নকশী বর্ডার আউটপোস্ট (বিওপি) ছিল তৎকালীন জামালপুর মহকুমার (বর্তমানে জেলা) ঝিনাইগাতী থানার অন্তর্গত। জামালপুর মহকুমা সদর থেকে প্রায় ৩৫ মাইল উত্তরে। বিওপিতে নিয়মিত বাহিনীর এক প্লাটুন সৈন্য এবং সহযোগী হিসেবে আরও প্রায় দুই প্লাটুন মিলিশিয়া ও রাজাকার ছিল। ব্যাটালিয়ন ৩ ইঞ্চি মর্টারে সজ্জিত ছিল। বিওপির চারদিকে ছিল পুরু দেয়াল। দেয়ালের কাছাকাছি বাংকারগুলো মর্টার ও আরসিএলের গোলার আঘাত থেকে রক্ষা করার উপযোগী করে নির্মাণ করা হয়। বিওপির মাঝখানে বড় বাংকার নির্মাণ করা হয়। বিওপির চারদিকে কাঁটাতারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা জোরদার করা হয়েছিল। বেড়ার ভেতরে অ্যান্টিপার্সোনেল মাইন ও বুবি ট্র্যাপস পুঁতে রাখা হয়।
৩ আগস্ট ভোররাতে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ব্রাভো ও ডেল্টা—এই দুই কোম্পানি মুক্তিযোদ্ধা নিয়ে নকশী বিওপি আক্রমণের ব্যূহ রচনা করি। এর আগে তিন দিন পুরো বিওপি আমি নিজে প্যাট্রলিংয়ের একটি দল নিয়ে পর্যবেক্ষণ বা রেকি করি। কোথায় কোন হাতিয়ার পজিশনে থাকবে, কোথায় এফইউপি (ফর্মআপ প্লেস) হবে, তা তাদের দেখিয়ে দিই। পাকিস্তানিরা উত্তর দিকে বিওপির চারদিকে সব গাছপালা, জঙ্গল কেটে কিলিং জোনের ফিল্ড অব ফায়ার একেবারে পরিষ্কার করে রেখেছিল।
রাত ৩টা ৩৫ মিনিটে এফইউপিতে পজিশন নেওয়া হলো। আমার ডানে ১২ নম্বর প্লাটুন আর বাঁয়ে ৫ নম্বর। এফইউপিতে পজিশনে গিয়ে রাত ৩টা ৪৫ মিনিটে ওয়্যারলেসে বললাম, ‘জোরে মারো।’ সঙ্গে সঙ্গে আমাদের আর্টিলারি গর্জে উঠল। এফইউপি, শত্রুশিবির ও আমাদের সাপোর্টিং আর্টিলারি পজিশন একই লাইনে থাকায় ভুলবশত আর্টিলারির গোলা এফইউপিতে এসে পড়ে।
এফইউপিতে আমাদের আর্টিলারির দুই-তিন রাউন্ড গোলা এসে পড়ায় ছয়জন মুক্তিযোদ্ধা গুরুতররূপে আহত হয়। ফলে পুরো প্লাটুন আহতদের শুশ্রূষার নামে এফইউপিতেই থেকে যায়। আমাদের আর্টিলারি গর্জে ওঠার মিনিটখানেকের মধ্যেই পাকিস্তানি আর্টিলারিও গর্জে ওঠে। একই সময় দুই পক্ষে শুরু হয়ে যায় অবিরাম গুলি।
প্রিএইচ আওয়ারে গোলাবর্ষণের সঙ্গে সঙ্গে আমার ডানে আমাদের মেশিনগান ও আরআর প্রচণ্ডভাবে গর্জে ওঠে। সঙ্গে সঙ্গে হালছটি গ্রাম থেকে একদল মুক্তিযোদ্ধা ভাঁওতা দেওয়ার জন্য আক্রমণ করে পাকিস্তানিদের ভ্যাবাচেকা খাইয়ে দেয়। এই কার্যক্রমগুলো অত্যন্ত সুষ্ঠু ও সাবলীল গতিতে চলতে থাকে। ইপিআরের মুক্তিযোদ্ধাদের আক্রমণ চলাকালেই অষ্টম ইস্ট বেঙ্গলের দুই কোম্পানি চুপি চুপি এক্সটেনডেড লাইন (লম্বা রেখার মতো) ফরমেশন করে পায়ে-পায়ে এগোতে থাকে।
যুদ্ধক্ষেত্রে তখন ভয়াবহ এক অবস্থা। বাকি ২০-২৫ জন মুক্তিযোদ্ধার মনোবল ভেঙে পড়তে পারে, তাই তাদের মন চাঙা রাখার জন্য আমি জোরে জোরে চিৎকার করে বললাম, ‘বিওপি একেবারে তছনছ হয়ে গেছে, আগে বাড়ো।’ অবশ্য তখনো বিওপির মাটির দেয়াল আগের মতোই খাড়া ছিল।
