একাত্তরের মুক্তিযুদ্ধে নিরীহ বাঙালি অসীম সাহসে মুখোমুখি হয়েছিল পাকিস্তানের প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে। ছিনিয়ে এনেছিল বিজয়। বীরত্বপূর্ণ সেসব সম্মুখযুদ্ধ উজ্জ্বল হয়ে আছে স্বাধীনতার স্বপ্নে, আত্মত্যাগের মহিমায়। মুক্তিযুদ্ধের বহুল আলোচিত কয়েকটি যুদ্ধ নিয়ে প্রথম আলোর এ আয়োজন।
পার্বতীপুর ও ফুলবাড়ী (দিনাজপুর) এবং পাঁচবিবি (জয়পুরহাট) থানা বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত। এই থানা তিনটিকে দেশের গুরুত্বপূর্ণ রেললাইন স্পর্শ করেছে।
২২ মে ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পুনর্গঠনকাজে এই ব্যাটালিয়নের অধিনায়ক মেজর শাফায়াত জামিল [বীর বিক্রম, পরে কর্নেল] বালুরঘাটসংলগ্ন কামারপাড়া হাইস্কুল প্রাঙ্গণে প্রতিষ্ঠিত ক্যাম্প পরিদর্শনে এলে সোবরা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন (অব.) ইদ্রিস আলী [মো. ইদ্রিস আলী খান বীর বিক্রম] পার্বতীপুর ফুলবাড়ী-পাঁচবিবি-জয়পুরহাটের মধ্যকার চলন্ত ট্রেনে অ্যামবুশ অপারেশন পরিচালনার অভিপ্রায় ব্যক্ত করেন। ক্যাপ্টেন ইদ্রিস জানান, তিনি কয়েকবার ক্ষুদ্র অস্ত্র নিয়ে কয়েকটি অ্যামবুশ অপারেশন এরই মধ্যে পরিচালনা করেছেন। কিন্তু কার্যকর অস্ত্রের অভাবে শত্রুপক্ষের [পাকিস্তান সেনাবাহিনী] তেমন ক্ষতি সাধন করতে পারেননি। ক্যাপ্টেন ইদ্রিস কয়েকটি কার্যকর অস্ত্র দিয়ে এই অপারেশনে সাহায্য করার জন্য বারবার আকুল আবেদন জানিয়ে যাচ্ছিলেন।
ক্যাপ্টেন ইদ্রিসের নেতৃত্বে এই এলাকায় চলন্ত ট্রেনের ওপর যে কয়টি অ্যামবুশ অপারেশন পরিচালিত হয়েছিল, তার মধ্যেই এ দিনের অপারেশনে শত্রুর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি সাধিত হয়েছিল। এ দিনের অ্যামবুশে শত্রুপক্ষের ৮০ জনের মতো হতাহত হয়। এ ছাড়া পার্বতীপুর ও সৈয়দপুর থেকে সংগ্রহ করা রাজাকারদের অন্যূন ১০০ জন হতাহত হয়। মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্যায়ে এটি ছিল এই অঞ্চলের একটি উল্লেখযোগ্য অপারেশন। এ দিনের অপারেশনের পর বহুদিন যাবৎ এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
ক্যাপ্টেন ইদ্রিসের উৎসাহ দেখে মেজর শাফায়াত জামিল এতে সম্মতি প্রকাশ করে কী কী ধরনের অস্ত্রের প্রয়োজন, তা জানতে চান। এ সময় ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন আনোয়ার [বীর প্রতীক, পরে মেজর জেনারেল] এবং লেফটেন্যান্ট নবী [এস আই এম নুরুন্নবী খান বীর বিক্রম, পরে লেফটেন্যান্ট কর্নেল] সেখানে উপস্থিত ছিলেন।
ক্যাপ্টেন ইদ্রিস দু-একটি আরআর গান এবং তিন-চারটি রকেট লঞ্চারের প্রয়োজনীয়তার কথা জানালেন। বালুরঘাট এলাকায় অবস্থানরত ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানিগুলোর কাছে এ ধরনের অস্ত্র রয়েছে বলেও ক্যাপ্টেন ইদ্রিস মেজর শাফায়াত জামিলকে অবহিত করেন।
মেজর শাফায়াত জামিল লেফটেন্যান্ট নূরুন্নবীকে কামারপাড়া ক্যাম্পে অবস্থান নিয়ে ক্যাপ্টেন ইদ্রিসের সঙ্গে আলোচনা করে একটি বড় ধরনের ট্রেন অ্যামবুশ অপারেশন পরিচালনার পরিকল্পনা তৈরির নির্দেশ দেন। ক্যাপ্টেন আনোয়ারকে তিনি অপারেশনটির জন্য প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ এবং লোকবল দিয়ে সাহায্য করতে বলেন।
