১৯৭০ সালে আমি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দিনাজপুর সদর থেকে প্রাদেশিক পরিষদের সদস্য পদে নির্বাচিত হই। ’৭০-এ নির্বাচন হয়ে গেল। কথা ছিল, বৃহত্তর পাকিস্তানের মেজরিটি দল সরকার গঠন করবে। জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। গণতান্ত্রিক বিধানমতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পার্লামেন্টের লিডার ঘোষণা করা হলো।
১৯৭১ সালের ৩ মার্চ ঢাকায় ন্যাশনাল অ্যাসেম্বলির [জাতীয় পরিষদ] অধিবেশন আহ্বান করা হয়। পশ্চিম পাকিস্তান থেকে ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচিত সদস্যদের কয়েকজন সেই অধিবেশনে যোগ দেওয়ার জন্য ঢাকায় এলেন। তখন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ১ মার্চ এক বেতার ঘোষণায় অধিবেশন বাতিল করে দিলেন। আমি সে সময় ঢাকাতেই ছিলাম। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দিলেন। বঙ্গবন্ধু ভাষণ দেওয়ার পর আমাদের বললেন যে তোমরা নিজ নিজ এলাকায় গিয়ে ‘সংগ্রাম কমিটি’ গঠন করো এবং জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুতি নেও। অবস্থা খুব একটা ভালো না। তখন আমি ঢাকা থেকে দিনাজপুর ফিরে আসি। পরে আবার তিনি আমাদের ঢাকায় ডাকলেন। হোটেল পূর্বাণীতে ২২ মার্চ তাঁর সঙ্গে আমাদের দীর্ঘ বৈঠক হয়। সেদিনই তিনি আমাদের ফাইনাল ইনস্ট্রাকশন দিয়ে বললেন যে অবস্থা খুব ভালো না, যেকোনো সময় একটা যুদ্ধাবস্থা সৃষ্টি হতে পারে। তোমরা নিজ নিজ এলাকায় দ্রুত ফিরে যাও এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুতি নেও। তখন আমরা আবার নিজ নিজ এলাকায় ফিরে এলাম।
তারপর ২৫ মার্চে পাকিস্তানি বাহিনী আক্রমণ শুরু করল। মার্চের ২৩ তারিখে আমি দিনাজপুর ফিরি। তার আগে থেকেই দিনাজপুরে সংগ্রাম কমিটি কাজ করছিল।
সংগ্রাম কমিটিতে যাঁরা ছিলেন তাঁরা হলেন ভাসানী ন্যাপের এস এ বারী এটি, কমিউনিস্ট পার্টির অ্যাডভোকেট গুরুদাস তালুকদারসহ সরদার মোশাররফ হোসেন, এমপি আবদুল লতিফ, অ্যাডভোকেট আজিজুল ইসলাম, ডা. নাঈমউদ্দীন, আমিনুল হক মাস্টার, মকবুল হোসেন মোক্তার, মীর্জা আনোয়ারুল হক তানু, রফিকুল ইসলাম, তেজেন নাগ প্রমুখ। আরও কয়েকজন সংগ্রাম কমিটিতে ছিলেন। তাঁদের নাম আমার এখন মনে পড়ছে না।
সংগ্রাম কমিটির অফিস আওয়ামী লীগ অফিসের ভেতরেই ছিল। সেটা একটা ভাড়া বাড়িতে, মডার্ন সিনেমার পূর্ব দিকে। সংগ্রাম কমিটি তখন দিনাজপুরের বিভিন্ন এলাকায় সভা আহ্বান করে। এ সময় রানীর বন্দর, আমবাড়ি, চেরাডাঙ্গিসহ বিভিন্ন স্থানে সভা করা হয়। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পর থেকে লোকজন বেশ সতর্ক হয়ে গেল এবং ভাবতে লাগল আমাদের এখন করণীয় কী? লোকজন দেখছে যে ভোটে জেতার পরও পাকিস্তানিরা আমাদের অ্যাসেম্বলিতে বসতে এবং সরকার গঠন করতে দিচ্ছে না। ২৫ মার্চের আগপর্যন্ত সংগ্রাম কমিটির মাধ্যমে দিনাজপুরে নিয়মিত মিটিং–মিছিল হয়েছে। প্রায় প্রতিদিনই মিটিং–মিছিল চলছিল। তখন তো অসহযোগ আন্দোলন এবং মিটিং–মিছিল চলছিলই। আমরা সে সময় অতটা বুঝতে পারিনি যে একটা আর্মস স্ট্রাগলে আমাদের যেতে হবে। আমরা মনে করেছিলাম একটা সমঝোতা হবে। কেননা প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বারবার বলছিলেন যে নির্বাচিত প্রতিনিধিদের হাতে আমি ক্ষমতা দেব। সুতরাং আর্মস স্ট্রাগলে যেতে হবে এমন কোনো ভাবনা আমাদের মধ্যে ছিল না। এমন ধারণাও আমরা করিনি।