নায়েব সুবেদার কাদের ও বাচ্চুর অধীনে মুক্তিযোদ্ধাদের ৫ ও ৬ নম্বর প্লাটুন বিওপির গেট দিয়ে ভেতরে প্রবেশ করার কথা ছিল। তারা নালার ভেতরে আড়ালে মাথা নিচু করে আন্দাজে ফায়ার করতে শুরু করল...। আমার বাঁয়ে হাবিলদার নাসির তাঁর সেকশন নিয়ে অত্যন্ত সাহসের সঙ্গে ক্ষিপ্রগতিতে এগিয়ে যায়। আমি নিজে নায়েক সিরাজকে সঙ্গে করে ডান বাংকারের দিকে এগোতে থাকি। হাবিলদার নাসির ও নায়েক সিরাজের অধীন মুক্তিযোদ্ধাদের মনোবল দেখে শত্রুরা তখন পলায়নরত।
ইতিমধ্যে আমি অ্যাসল্ট লাইন ফর্ম তৈরি করে চার্জ বলে হুংকার দিয়ে উঠি। পরমুহূর্তে ‘জয় বাংলা’ ও ‘ইয়া আলী’ বলে মুক্তিযোদ্ধারা অস্ত্র উঁচু করে বেয়নেট চার্জের জন্য রীতিমতো দৌড়াতে শুরু করে। ঠিক এই সময় আমাদের অবস্থানে পাকিস্তানি আর্টিলারির শেলভো ফায়ার ও মর্টার শেল এসে পড়তে শুরু করল। কয়েকজন মুক্তিযোদ্ধা মাটিতে ঢলে পড়ল। আমার ডান পায়ে এসে শেলের টুকরা লাগল। আক্রমণকারী কিছু মুক্তিযোদ্ধা ছত্রভঙ্গ হয়ে গেল এবং কিছু মুক্তিযোদ্ধা এর মধ্যেও এগিয়ে যেতে থাকল। আমিও আমার আঘাতটার গুরুত্ব উপলব্ধি না করে জোশের সঙ্গে এগিয়ে গেলাম আরও ৫০ গজ। সেখান থেকে পাকিস্তানিদের বাংকার মাত্র ৫০-৬০ গজ দূরে। সাহসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়া মুক্তিযোদ্ধারা তখন পলায়নরত পাকিস্তানিদের মারার জন্য তাড়া করতে শুরু করেছে। এটা করতে গিয়ে কেউ পাকিস্তানিদের মাইন বা মর্টার শেলে উড়ে গেল। কেউবা শত্রুর গুলি খেয়ে পড়ে গেল।
যুদ্ধক্ষেত্রে তখন ভয়াবহ এক অবস্থা। বাকি ২০-২৫ জন মুক্তিযোদ্ধার মনোবল ভেঙে পড়তে পারে, তাই তাদের মন চাঙা রাখার জন্য আমি জোরে জোরে চিৎকার করে বললাম, ‘বিওপি একেবারে তছনছ হয়ে গেছে, আগে বাড়ো।’ অবশ্য তখনো বিওপির মাটির দেয়াল আগের মতোই খাড়া ছিল। এমন সময় আমার বাঁ পায়ে বাঁশের কঞ্চি বেঁধে। আমি পড়ে যাই। পড়ে যাওয়ার আগমুহূর্তে আহত এক পাকিস্তানি সেনা সঙিন উঁচু করে আমাকে হত্যার উদ্দেশ্যে এগিয়ে আসতে থাকে। কিশোর মুক্তিযোদ্ধা সালাম তাকে গুলি করে। গুলিতে ওই পাকিস্তানি সেনা নিহত হয়।
আরও দুই পাকিস্তানি সেনাকে আমার দিকে অস্ত্র উঁচু করে এগিয়ে আসতে দেখলাম। ধাবমান ওই শত্রুকে লক্ষ্য করে আমি নিজে গুলি করলাম। ডান দিকের এক বাংকারে ছিল কিছু পাকিস্তানি সেনা। তাদের লক্ষ্য করে গুলি করার জন্য অদূরে থাকা মুক্তিযোদ্ধা হানিফকে নির্দেশ দিলাম। সে ছিল বিহারি। হানিফ তখন ভীষণভাবে আমাকে অনুরোধ করে বলছে, ‘স্যার, আপ পিছে চালা যাইয়ে, মাই কাভারিং দে রাঁহা হু।’
