সালদানদীর যুদ্ধ

একাত্তরের মুক্তিযুদ্ধে নিরীহ বাঙালি অসীম সাহসে মুখোমুখি হয়েছিল পাকিস্তানের প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে। ছিনিয়ে এনেছিল বিজয়। বীরত্বপূর্ণ সেসব সম্মুখযুদ্ধ উজ্জ্বল হয়ে আছে স্বাধীনতার স্বপ্নে, আত্মত্যাগের মহিমায়। মুক্তিযুদ্ধের বহুল আলোচিত কয়েকটি যুদ্ধ নিয়ে প্রথম আলোর এ আয়োজন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এইচ এ গাফফার, বীর উত্তম

মুক্তিযুদ্ধের শুরুতে আমি চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে কুমিল্লা সেনানিবাসে অ্যাডজুট্যান্ট হিসেবে কর্মরত ছিলাম। পাকিস্তানিরা তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য চতুর্থ ইস্ট বেঙ্গলকে খণ্ড খণ্ড করে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয়। ২৫/২৬ মার্চ রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানিদের আক্রমণের সংবাদ আমাদের কাছে পৌঁছালে আমরা ২৬ মার্চ বিদ্রোহ করি এবং মুক্তিযুদ্ধ শুরু করি। মুক্তিযুদ্ধের প্রায় পুরোটা সময় আমি ২ নম্বর সেক্টরের সালদানদী সাব-সেক্টরে যুদ্ধ করি। মুক্তিযুদ্ধকালে সালদানদী সাব-সেক্টর সামরিক দিক দিয়ে একটি গুরুত্বপূর্ণ রণাঙ্গন ছিল। সাব-সেক্টরটি গঠিত হয়েছিল কুমিল্লা জেলার সালদানদী এলাকা, নয়নপুর ও বুড়িচং এলাকার কিছু অংশ নিয়ে। এর আয়তন ছিল প্রায় ২০০ বর্গ কিলোমিটার।

পাকিস্তানি হানাদার বাহিনী তাই সালদানদী রেলস্টেশন ও বাজারের সামরিক গুরুত্বের কথা চিন্তা করে ৩০ পাঞ্জাব রেজিমেন্টের দুটি কোম্পানি এ অঞ্চলে মোতায়েন রাখে। মুক্তিবাহিনীর জন্যও একইভাবে অঞ্চলটির নিয়ন্ত্রণ রাখা ছিল বেশ জরুরি। কারণ, এ অঞ্চলটি মুক্তিবাহিনী কবজায় নিতে পারলে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হতো। কৌশলগত দিক দিয়ে সালদানদী সাব-সেক্টরের গুরুত্বের কারণে ১৯৭১ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এ অঞ্চলে মুক্তিবাহিনী ও পাকিস্তানি হানাদার বাহিনীর মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়।

সালদানদী রেলওয়ে স্টেশন ও সালদানদী বাজার দখলের এই যুদ্ধটির বিস্তারিত বর্ণনা দেওয়ার আগে এই এলাকার সামরিক গুরুত্ব সম্পর্কে কিছু বলা প্রয়োজন। সালদানদী রেলওয়ে স্টেশনটি এমন একটি জায়গায় অবস্থিত যে যদি এটি পাকিস্তানিদের দখলে থাকে, তাহলে তারা ঢাকা-চট্টগ্রাম রেললাইনটি চালু রাখতে পারে। তাই সালদানদী রেলওয়ে স্টেশনটি দখল করা আমাদের জন্য অত্যাবশ্যকীয় সামরিক লক্ষ্যবস্ত্ততে পরিণত হয়। অন্যদিকে সালদানদী রেলওয়ে স্টেশনটি দখল করতে ও ধরে রাখতে হলে আমাদের অবশ্যই সালদানদী বাজার দখল করা ছিল জরুরি। পাকিস্তানিরাও এই এলাকা দুটির সামরিক গুরুত্ব সম্পর্কে সচেতন ছিল।