যাহোক, অসহযোগ আন্দোলন চলাকালে মিটিং–মিছিলে লোকজন তীর–ধনুক, লাঠিসোঁটা নিয়েও অংশ নিচ্ছিল। তখন তো মানুষের মধ্যে জঙ্গি ভাব বিরাজ করছিল। ২৩ মার্চ মাহতাব বেগ নামে এক চেয়ারম্যান রানীর বন্দর থেকে বেশ কিছু লোকজন নিয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট আক্রমণ করতে যায়। তাদের সঙ্গে ছিল তীর–ধনুক, বাঁশের লাঠি এবং অন্যান্য কিছু দেশীয় অস্ত্র। অসংখ্য মানুষ ছিল সেই মিছিলে। মাহতাব বেগের সঙ্গে নিয়ামত আলী, মকবুলসহ আরও অনেকে ছিল। মাহতাব ছিল অত্যন্ত সাহসী এবং একটা ইউনিয়নের চেয়ারম্যান। নামকরা লোক। জঙ্গি মিছিলটি লাঠিসোঁটা, তীর–ধনুক নিয়ে মাহতাব বেগের নেতৃত্বে সৈয়দপুর ক্যান্টনমেন্ট আক্রমণে উদ্যত হলে পাকিস্তানি সৈন্যরা মিছিলে বেপরোয়া গুলিবর্ষণ করে। মাহতাব বেগ গুলিতে নিহত হন এবং আরও বেশ কিছু লোক হতাহত হয়। মাহতাব বেগের লাশ উদ্ধার করা যায়নি। মাহতাব পাকিস্তানি সৈন্যদের গুলিতে নিহত হলে লোকজন খুবই উত্তেজিত হয়ে পড়ে। দিনাজপুরের পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। বলা যায়, দৃশ্যপট পাল্টে যায় এবং মানুষ আরও জঙ্গি হয়ে ওঠে। ক্ষুব্ধ বাঙালিরা তখন অবাঙালিদের ওপর আক্রমণ করে এবং এতে উভয় পক্ষের বেশ কিছু লোক হতাহত হয়। এটা ঘটে দশমাইল এবং ভুসির বন্দর এলাকায়। এখানে বিহারিরা সংখ্যায় ছিল উল্লেখযোগ্য। এই এলাকায় তাদের বসবাস ছিল। দিনাজপুরের দশমাইল জায়গাটি সেই সময় খুব বিখ্যাত ছিল।
পার্বতীপুর রেল জংশনের কারণে ব্রিটিশ আমল থেকেই পার্বতীপুর, সৈয়দপুর এবং লালমনিরহাটে অনেক বিহারির বসবাস ছিল। ১৯৪৭ সালে দেশভাগের পর এই সংখ্যা আরও বাড়ে। বিহারিরা আওয়ামী লীগের ৬ দফা মানত না এবং পশ্চিম পাকিস্তানের লোকজন ছাড়া আর কিছুই বুঝত না। ১৯৪৭ সালের পর বিপুলসংখ্যক বিহারি দিনাজপুর শহরে বসবাস শুরু করে। সেই সময় সর্বক্ষেত্রেই বাঙালিদের চেয়ে বিহারিদের প্রাধান্য ছিল। মাহতাব হত্যাকাণ্ডের পর বাঙালি-বিহারি দাঙ্গা দিনাজপুরের চারদিকে ছড়িয়ে পড়ে।
যাহোক, ২৫ মার্চ রাতে দিনাজপুর ইপিআর সেক্টর এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া গেল। সেখানে ইপিআর বাহিনীর বাঙালি সদস্য এবং অবাঙালি ইপিআর সদস্য একত্রে ছিল। কিছুসংখ্যক পাকিস্তানি সৈন্যও দিনাজপুরে ছিল। পাকিস্তানি সৈন্যরাও শহরে ফাঁকা গুলি চালিয়ে ভীতিকর অবস্থা সৃষ্টি করে। সেদিন আমি দিনাজপুর শহরেই ছিলাম। আমার বাসা ছিল হসপিটালের কাছেই। সে রাতে বাসায় আমার স্ত্রী, দুই ছেলে, মেয়ে এবং একজন অতিথি ছিল। অতিথির নাম মহিউদ্দীন, লোকে তাকে মহিউদ্দীন মাস্টার বলত। সে মুজাহিদ বাহিনীর সদস্য ছিল। আমার বাসার টেলিফোন লাইন গভীর রাতে বিচ্ছিন্ন হয়ে যায়। গভীর রাতে পাকিস্তানিরা ফোন লাইন