পুরো যুদ্ধক্ষেত্রটা তখন মহাশ্মশান! নিজেদের ফায়ার থেকে বাঁচার জন্য ডানে অপেক্ষাকৃত নিচু ধানখেতের ভেতর দিয়ে এগোতে শুরু করলাম। এমন সময় একটি মর্টারের শেল এসে কাছাকাছি পড়ল। স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিও শুরু হলো।
হানিফকে দ্বিতীয়বার নির্দেশ দেওয়ার আগেই একটা হিস শব্দ হলো। দেখলাম, হানিফ ঢলে পড়ছে। ডাক দিলাম, হানিফ, হানিফ। কোনো সাড়াশব্দ পেলাম না। বুঝতে পারলাম, শত্রুদের কেউ আমাকে দেখে ফেলেছে। সাইড রোল করে সরে যাওয়ার চেষ্টা করলাম। ঠিক তখনই বাঁ দিক থেকে একটা গুলি এসে আমার ডান হাতের কনুইয়ে লাগল। আমার হাতের স্টেনগান ছিটকে পড়ল। বাঁ হাত দিয়ে তা কুড়িয়ে নিলাম। আমার ডান হাতের কবজিটা বেঁকে নিচের দিকে ঝুঁকে পড়ল। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। ফিল্ড ড্রেসিং বের করার চেষ্টা করছিলাম। এমন সময় একঝাঁক গুলি এসে পাশের জমির আলটা উড়িয়ে দিল।
চিন্তা করলাম, শত্রুর ৫০ গজের ভেতরে আর থাকা সম্ভব নয়। চারদিকে শুধু মৃতদেহ। কিছুক্ষণ আগে আট-দশজন মুক্তিযোদ্ধা শত্রুর বাংকারে ঢুকে পড়েছিল। তারা বেশির ভাগ পাকিস্তানিদের মর্টার-আর্টিলারি ফায়ারে ধরাশায়ী হলো। তার মধ্যে নায়েক সিরাজ এবং পুলিশের ল্যান্স নায়েক সুজা মিয়াও ছিল।
কিছুক্ষণ সাইড রোল করার পর তাকিয়ে দেখি, আমি ডানে না গিয়ে কোনাকুনি শত্রুশিবিরের দিকেই এগিয়ে যাচ্ছি। উত্তেজনায় খেয়াল করিনি। শরীর ক্রমশ নিস্তেজ হয়ে আসছে। হঠাৎ কোথা থেকে দৌড়ে এল কিশোর মুক্তিযোদ্ধা সালাম। পড়ে থাকা একটা এলএমজি নিয়ে শত্রুবেষ্টনীর দিকে ধাবিত হলো। ছত্রভঙ্গ হয়ে যাওয়া পাকিস্তানি সেনারা তখন কাউন্টার অ্যাটাক করার জন্য মাটির দেয়ালের পেছনে একত্র হচ্ছিল। সালাম পাগলের মতো শত্রুবেষ্টনীর ভেতর ঢুকে পড়ল। আমি খুব কষ্টে মৃদুস্বরে একবার ডাক দিলাম, ‘সালাম, চলে এসো।’ কিন্তু আমার ডাক তার কানে পৌঁছায়নি। কিছুক্ষণ আগেই সালাম আমার জীবন রক্ষা করেছিল, সেই সালাম আর ফিরে আসতে পারেনি।
পুরো যুদ্ধক্ষেত্রটা তখন মহাশ্মশান! নিজেদের ফায়ার থেকে বাঁচার জন্য ডানে অপেক্ষাকৃত নিচু ধানখেতের ভেতর দিয়ে এগোতে শুরু করলাম। এমন সময় একটি মর্টারের শেল এসে কাছাকাছি পড়ল। স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিও শুরু হলো। পাশের মাটি উড়ে গেল। বাঁ হাতের ওপর ভর দিয়ে নিজের আহত শরীরটাকে তাড়াতাড়ি আমি নালার দিকে নিয়ে গেলাম। নালার কাছে পৌঁছে সব শক্তি প্রয়োগ করে খুব কষ্টে উঠে দাঁড়ালাম। তারপর টলতে টলতে নালাটা পার হয়ে ওপারে গিয়ে শুয়ে পড়লাম।
নকশীর যুদ্ধে আমি শেষ পর্যন্ত বেঁচে গেলেও বহু মুক্তিযোদ্ধাকেই সেদিন বাংলা মায়ের মুক্তির জন্য চরম মূল্য দিতে হয়েছিল।
প্রথমা প্রকাশন প্রকাশিত ১৯৭১ ও আমার সামরিক জীবন (২০১৬) থেকে সংক্ষেপিত।
আমীন আহম্মেদ চৌধুরী বীর বিক্রম মুক্তিযুদ্ধকালে ক্যাপ্টেন, পরে মেজর জেনারেল এবং রাষ্ট্রদূত।