তাই তারা ৩০ পাঞ্জাব রেজিমেন্টের দুটি কোম্পানির একটি সালদানদী রেলওয়ে স্টেশনে ও অন্যটি সালদানদী বাজারে প্রতিরক্ষা অবস্থানে রেখেছিল। এর ফলে কুমিল্লা অভিমুখে চলে যাওয়া ডিবি রোড (যেটা কসবা থেকে সালদানদী হয়ে কুমিল্লার দিকে গিয়েছে) নিয়ন্ত্রণ করতে পারছিল। আমরা সর্বতোভাবে চেষ্টা করছিলাম, যাতে এই সড়কপথটি, ঢাকা-চট্টগ্রাম রেলপথ ও সালদা নদীপথ-এই তিনটি যোগাযোগের পথ বিচ্ছিন্ন করে দেওয়া যায়। এটা করতে পারলে এই এলাকায় পাকিস্তানি ইউনিটগুলো কুমিল্লা ও কোম্পানীগঞ্জ উভয় দিক থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ত। আমার বাহিনী মন্দভাগ বাজার, মন্দভাগ রেলওয়ে স্টেশনসহ মন্দভাগের একটি ব্যাপক অঞ্চলে কার্যত একটি মুক্তাঞ্চল প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু সালদানদী রেলওয়ে স্টেশন ও সালদানদী বাজার এবং এর পেছনে চানলা ও নয়নপুর ৩০ পাঞ্জাব রেজিমেন্টের দখলে ছিল।

২ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর খালেদ মোশাররফ [বীর উত্তম। পরে ব্রিগেডিয়ার। ১৯৭৫ সালে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থানে নিহত] সেপ্টেম্বর মাসের শুরু থেকেই পরিকল্পনা করছিলেন সরাসরি আক্রমণ করে সালদানদী বাজার ও সালদানদী রেলওয়ে স্টেশন দখলে নিতে। এই পরিকল্পনা অনুযায়ী তিনি চাচ্ছিলেন তিনটি পদাতিক কোম্পানি দিয়ে মুজিব ব্যাটারির ফায়ার সমর্থনে আক্রমণ পরিচালনা করতে। সেই মতো তিনি ক্যাপ্টেন আশরাফের (পরে মেজর জেনারেল) এক কোম্পানি (সেক্টর ট্রুপস), মেজর সালেকের (বীর উত্তম) এক কোম্পানি (সেক্টর ট্রুপস), আমার এক কোম্পানি (চতুর্থ ইস্ট বেঙ্গল) এবং ক্যাপ্টেন আবদুল আজিজ পাশার (পরে লেফটেন্যান্ট কর্নেল) মুজিব ব্যাটারিকে নিয়ে অভিযানদল গঠন করেন। আক্রমণের তারিখ নির্ধারিত হয় ৩০ সেপ্টেম্বর। বিভিন্ন কোম্পানির দায়িত্ব নিম্নরূপে বণ্টন করা হয়:

  • আমার কোম্পানি। মন্দভাগ বাজার ও মন্দভাগ রেলওয়ে স্টেশন এমনভাবে ধরে রাখা, যেন শত্রু পেছন দিক দিয়ে প্রতি-আক্রমণ করতে না পারে।

  • ক্যাপ্টেন আশরাফের কোম্পানি। মন্দভাগ রেলওয়ে স্টেশনের বাঁ দিক থেকে রেললাইন বরাবর অগ্রসর হয়ে সালদানদী রেলওয়ে স্টেশন আক্রমণ ও দখল করা।