কেটে ঢাকা ও অন্যান্য শহরের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। পাকিস্তানি বাহিনী ঢাকায় আক্রমণ শুরু করেছে—এই খবর আমি সেই রাতেই পেয়েছিলাম। আমার বাসার টেলিফোন লাইন বিচ্ছিন্ন হওয়ার আগেই আমি সে খবর টেলিফোনে ঢাকা থেকে পেয়ে যাই। ঢাকা থেকে কেউ একজন আমাকে এ খবরটা দিয়েছিল। সে বলেছিল যে পাকিস্তানি আর্মি এইমাত্র ঢাকায় অপারেশন শুরু করেছে। চারদিকে খুব গোলাগুলি চলছে। তারা লোকজন হত্যা করছে। কে ফোন করেছিল, এত দিনে তার নামটা আর আমার মনে নেই। তার কিছুক্ষণ পর দেখি আমার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন।
বঙ্গবন্ধু আমাদের আগেই নির্দেশ দিয়ে রেখেছিলেন। তিনি বলেছিলেন, অসহযোগ আন্দোলন ফেল করলে যুদ্ধ হবে। সে ক্ষেত্রে আমাদের পাকিস্তানিদের প্রতিরোধ করতে হবে। তার জন্য লোকজনকে ট্রেনিং দিতে হবে।
তখন ব্যাপারটা আমরা অতটা সিরিয়াসলি নিইনি। আমরা এটা বুঝতেও পারিনি এবং সে ধরনের কোনো উদ্যোগও আমরা তখন নিইনি। যাহোক, ঢাকায় পাকিস্তানি সামরিক বাহিনীর ক্র্যাক ডাউনের খবর পেয়ে আমি ভোররাতে বাসা থেকে বের হয়ে গেলাম।
আমি আগেই বলেছি, দিনাজপুরে অবাঙালি ইপিআর ছাড়াও তখন কিছু মিলিটারি বা পাকিস্তানি সেনাও ছিল। তখন আমার মনে হয়েছিল তারা হয়তো আমাকে ধরে নিয়ে যাবে। আমার টেলিফোন লাইন কাটা। কারও সঙ্গে যোগাযোগও করতে পারছি না।
বস্তুত: কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলো না। ভয় ছিল কখন না জানি মিলিটারি আমাকে ধরে নিয়ে যায়। আমি ভোররাতে বাড়ি থেকে বের হয়ে শহরের শেষ প্রান্তে একটা গোরস্তানের দিকে চলে গেলাম। ওই গোরস্তানকে লোকে শেখ জাহাঙ্গীর গোরস্তান বলে। ওখানে গিয়ে একা একা ঘোরাফেরা করে অনেকক্ষণ সময় কাটালাম।
কেউ দেখলে মনে হবে যেন আমি মর্নিং ওয়াক করছি। অনেক বেলা হয়ে গেল, ভাবলাম, বাসায় আমি নেই, স্ত্রী-ছেলেমেয়েদের না জানি কী হয়। আমাকে না পেয়ে হয়তো মিলিটারিরা তাদের ধরে নিয়ে যাবে। এমন এলোমেলো অনেক ভাবনা মনের মধ্যে কাজ করছিল। তখন আমি আবার বাসায় ফিরে এলাম। বাসায় এসে শুনি ডিসি ফয়েজউদ্দীন সাহেব একটা নোটিশ পাঠিয়েছেন। নোটিশে বলা হয় সার্কিট হাউসে এমএনএ এবং এমপিএদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের একটা মিটিং হবে, আমি যেন সেই মিটিংয়ে অ্যাটেন্ড করি। ২৬ মার্চ সকাল ৯টার দিকে আমি সেখানে গেলাম। ওই মিটিংয়ে আমরা দিনাজপুরে উপস্থিত এমপিএ এবং এমএনএরাই যোগ দিই। অধ্যাপক ইউসুফ আলী, শাহ মাহতাব, সরদার মোশাররফ হোসেন, আমি, প্রিন্সিপাল মোকসেদ আলী, মকসুদ সাহেব, ডিসি ফয়েজউদ্দীন, এসপি এবং জেলা জজ হান্নান চৌধুরী এই সভায় উপস্থিত ছিলেন। দিনাজপুরের এসপির নাম এখন আর আমার মনে নেই। সভায় কিছু আর্মির লোক ছিল। দিনাজপুরে সে সময় বাঙালি ক্যাপ্টেন আনোয়ার এবং এম আর চৌধুরীও ছিল। পাকিস্তানিরা তাদের আটক করেছিল। ডিসি সাহেবকেও ২৫ মার্চ রাতে পাকিস্তানিরা আটক করে। তারা ডিসি সাহেবকে আটক করে তার মাধ্যমে আমাদের কাছে সার্কুলার পাঠায়। এটা আমরা তখন বুঝতে পারিনি। আসলে ইপিআর সেক্টর কমান্ডার