চাপিতলার লড়াই

একাত্তরের মুক্তিযুদ্ধে নিরীহ বাঙালি অসীম সাহসে মুখোমুখি হয়েছিল পাকিস্তানের প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে। ছিনিয়ে এনেছিল বিজয়। বীরত্বপূর্ণ সেসব সম্মুখযুদ্ধ উজ্জ্বল হয়ে আছে স্বাধীনতার স্বপ্নে, আত্মত্যাগের মহিমায়। মুক্তিযুদ্ধের বহুল আলোচিত কয়েকটি যুদ্ধ নিয়ে প্রথম আলোর এ আয়োজন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাপিতলার লড়াইয়ের নকশা

চাপিতলা কুমিল্লা জেলার মুরাদনগর থানার অন্তর্গত একটি ইউনিয়ন। কুমিল্লা শহর থেকে যে সড়কটি ময়নামতি সেনানিবাস হয়ে উত্তরে ঘুরে ব্রাক্ষণবাড়িয়া পৌঁছেছে, সে সড়কে (কুমিল্লা থেকে) ২৩ কিলোমিটার অগ্রসর হলে কোম্পানীগঞ্জ বাজার। এখান থেকে দুটি সড়কের একটি সোজা পশ্চিম দিকে মুরাদনগর থানা এবং অপরটি সোজা উত্তরে নবীনগরকে (ব্রাহ্মণবাড়িয়া) সংযুক্ত করেছে।

কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের পশ্চিম পাশে চাপিতলার অবস্থান। এই সড়কে ৮ কিলোমিটার উত্তরে অগ্রসর হলে মালাই বাংগোড়া বাজার। বাজারসংলগ্ন অদের নামের একটি খাল, যা পূর্ব ও পশ্চিম দিকে বয়ে গেছে। খালটি আবার নবীনগর ও মুরাদনগর থানার সীমারেখাও নির্দেশ করে।

২ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ঢাকা, ফরিদপুর এবং কুমিল্লার ভাটি অঞ্চলে যাতায়াতের জন্য খালটিই মুক্তিযোদ্ধাদের প্রধান পথ ছিল। কারণ, এই খাল পূর্ব দিকে সালদা নদীর সঙ্গে যুক্ত ছিল এবং পশ্চিম দিকে অন্যান্য নদীর সঙ্গে যুক্ত থাকায় মুক্তিযোদ্ধারা একে গুরুত্বপূর্ণ জলপথ হিসেবে বেছে নিয়েছিলেন। এর অদূরে ব্রাহ্মণবাড়িয়ার কাছে ভারত সীমান্তে অবস্থিত মেলাঘর ছিল ২ নম্বর সেক্টরের সদর দপ্তর।

এত দিনও (নভেম্বর মাস পর্যন্ত) নবীনগর এলাকা মুক্ত ছিল। কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কটি ছিল কাঁচা সড়ক। এই সড়ক দিয়ে নবীনগরে যাতায়াত পাকিস্তানি সেনাবাহিনীর জন্য দুরূহ ও ঝুঁকিপূর্ণ ছিল। কারণ, নভেম্বর মাসে মুক্তিযোদ্ধাদের আক্রমণ ছিল সংগঠিত, তীব্র ও চূড়ান্ত। সে সময় পাকিস্তানিরা কোম্পানীগঞ্জ–নবীনগর রাস্তাটি পাকা করার উদ্দেশ্যে ইট বিছানোর কাজ করছিল। যাতে নবীনগর এলাকায় সহজে দখল স্থাপন করা যায়।

অন্যদিকে এই রাস্তা পাকা করা হলে মুক্তাঞ্চল নবীনগর থানা এলাকায় দ্রুত পাকিস্তানে সেনাদের উপস্থিতি ঘটবে এবং মুক্তিযোদ্ধাদের অবাধ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হবে। সর্বোপরি রাজাকার, শান্তি কমিটি এবং পাকিস্তানি বাহিনীর নানা ধরনের সেবায়েতরা উৎসাহী হয়ে মুক্তিযোদ্ধাদের অনুকূল পরিবেশকে কলুষিত করবে।

ইতিমধ্যে মুক্তিবাহিনী শত্রুর ওপর তাদের চূড়ান্ত আক্রমণে বিরাট সাফল্য পেতে শুরু করেছে। কিন্তু পাকিস্তানিদের এরূপ তোড়জোড় ও রাস্তা নির্মাণের অবস্থা সম্পর্কে অবগত হয়ে ২ নম্বর সেক্টরের অপারেশনাল অফিসার ক্যাপ্টেন এ টি এম হায়দার [বীর উত্তম। স্বাধীনতার পর লেফটেন্যান্ট কর্নেল। ১৯৭৫ সালে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থানের ঘটনায় নিহত] নবীনগর এলাকা মুক্ত রাখার ও শত্রুর কার্যক্রমকে প্রতিহত করে ভেস্তে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।