নির্দেশ পেয়ে ক্যাপ্টেন ইদ্রিস ও লেফটেন্যান্ট নবী অপারেশনটির সার্বিক পরিকল্পনা প্রণয়নের কাজে লেগে যান। এ সময় পার্বতীপুর, জয়পুরহাট ও রাজশাহীর মধ্যে ট্রেন যোগাযোগব্যবস্থা চালু হয়েছিল। বগুড়ার পাঁচবিবি এলাকায় ভারতীয় সীমান্তের খুব কাছাকাছি হয়ে ট্রেনলাইন চলে গিয়েছিল। সোবরা ক্যাম্প থেকে এ ধরনের অপারেশন পরিচালনা সহজতর ছিল। আর সোবরা ক্যাম্পের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন ইদ্রিস নিজেই।
এখানে ক্যাপ্টেন ইদ্রিস আলী সম্বন্ধে কিছু বলতে হয়। ক্যাপ্টেন ইদ্রিস পাকিস্তান সেনাবাহিনীর ইএমই কোরের একজন অবসরপ্রাপ্ত অফিসার ছিলেন। একজন (মেকানিক্যাল) ইঞ্জিনিয়ার হিসেবে একাত্তরের উত্তাল মার্চের ওই দিনগুলোতে তিনি জয়পুরহাট সুগার মিলের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। ২৫ মার্চের আর্মি ক্রাকডাউনের পর দেশমাতৃকার স্বাধীনতার জন্য চাকরি ছেড়ে অস্ত্র হাতে তুলে নেন।
বৃহত্তর বগুড়া ও রাজশাহী এলাকায় প্রাথমিক প্রতিরোধসংগ্রামে বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করেন। এপ্রিল মাসে সীমান্ত অতিক্রম করে সোবরা ক্যাম্প স্থাপন করেন। সোবরা ক্যাম্পে অবস্থান নিয়ে সীমান্ত এলাকায় অসংখ্য অপারেশন পরিচালনা করেন।
মে মাসের মাঝামাঝি মেজর শাফায়াত জামিল ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। জুন মাসের মাঝামাঝি ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গারো পাহাড়ের তেলঢালার উদ্দেশে পশ্চিম দিনাজপুর এলাকা ত্যাগ করলে ইদ্রিস ৭ নম্বর সেক্টরে থেকে যান। ক্যাপ্টেন ইদ্রিস ৭ নম্বর সেক্টর এলাকায় একজন কিংবদন্তির মুক্তিযোদ্ধা ছিলেন। দেশ স্বাধীন হওয়া পর্যন্ত ৭ নম্বর সেক্টর এলাকায় তিনি অসংখ্য অপারেশনে নেতৃত্ব দান করেছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য বাংলাদেশ সরকার তাঁকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করে।
পার্বতীপুর-জয়পুরহাট রেললাইনটি পাঁচবিবি এলাকায় ভারতীয় সীমান্তের খুব কাছ দিয়ে চলে গেছে। ফুলবাড়ী ও পাঁচবিবি থানার মাঝামাঝি বিরামপুর বা হাকিমপুরের কোনো এক স্থানে চলন্ত ট্রেনের ওপর অ্যামবুশ অপারেশন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। ২৩ মে প্রয়োজনীয় রেকি কাজ সেরে সন্ধ্যার পর ক্যাপ্টেন ইদ্রিস কামারপাড়া ক্যাম্পে রিপোর্ট করেন। ২৫ মে অ্যামবুশ অপারেশনটি পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
লেফটেন্যান্ট নবী ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আলফা ও চার্লি কোম্পানি থেকে দুটি আরআর গান এবং চারটি রকেট লঞ্চার একটি ডিটাচমেন্ট নিয়ে পরদিন ভোরেই গোবিন্দপুরের উদ্দেশে রওনা দেবেন বলে ইদ্রিসকে জানিয়ে দেন। ক্যাপ্টেন ইদ্রিস রাতেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাঁর সোবরা ক্যাম্পের উদ্দেশে কামারপাড়া ত্যাগ করেন।