কর্নেল কোরেশিই ডিসি সাহেবের মাধ্যমে সভাটা ডেকেছিল। সার্কিট হাউসে যাওয়ার পর কর্নেল কোরেশি আমাদের বলল যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক। আপনারা শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখুন। কোনো রকম যেন বাড়াবাড়ি না হয়। এসব কথা কর্নেল কোরেশি আমাদের বললেও তার পরিকল্পনা ছিল বোধ হয় অন্য কিছু। পাকিস্তানিদের বোধ হয় পরিকল্পনা ছিল এমএনএ এবং এমপিএদের সার্কিট হাউসে হাজির করে হত্যা করা বা বন্দী করা। কিন্তু শেষ পর্যন্ত তারা সেটা কোনো কারণে হয়তো করেনি। তার একটা কারণ বোধ হয় ছিল, দিনাজপুর ইপিআর সেক্টর হেডকোয়ার্টারে তখন বিপুল পরিমাণ বাঙালি ইপিআর উত্তেজিত অবস্থায় ছিল। তারা যেকোনো সময় বিদ্রোহ করবে বা করতে পারে, এই ভীতি বোধ হয় তাদের ছিল। আর আমাদের বন্দী বা হত্যা করা হলে সেটা আর উসকে দেওয়া হতো।
ঘণ্টাখানেক এই মিটিং চলে। মিটিং শেষ হওয়ামাত্র মিলিটারিরা দিনাজপুর শহরে কারফিউ জারি করে। রেডিওতে এ সময় ইয়াহিয়া খানের ভাষণ প্রচারিত হলো।
কারফিউয়ের মধ্যেই আমরা যে যার বাড়িতে চলে এলাম। আমি বাসায় যাওয়ামাত্রই আমার বাড়িতে দুজন লোক এসে হাজির। তাদের একজনের নাম ডা. জব্বার, আরেকজনের নাম আইনউদ্দীন। তারা কারফিউয়ের মধ্যেই আমার বাসায় আসে। তারা আমাকে বলল, আপনি এখনই বাড়ি ছেড়ে চলে যান। আপনার ফ্যামিলি এবং বাড়ি দেখার দায়িত্ব আমাদের ওপর থাকল।
সার্কিট হাউস থেকে বাসায় ফেরার সময়ই আমি কোথাও চলে যাব মনে মনে এমন চিন্তা করছিলাম। তারা যখন আমাকে চলে যাওয়ার কথা বলল, তখন আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই নিলাম যে হ্যাঁ, কোথাও চলে যাব। বাসায় দ্রুত কিছু কাপড়চোপড় গুছিয়ে দুপুর ১২টার দিকে বাসা থেকে বেরিয়ে আমার গ্রামের বাড়ির দিকে রওনা দিলাম।
যাওয়ার পথে আমাদের গ্রামের একটা লোকের সঙ্গে দেখা হলো। সে সাইকেল নিয়ে আমাদের গ্রামেই যাচ্ছিল। তার সাইকেলেই আমি গ্রামের বাড়িতে গেলাম। আমার গ্রামের বাড়ি শহর থেকে অল্প দূরেই, জালালপুরে। পরে আমাদের গ্রাম থেকে গোদাগাড়ি গেলাম। এই জায়গাটা আমার গ্রামের বাড়ি থেকে ২ মাইল দূরে। সেখানে আমাদের দলের বেশ কিছু একনিষ্ঠ এবং রাজনৈতিক সচেতন কর্মী ছিল। আমি সেখানে পৌঁছে তাদের সবাইকে আনোয়ার চেয়ারম্যানের নেতৃত্বে গোদাগাড়ি হাটে ডাকলাম। ওরা সবাই এল। তাদের বললাম, দেশের এই অবস্থায় এখন কী করা যায়। এটা ২৬ মার্চ তারিখের রাতের ঘটনা। সেখানে আনোয়ার চেয়ারম্যান, গোলাম মাস্টার, ইয়াকুব মাস্টার, রমজান মাস্টার এবং খোরশেদসহ আরও অনেকে ছিল। আনোয়ার ওই ইউনিয়নেরই চেয়ারম্যান ছিল। তাদের বললাম, পাকিস্তানিরা ঢাকায় আক্রমণ শুরু করেছে, এখন কী করা যায়। ওরা বলল, পাকিস্তানি সেনাবাহিনী তো কেবল আক্রমণ শুরু করেছে। আমরা বরং আরও কয়েক দিন দেখি। তারপর সিদ্ধান্ত নেওয়া যেতে পারে কী করা হবে। তখন তো আর কারও সঙ্গে আমার যোগাযোগ নেই। তখনো পর্যন্ত আমাদের স্থানীয় নেতৃবৃন্দ কে কোথায় গেছে আমি জানি না। ওই রাতে আমি আর নিজ গ্রামে ফিরে গেলাম না। ওখান থেকে সোজা চলে গেলাম