ক্যাপ্টেন হায়দার এ স্থানে শত্রুর ওপর অভিযান চালানোর জন্য নিজেই কিছু যোদ্ধাকে নির্বাচিত করলেন। তাঁদের সবাইকে অস্ত্র ও গোলাবারুদ দিলেন এবং বিভিন্ন ধরনের বিস্ফোরকের ব্যবহার সম্পর্কে বুঝিয়ে দেন। দলটির কমান্ডার হিসেবে ক্যাডেট কামরুলকে [কামরুল হাসান ভূঁইয়া। পরে মেজর] দায়িত্ব দেন। এই দলে সামরিক বাহিনীর সাতজন সদস্য ছাড়া বাকিরা সবাই ছিলেন স্বল্প প্রশিক্ষণপ্রাপ্ত গণযোদ্ধা।

বস্তুত নবীনগরকে শত্রুমুক্ত রাখা এবং জলপথ নিরাপদ রেখে মুক্তিবাহিনীর চলাচল নির্বিঘ্ন রাখার জন্য শত্রুর ওপর আক্রমণ করে—কোম্পানীগঞ্জ-নবীনগর সড়ক নির্মাণকাজ বন্ধ কর দেওয়ার জন্য দলটিকে পাঠিয়ে দেওয়া হয়।

মুক্তিযোদ্ধা দলটি কোম্পানীগঞ্জ-নবীনগর রোডে বাংগোড়া গ্রামের কাছে পৌঁছাল। দিনটি ছিল ৭ নভেম্বর। কিন্তু মুক্তিযোদ্ধাদের সম্পর্কে অবগত হয়ে সন্ধ্যার আবছায়া-আলোতেই ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইপিসিএএফ, রাজাকারসহ এক ব্যাটালিয়ন পাকিস্তানি সৈন্য পশ্চিম দিক থেকে অগ্রসর হয়ে মুক্তিবাহিনীর অবস্থানের ডান দিকে উত্তর–পশ্চিম প্রান্ত থেকে মুক্তিবাহিনীকে আক্রমণ করে। পাকিস্তানি বাহিনী হঠাৎ করে মুক্তিবাহিনীকে এমন আক্রমণ করায় মুক্তিযোদ্ধারা তাদের দুর্বলতম স্থানে আক্রান্ত হয়।

কামরুল হাসান ভূঁইয়া

এ পর্যায়ে জয়ের আশা ক্ষীণ বিবেচনা করে তাঁরা [মুক্তিযোদ্ধা] নিজেদের অবস্থান গোপন করে শত্রুকে বিভ্রান্ত করার জন্য বিনা প্রতিরোধে পি ৮০ স্মোক গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে ধূম্রকুণ্ডলী সৃষ্টি করে এবং অবস্থান থেকে পিছিয়ে আসেন। আঁধারের আবছায়া, সৃষ্ট ধূম্রকুণ্ডলী এবং উঁচু ধানখেতের কারণে পাকিস্তানি বাহিনী মুক্তিসেনাদের সঠিক অবস্থান নির্ণয় করতে ব্যর্থ হয়।

তারপরও যুদ্ধ নিশ্চিত ও অবশ্যম্ভাবী হয়ে ওঠে। মুক্তিযোদ্ধারা নিজ প্রতিরক্ষা অবস্থান সম্বন্ধে শত্রুকে আরও দ্বিধাগ্রস্ত করার জন্য ৪০০ গজ সামনে দৌলতপুর মাদ্রাসায় একটি এলএমজিসহ সাতজন যোদ্ধাকে পাঠিয়ে দেন। এ ছাড়া কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের উভয় পার্শ্বে প্রায় সারা রাত মাইন এবং বুবি ট্র্যাপ লাগিয়ে প্রতিরক্ষাব্যবস্থা আরও সুদৃঢ় করা হয়। সব মিলিয়ে শত্রুর ওপর যথাযথ আক্রমণ চালানোর জন্য মুক্তিযোদ্ধারা একটা শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হন।