সোবরা ক্যাম্প থেকে গোবিন্দপুর গ্রামের দূরত্ব খুব একটা ছিল না। ২৫ মে ভোররাতেই অ্যামবুশ অবস্থানে চলে যেতে হবে। তাই ২৪ মে রাতের মধ্যেই প্রস্তুতিমূলক সব কাজই সেরে নিতে হয়। অ্যামবুশ পার্টিকে ফায়ার কভার দেওয়ার জন্য এমজি এবং এলএমজিসহ দুটি কাট-অফ-পার্টিকে ভোরের আলো দেখার আগেই মজবুত বাংকার খননের মাধ্যমে অবস্থান নিয়ে নিতে বলা হয়। মূল অ্যামবুশ পার্টিকেও বাংকার খননের মাধ্যমে অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
২৪ মে সন্ধ্যায় ক্যাপ্টেন ইদ্রিসের ফরওয়ার্ড অ্যাসেমব্লি এলাকায় পৌঁছে দেখা গেল সেখানে তিনটি ৩ ইঞ্চি মর্টার রয়েছে। লেফটেন্যান্ট নবী এ ব্যাপারে জানতে চাইলে ক্যাপ্টেন ইদ্রিস জানালেন, তিনি বালুরঘাটের একটি লেদ মেশিনের দোকানে হাই কার্বন স্টিলের এমএস পাইপ দিয়ে ৩ ইঞ্চি মর্টারের ব্যারেলগুলো করেছেন। পরীক্ষা করে দেখেছেন যে এগুলো নিখুঁতভাবে ৩ ইঞ্চি মর্টারের গোলা নিক্ষেপ করে।
অপারেশন শেষে অ্যামবুশ পার্টির উইথড্রয়ালে এগুলো দিয়ে তিনি ফায়ার কভার দেওয়ার কথা লেফটেন্যান্ট নবীকে জানান। বিষয়টি অবাক করে দেওয়ার মতোই ছিল। ক্যাপ্টেন ইদ্রিস এ ধরনের মোট ছয়টি ৩ ইঞ্চি মর্টারের ব্যারেল তৈরি করেছেন বলে জানান।
২৫ মে সকাল থেকেই অ্যামবুশ পার্টির সদস্যরা ট্রেন আসার অপেক্ষায় ওতপেতে বসে থাকেন। বেলা ১১টায় ট্রেনটি অ্যামবুশ এলাকায় পৌঁছালে প্রথমেই লেফটেন্যান্ট নবীর নির্দেশে ২টি আরআর গান থেকে ট্রেনের ওয়াগনকে লক্ষ্য করে পরপর ৪টি গোলা নিক্ষিপ্ত হয়। ৩০০ গজ সম্মুখে অবস্থান নেওয়া রকেট লঞ্চারগুলোও নির্ভুলভাবে গোলা নিক্ষেপ করতে শুরু করে। অ্যামবুশ পার্টির অন্য সদস্যরাও নিজ নিজ অস্ত্র থেকে গুলি ও গোলা নিক্ষেপ করতে থাকেন।
সে এক ভয়াবহ দৃশ্য। ট্রেনটির অর্ধেকের মতো ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়ে গেল। অ্যামবুশ পার্টি সময়ক্ষেপণ না করে দ্রুত পেছনে ভারতীয় এলাকার ভেতরে চলে আসে।
ট্রেনটির ওয়াগনে ছিল পাকিস্তানি সেনাদের একটি বিরাট কনভয়। শত্রুপক্ষের জীবিত সৈনিকেরা রেললাইনকে আড়াল করে ব্যাপক গুলি ও গোলা নিক্ষেপ করছিল। কিন্তু ততক্ষণে মুক্তিবাহিনীর সদস্যরা নিরাপদ দূরত্বে সরে আসতে সক্ষম হন। সফল অ্যামবুশ অপারেশন শেষে মুক্তিবাহিনীর সদস্যরা সোবরা ক্যাম্পে ফিরে যান।
ক্যাপ্টেন ইদ্রিসের নেতৃত্বে এই এলাকায় চলন্ত ট্রেনের ওপর যে কয়টি অ্যামবুশ অপারেশন পরিচালিত হয়েছিল, তার মধ্যেই এ দিনের অপারেশনে শত্রুর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি সাধিত হয়েছিল। এ দিনের অ্যামবুশে শত্রুপক্ষের ৮০ জনের মতো হতাহত হয়। এ ছাড়া পার্বতীপুর ও সৈয়দপুর থেকে সংগ্রহ করা রাজাকারদের অন্যূন ১০০ জন হতাহত হয়। মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্যায়ে এটি ছিল এই অঞ্চলের একটি উল্লেখযোগ্য অপারেশন। এ দিনের অপারেশনের পর বহুদিন যাবৎ এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
(সাক্ষাৎকার: অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এস আই এম নূরুন্নবী খান বীর বিক্রম, তারিখ: ০১-০৯-২০০৩)
সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর-সাত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।