কেবিএম কলেজে। এই জায়গাটা দিনাজপুর শহরের দক্ষিণ দিকে। রামসাগর এবং দিনাজপুর শহরের মাঝামাঝি। রাতে থাকার জন্য আমি ওখানেই আশ্রয় নিলাম। তখন বেশ কিছু ট্রেইন্ড কর্মীও আমার সঙ্গে ছিল। সময় এগিয়ে যাচ্ছে। ২৭–২৮ মার্চ দ্রুতই চলে গেল। এখানে থাকার সময় ইপিআরদের সঙ্গে যোগাযোগ করার কথা আমার মনে হলো। ভাবলাম তাদের সঙ্গে যোগাযোগ করলে কেমন হয়। তারা তখন পাকিস্তানিদের নিয়ন্ত্রণে। এই নিয়ন্ত্রণ ভাঙা দরকার বলে মনে হলো। তখন আমি তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে থাকলাম।
অসহযোগ আন্দোলন চলাকালে আমাদের সঙ্গে কিছু ইপিআর সৈনিক যোগাযোগ করেছিল। আমার মনে হলো, তারা যদি পাকিস্তানিদের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে এসে আমাদের সঙ্গে যোগ দেয়, তাহলে আমাদের শক্তি এবং সাধারণ লোকজনের মনোবল বৃদ্ধি পাবে। দিনাজপুরে ইপিআর সেক্টর হেডকোয়ার্টার ছিল কুঠিবাড়িতে। সেক্টর কমান্ডার ছিল একজন অবাঙালি, তার নাম লে. কর্নেল কোরেশি। ২৯ মার্চ আমি লোক মারফত কুঠিবাড়িতে অবস্থানরত কয়েকজন বাঙালি ইপিআরের সঙ্গে যোগাযোগ করি। এ কাজে ইপিআরের মোজাফফর আমাকে যথেষ্ট সহযোগিতা করে। বাঙালি ইপিআররা মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত ছিল। তারপর মোজাফফরের মাধ্যমে আমার খবর পেয়ে তারা বিদ্রোহ করে। বিদ্রোহী বাঙালি ইপিআররা গোলাগুলি শুরু করলে সেখানে অবস্থানরত পাকিস্তানি এবং অবাঙালিরা পাল্টা হামলা চালায়। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানিরা কুঠিবাড়ি থেকে পালিয়ে যায়। কেবল ইপিআর সেক্টর হেডকোয়ার্টার নয়, সার্কিট হাউস থেকেও পাকিস্তানিরা ২৯ মার্চ রাতের আঁধারে পালিয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্টে চলে যায়। তারা পালিয়ে যাওয়ায় দিনাজপুর তখন পাকিস্তানি হানাদারমুক্ত এলাকা। এরপর থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দিনাজপুর মুক্ত ছিল। ২৯ মার্চের পর পুলিশ সদস্যরাও আমাদের সঙ্গে যোগ দিল। মুজাহিদ-আনসাররাও যোগ দিল। দিনাজপুরের আনসার অ্যাডজুটেন্ট সে সময় আমাদের বেশ কিছু অস্ত্র দিয়েছিলেন। তিনি আমাদের যথেষ্ট সহযোগিতা করেন। যত দূর মনে পড়ে ওনার নাম শরিফুল হক। তাঁর বাড়ি ছিল নোয়াখালীতে। ২৯ মার্চ বাঙালি ইপিআররা কুঠিবাড়ি ইপিআর সেক্টর হেডকোয়ার্টার থেকে বেরিয়ে নদী পার হয়ে আমার সঙ্গে পশ্চিম দিকে চলে এল। কুঠিবাড়ি ওই নদীর ধারেই ছিল। সেক্টর হেডকোয়ার্টার থেকে বের হওয়ার সময় সেখান থেকে তারা অস্ত্রশস্ত্রও সঙ্গে নিয়ে আসে। অস্ত্রাগার থেকে অস্ত্র লুণ্ঠনের নেতৃত্ব দেয় হাবিলদার সাঈদ। আমি ইপিআরদের সঙ্গে গিয়ে কোকুইডাঙ্গির দিকে চলে গেলাম। কোকুইডাঙ্গি আমবাগানে ইপিআররা রাত্রিযাপন করে। গ্রামের সাধারণ মানুষ তাদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করল।
