যাচের কাঠি জ্বালিয়ে আগুন ধরানো হয়। অস্ত্র কাঁধে ঝুলিয়ে এক হাতে ফিউজের তার এবং অন্য হাতে চার্জ ধরে দৌড়ে ওরা সামনের দিকে চলে যায়। এদের কাভারে থাকেন মাহবুব আলম।
চার্জ দুটি শত্রুর বাংকারে ঢুকিয়ে দিয়ে মালেক ও মঞ্জু দৌড়ে ফিরে এসে মাহবুব আলমকে বলে, সময় নেই দৌড়ান কমান্ডার সাব। সবাই একসঙ্গে নিরাপদ স্থানের দিকে দৌড়াতে থাকে। মুহূর্তেই চার্জ দুটি বিস্ফোরণ ঘটে। মুক্তিযোদ্ধারা নিরাপদে তাঁদের অবস্থানে ফিরে যান। এই সফল অপারেশনে শত্রুর দুটো বাংকার ধ্বংস হয়। মুক্তিযোদ্ধারা এতে নতুন উদ্দীপনা সঞ্চয় করেন।
সূত্র: বাংলাদেশের স্বাধীনতা, সেব্টরভিত্তিক ইতিহাস, সেক্টর-ছয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।