রাত চারটার (৭ নভেম্বর) সময় পাকিস্তানি বাহিনী তাদের চাপিতলা অবস্থান থেকে মুক্তিবাহিনীর প্রতিরক্ষা অবস্থানের ওপর একেবারে সামনাসামনি আক্রমণ শুরু করে দেয়। সামনে থেকে আসা শত্রুর এই আক্রমণ মুক্তিযোদ্ধারা অত্যন্ত বীরত্ব ও সাফল্যের সঙ্গে সম্পূর্ণ পযু‌র্দস্ত করে দেন। জ্যোৎস্নার আলোয় এই আক্রমণ দিবালোকের মতো পরিষ্কার দেখা যাচ্ছিল। মুক্তিযোদ্ধাদের গুলির আঘাতে ও মাইনের বিস্ফোরণে শত্রুসেনাদের মাটিতে লুটিয়ে পড়ার দৃশ্য—যুদ্ধক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের মনোবল আরও বাড়িয়ে দেয়। তাঁরা প্রাণপণে যুদ্ধ চালিয়ে যান।

আক্রমণের সব রণকৌশল উপেক্ষা করে পরদিন (৮ নভেম্বর) সকাল নয়টায় উত্তর–পশ্চিম দিক থেকে ৩ ইঞ্চি মর্টার এবং রিকয়েললেস রাইফেলের ফায়ারিংয়ের সাহায্যে পাকিস্তানি বাহিনী শেষবারের মতো মুক্তিবাহিনীর অবস্থানের ওপর পুনঃ আক্রমণ শুরু করে। প্রস্তুত মুক্তিবাহিনীও তাদের সর্বশক্তি দিয়ে পাল্টা আক্রমণের ধারা অব্যাহত রাখে।

৩ ঘণ্টা স্থায়ী রক্তক্ষয়ী মরণপণ লড়াইয়ের পরও হানাদার পাকিস্তানি বাহিনী বিন্যাসভূমি থেকে মুক্তিবাহিনীর প্রতিরক্ষা অবস্থানের দিকে অগ্রসর হতে ব্যর্থ হয়। ইপিসিএএফ, রাজাকার এবং নিয়মিত পাকিস্তানি বাহিনীর অনেক সৈন্য মুক্তিবাহিনীর অবস্থানের অনতিদূরে মুক্তিযোদ্ধাদের বুলেটের আঘাতে অসহায়ভাবে লুটিয়ে পড়তে থাকে। পরিষ্কার দিনের আলোয় মুক্তিবাহিনী শত্রুসেনাদের হত্যা করে তাদের সব চেষ্টা ও মনোবলকে ধূলিসাৎ করে দেয়।

একপর্যায়ে দুপুর ১২টার দিকে মুক্তিবাহিনীর গোলাবারুদ কমে আসে। ফলে রণকৌশলগত কারণে তারা (মুক্তিবাহিনী) দক্ষিণ বাংগোড়া গ্রাম থেকে পশ্চাদপসরণ করে। এই যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর ২ জন অফিসারসহ মোট ৫৮ জন সৈন্য নিহত হয়। অন্যদিকে অমিত বিক্রমে যুদ্ধ করে মুক্তিযোদ্ধা হাবিলদার রমিজ, এম‌ওডিসির সিপাহি বাচ্চু মিয়া, গেরস্থের কামলা গনি মিয়া এবং গণযোদ্ধা আবুল বাশার দেশের জন্য শাহাদত বরণ করেন।

গণযোদ্ধাদের দ্বারা পরিচালিত এই প্রচলিত যুদ্ধের ফলাফল আপাতদৃষ্টে পশ্চাদপসরণ হলেও বস্তুত এটি ছিল একটি উল্লেখযোগ্য বিজয়। সাতজন নিয়মিত সৈনিক এবং প্রায় এক কোম্পানি গণযোদ্ধা নিয়ে ভারী অস্ত্রশস্ত্রে সমৃদ্ধ পাকিস্তানি এক ব্যাটালিয়ন সৈন্যের আক্রমণকে প্রতিহত করা এবং শত্রুর ৫৮ জন নিয়মিত সৈনিক ও প্রায় ৭৮ জন সশস্ত্র ইপিসিএএফ ও রাজাকার নিধন করা যুদ্ধের যেকোনো বিচারেই এক উল্লেখযোগ্য অর্জন। এই যুদ্ধের পর পাকিস্তানি বাহিনী মুরাদনগর, নবীনগর এলাকায় অগ্রসর হওয়ার জন্য আর সাহস সঞ্চার করতে পারেনি। (ঈষৎ পরিমার্জিত)

[ডিসপ্লে বোর্ড, ‘বিজয় কেতন’ জাদুঘর, ঢাকা সেনানিবাস থেকে সংগৃহীত]

সূত্র: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, সেক্টরভিত্তিক ইতিহাস, সেক্টর–দুই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।