বাঙালি ইপিআররা যখন বিদ্রোহ করে তখন নেতৃত্বটা ওদের হাতেই ছিল। কিন্তু আমরাই তাদের বিদ্রোহ করার জন্য উৎসাহ দিয়েছিলাম। বাঙালি ইপিআরদের সঙ্গে আমাদের আগে থেকেই যোগাযোগ ছিল। আমি দিনাজপুর সদরের এমপি হিসেবে তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। ইপিআর বাহিনীর প্রবীণ বাঙালি সুবেদার মেজর এ রব বিদ্রোহে নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বেই ইপিআররা বিদ্রোহ করে। আমি বরাবর তাদের সঙ্গেই ছিলাম। তারা যে সময় বিদ্রোহ করে, তখন আমি নিজেই ওদের কাছাকাছি ছিলাম। প্রফেসর সফর আলী, বেশারউদ্দীন মাস্টার, আনোয়ার চেয়ারম্যান, নাদির সাহেব, মোহাম্মদ আলী মাস্টার, ইপিআর সদস্য মোজাফফর সেই সময় আমার সঙ্গে ছিল। ২৯ মার্চ রাতে যখন বাঙালি ইপিআররা বিদ্রোহ করে, তখন সে বিদ্রোহ পাকিস্তানিরা প্রতিরোধের চেষ্টা করে। ফলে উভয় পক্ষে যুদ্ধ শুরু হয়। অবাঙালি এবং পাকিস্তানিদের গুলিতে বেশ কিছু বাঙালি ইপিআর সে সময় আহত হয়। তাদের আমরা চিকিৎসার ব্যবস্থা করি। কাঞ্চন হাইস্কুলের একটা বড় ঘরে বেঞ্চ জোড়া দিয়ে বিছানা তৈরি করে আহত ইপিআরদের চিকিৎসা করা হয়। আমার মনে আছে ডা. জামিল সাহেবের কমপাউন্ডার আবুল কাশেম আহত ইপিআরদের ক্ষতস্থান একাই পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিয়েছিল। প্রায় ১৪–১৫ জন ইপিআর সেদিন যুদ্ধে আহত হয়েছিল।
পাকিস্তানি এবং অবাঙালিরা পালিয়ে যাওয়ার পর আমরা দিনাজপুরের সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে নেই। তখন ‘মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ’ নামে আর একটা নতুন কমিটি গঠন করা হলো। তার অফিসটা ছিল সৈয়দ হাসমতউল্লাহ নামে এক অবাঙালির বাড়িতে। বাড়িটা ছিল মুনশিপাড়া মহল্লায়। তখন পুরোপুরি সশস্ত্র লড়াইয়ের ব্যাপারটা আমাদের সামনে চলে এসেছে। নতুন কমিটিতে অসহযোগ আন্দোলনের সময় গঠিত সংগ্রাম পরিষদের সদস্যরাও থাকলেন। এই কমিটির আহ্বায়ক আমিই ছিলাম। কমিটিতে এস এ বারী এটি ছিলেন। কমিউনিস্ট পার্টির গুরুদাস তালুকদার, ন্যাপের গোলাম রহমান, আওয়ামী লীগ এমপি সরদার মোশাররফ, অ্যাডভোকেট আবদুল লতিফ, আজিজুল ইসলাম জগলু, ডা. নাঈমউদ্দীন, দিনাজপুর পৌরসভার তখনকার চেয়ারম্যান মকবুল হোসেন, আমিনুল মাস্টার, মীর্জা আনোয়ার হোসেন তানু, ন্যাপের রফিকুল ইসলাম ও তেজেন নাগসহ আরও কয়েকজন এই কমিটিতে ছিলেন। সবার নাম এখন আমার আর মনে নেই। এ ছাড়া দিনাজপুরের জেলা জজ আবদুল হান্নান চৌধুরী কমিটিতে না থেকেও আমাদের যথেষ্ট সহযোগিতা করেন। তাঁর বাড়ি ছিল সিলেটে। ডিসি ফয়েজউদ্দীন সাহেবও আমাদের সঙ্গে ছিলেন। তখন এসপিও আমাদের সঙ্গে চলে এলেন। অসহযোগ আন্দোলন চলাকালে দিনাজপুরের এসপি অবশ্য আমাদের সাহায্য করেননি। দিনাজপুর মুক্ত হওয়ার পর এদের সবাইকে নিয়ে একদিন আমি দিনাজপুর সীমান্ত এলাকার এক ইন্ডিয়ান বিএসএফ ক্যাম্পে গেলাম। এই জায়গাটা ছিল হামজাপুরে। সীমান্ত পার হয়ে বিএসএফ ক্যাম্পে গিয়ে আমরা তাদের কাছে অস্ত্র সাহায্য চাইলাম। আমরা বললাম, আমাদের তো ভারী অস্ত্রশস্ত্র নেই, তোমরা কি এ ব্যাপারে আমাদের সাহায্য করতে পারো। এটা ২৯ মার্চের পরের ঘটনা।
সঠিক তারিখটা আমার মনে নেই। আমি, দিনাজপুরের ডিসি সাহেব, এসপি সাহেব, জেলা জজ সাহেব, ডা. এমআর চৌধুরী, ক্যাপ্টেন আনোয়ারসহ আরও কয়েকজন সেখানে ছিল। বাঙালি আর্মি অফিসার ক্যাপ্টেন আনোয়ারও ২৯ তারিখের পর আমাদের সঙ্গে যোগ দেয়। এর আগেও আমি ইন্ডিয়ান বিএসএফের সঙ্গে গোপনে একবার যোগাযোগ করেছিলাম। কিন্তু সে সময় তারা আমাকে তেমন গুরুত্ব দেয়নি।
আমার সঙ্গে তখনও বেশ কয়েকজন লোক ছিলে। কিন্তু কোনো সরকারি লোক ছিল না। তারা তখন বলেছিল আপনার সঙ্গে তো সরকারি কোনো লোক নেই। এই কথা মনে রেখেই এবার আমি দিনাজপুরের এসপি, ডিসি, জেলা জজ, ক্যাপ্টেন আনোয়ার এবং আনসার কমান্ডারকে আমার সঙ্গে নিলাম। এদের বলামাত্র এরা সবাই উৎসাহভরে আমার সঙ্গে গেল। হামজাপুরে বাংলাদেশ সীমান্তের সঙ্গেই বিএসএফ ক্যাম্পটা। সেখানে সম্ভবত ব্রিগেডিয়ার মুখার্জির সঙ্গে আমাদের আলাপ হলো। আমরা ওখানে যাব সে খবরটা তাদের আগেই দেওয়া ছিল। সম্ভবত ওখানকার ক্যাম্প কমান্ডার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। যে কারণেই হয়তো ব্রিগেডিয়ার মুখার্জি ওখানে আসেন। তাঁর সঙ্গে আমাদের অনেকক্ষণ ধরেই আলোচনা হলো। আমরা সরাসরি ব্রিগেডিয়ার মুখার্জির কাছে আমাদের সশস্ত্র যুদ্ধে তাদের সাহায্য–সহযোগিতা চাইলাম। বিশেষত, অস্ত্রশস্ত্র সাহায্যের ওপরই জোর দিলাম। ব্রিগেডিয়ার মুখার্জি আমাদের আশ্বাস দিয়ে বললেন যে আমরা আপনাদের অবশ্যই সাহায্য করব। কিন্তু সেটা করতে আমাদের আরও কিছুদিন সময় লাগবে। তাঁর সঙ্গে কথা বলে আমরা ফেরত এলাম। আমরা আসার সময় তিনি আমাদের থ্রি নট থ্রি রাইফেলের বেশ কিছু গুলি দিলেন। গুলিগুলো দিয়ে বললেন, আপনারা আপাতত আমাদের তরফ থেকে এগুলো নিয়ে যান।
তারা আমাদের আর্মস দিতে চেয়েছিল। কিছু গুলি আমাদের তখন দিয়েছিল যে কথা আগে বললাম। একটা সশস্ত্র যুদ্ধ করতে কী কী লাগে, সে সম্পর্কে তো আমাদের আগে থেকে কোনো ধারণা বা অভিজ্ঞতা ছিল না। আমাদের বাঙালি আর্মি যারা ছিল, তারাও তখন আমাদের ভালোভাবে বুঝিয়ে বলেনি যে একটা যুদ্ধ করতে কী কী লাগবে। অনেক অস্ত্রশস্ত্রের নামও আমরা জানতাম না। ফলে প্রপারলি আমরা তাদের কাছে এসব চাইতেও পারিনি।
তারপর পাকিস্তান সেনাবাহিনী দিনাজপুরে আবার এল ১৩ এপ্রিল। ওই দিন তিন দিক থেকে পাকিস্তানি সামরিক বাহিনী দিনাজপুর শহরে আক্রমণ চালায়। পাকিস্তানি সেনাবাহিনীর একটা বড় দল সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে বিনা বাধায় ভুসির বন্দর-রামডুবি হয়ে চেহেলগাজী এসে গোলাগুলি শুরু করে। চেহেলগাজী একদম শহরের কাছাকাছি। তাদের অপর আর একটা গ্রুপ রাজবাড়ি হয়ে দিনাজপুর শহরে আক্রমণ চালায়। পাকিস্তানিদের তৃতীয় গ্রুপটা পার্বতীপুর-ফুলবাড়ি-আমবাড়ি-মোহনপুর হয়ে দিনাজপুর শহরে আক্রমণ শুরু করে। এ ভাবে পাকিস্তানি পদাতিক বাহিনীর তিনটা বড় দল একত্রে দিনাজপুর শহরে আক্রমণ চালায়। সৈয়দপুর থেকে দিনাজপুর আসার পথে মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করার জন্য তারা পথের দুধারের গ্রামগুলোতে আগুন ধরিয়ে দেয়। পাকিস্তানি পদাতিক বাহিনীর তৃতীয় গ্রুপটা মোহনপুরে বাধা পেয়েছিল। মোহনপুর বিওপির ইপিআর এবং স্থানীয় মুজাহিদরা পাকিস্তানি বাহিনীকে সেখানে বাধা দিলে ওখানে ছোটখাটো যুদ্ধ হয়। পাকিস্তানিরা সংখ্যায় এবং অস্ত্রশস্ত্রে বেশ শক্তিশালী ছিল। ফলে ইপিআর-মুজাহিদরা ওখানে বেশিক্ষণ পাকিস্তানিদের প্রতিরোধ করতে পারেনি। তারা পিছু হটে যেতে বাধ্য হয়। পাকিস্তানি বাহিনী মোহনপুরে বেশ কিছু লোককে হত্যা করে এবং বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়ে আবার দিনাজপুরের দিকে অগ্রসর হয়।
চেহেলগাজীতেও আমরা পাকিস্তানিদের প্রতিরোধের চেষ্টা করি। ওখানে আমি, ক্যাপ্টেন আনোয়ার ও তার বাহিনী, ডা. এম আর চৌধুরী, কিছু ইপিআর এবং স্বেচ্ছাসেবক দল ছিল। চেহেলগাজীতে একটা বিখ্যাত মাজার এবং কয়েকটি জমিদার বাড়ি ছিল। আমরা ওখানেই অবস্থান নিয়েছিলাম। দেখা গেল, সেখানে বৃষ্টির মতো পাকিস্তান বাহিনীর গুলি এসে পড়ছে। ওখানে পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধে আমাদের পক্ষের বেশ কিছু লোক হতাহত হলো। ক্যাপ্টেন আনোয়ার এবং ডা. এম আর চৌধুরী তো আর্মির লোক। তারা ব্যাপারটা বোধ হয় বুঝলেন। তারা দুজন আমাকে বললেন, আমাদের কাছে যে অস্ত্র আছে তা দিয়ে ওদের আর প্রতিরোধ করা সম্ভব না। ওরা আমাদের থেকে অনেক অনেক শক্তিশালী। আমরা যদি এখনই এখান থেকে সরে না যাই তাহলে সবাই মারা পড়ব। ক্যাপ্টেন আনোয়ার আমাকে বলল, এখন কোন দিকে যাবেন? আমি বললাম, নদীর ওপারে যাব। আগে থেকেই একটা ব্যবস্থা আমি করে রেখেছিলাম। যদি আমরা পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধে না পারি, তাহলে যেন আমরা দ্রুত নদীটা পার হতে পারি। সে জন্য আমি নদীর পারে নৌকা আর স্বেচ্ছাসেবক রেখেছিলাম। তখন আমি বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ, আনসার-মুজাহিদ সমন য়ে গড়া মুক্তিযোদ্ধাদের নিয়ে দ্রুত নদী পার হয়ে গেলাম। আমরা বাঙালি আর্মি আর ইপিআররাই প্রায় ২০০ ছিলাম। বাঙালি ঞৎড়ড়ঢ়ং প্রথমে শিকদারগঞ্জ গেল।
এই জায়গাটা কে বি এম কলেজের দক্ষিণে। তারপর ওখান থেকে ঘুঘুডাঙ্গা। তারা ওখানে একদিন থেকে পুনর্ভবা নদী পার হয়ে ভবানীপুর-বিরল হয়ে ভারতের কালিয়াগঞ্জে ঢোকে। তাদের সঙ্গে দিনাজপুরের ডিসি এবং এসপিও ছিল। তারা কালিয়াগঞ্জে পৌঁছে ১৩ এপ্রিলের কয়েক দিন পর। পাকিস্তানি আর্মি প্রথম তো শুধু দিনাজপুর শহরটা দখল করে নেয়। তারপর ক্রমেই চারদিকে ছড়িয়ে পড়ে। ক্যাপ্টেন আনোয়ার এবং ডিসি, এসপি কালিয়াগঞ্জে যাওয়ার আগে ঘুঘুডাঙ্গা, ভবানীপুর, বিরলসহ আরও দু–এক জায়গায় অপেক্ষা করে এবং পাকিস্তানি বাহিনীর কার্যক্রম পর্যবেক্ষণ করে। সে জন্য কালিয়াগঞ্জ পৌঁছাতে তাদের কয়েক দিন লেগে যায়। কালিয়াগঞ্জ ভারতের পশ্চিম দিনাজপুরে। আমি তাদের সঙ্গে না গিয়ে ঘুঘুডাঙ্গা থেকেই অন্যত্র চলে গেলাম।
*এম আবদুর রহিম (জন্ম ২১ নভেম্বর ১৯২৭, মৃত্যু ৪ সেপ্টেম্বর ২০১৬) বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তিনি স্বাধীনতা পদক পান। মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের ‘মুক্তিযুদ্ধে দিনাজপুর: অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীর বিবরণ’ (প্রকাশক মাওলা ব্রাদার্স, ২০০৪) গ্রন্থ থেকে তাঁর এ বক্তব্য সংগৃহীত।