  • মেজর সালেকের কোম্পানি। সালদানদী বাজারের শত্রুঘাঁটি আক্রমণ ও দখল করা।

  • ফায়ার সমর্থনে ছিল: ক্যাপ্টেন পাশার নেতৃত্বে মুজিব ব্যাটারি এবং সুবেদার জব্বারের নেতৃত্বে আমার নিয়ন্ত্রণাধীন তিন ইঞ্চি মর্টার প্লাটুন।
    সকাল ছয়টায় আক্রমণ শুরু হয় এবং রাত নয়টা পর্যন্ত যুদ্ধ চলে। ক্যাপ্টেন আশরাফ তাঁর কোম্পানি নিয়ে সালদানদী রেলওয়ে স্টেশনের উত্তর পার পর্যন্ত দখল করতে সক্ষম হন। অন্যদিকে মেজর সালেক চৌধুরী সালদা নদীর উত্তর পার পর্যন্ত অগ্রসর হতে পেরেছিলেন। পাকিস্তানি সেনারা প্রচণ্ড বাধা দিতে সক্ষম হয় এবং একপর্যায়ে আমাদের আক্রমণের গতি রুদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে পাকিস্তানি সেনারা প্রতি-আক্রমণ করে এবং মেজর সালেক সালদা নদীর পারে যে ক্ষুদ্র জায়গাটি দখল করেছিলেন, সেখান থেকে পিছু হটতে বাধ্য হন। মেজর খালেদ মোশাররফ বুঝতে পারেন যে আক্রমণটি বস্ত্তত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তাই তিনি আক্রমণকারী কোম্পানিগুলোকে আক্রমণ পরিত্যাগ করার আদেশ দেন। আমাদের পক্ষে বহু হতাহত হয়। তবে আমি আমার মন্দভাগ বাজার ও মন্দভাগ রেলওয়ে স্টেশন ধরে রাখতে সমর্থ হই। এই যুদ্ধে ব্যর্থতার পর মেজর খালেদ সালদানদী কমপ্লেক্স দখলের দায়িত্ব আমার ওপর ন্যস্ত করেন।
    সালদানদী দখলের জন্য প্রথম যুদ্ধে বিপর্যয় এবং দ্বিতীয় যুদ্ধ শুরুর আগের মধ্যবর্তী সময়ে দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে, যা নিচে বর্ণনা করলাম।

১৩ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটায় পাকিস্তানি গোলন্দাজের সহায়তায় পঞ্চম পাঞ্জাব রেজিমেন্টের সেনারা সালদানদী রেলওয়ে স্টেশন সাধারণ এলাকায় আমাদের অবস্থানের ওপর প্রচণ্ড আক্রমণ চালায়। চতুর্থ বেঙ্গলের ডি কোম্পানি বিপুল সাহস ও দৃঢ় আস্থার সঙ্গে এই আক্রমণ প্রতিহত করে। প্রায় এক ঘণ্টার এই প্রতিরোধযুদ্ধের পর আমাদের সেনারা তীব্র পাল্টা আক্রমণ শুরু করে। পাকিস্তানিরা পশ্চাদপসরণ করতে শুরু করে। আমাদের সেনারা সালদানদী রেলওয়ে স্টেশনে শত্রুর অবস্থানে প্রতি-আক্রমণ করলে শত্রুর নয়টি বাংকার ধ্বংস হয়ে যায়। এই যুদ্ধে প্রায় ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়। ১৫টি জি-৩ রাইফেল, একটি মর্টার এবং ৩ হাজার ৫০০টি ৭.৬২ মিমি গুলি ও আটটি তিন ইঞ্চি মর্টারের গোলা আমাদের হস্তগত হয়। আমাদের পক্ষে দুজন শহীদ ও একজন আহত হয়। পরদিন পাকিস্তানি সেনারা যখন কসবার পশ্চিম দিকে আরও পিছু হটে যাচ্ছিল, ঠিক তখন আমাদের একটি প্লাটুন তাদের একটি দলের ওপর অ্যামবুশ করে। এই অ্যামবুশে ১৫ জন পাকিস্তানি সেনা ও ১৫ জন রাজাকার নিহত হয়। তবে এই অ্যামবুশে পাকিস্তানি অ্যাকশনে আমাদের দুজন সেনা নিহত ও একজন আহত হয়।

জাদিশ্বরে আমি একটি মর্টার প্লাটুন রেখেছিলাম নায়েব সুবেদার মইনের নেতৃত্বে। তিনি ছিলেন একজন সাহসী যোদ্ধা। তাঁকে যে কাজই দেওয়া হতো, তিনি তা দ্রুততার সঙ্গে সম্পন্ন করতেন। সেদিন ছিল রমজান মাসের প্রথম দিন। আমি নায়েব সুবেদার মইনকে নির্দেশ দিই ২১ অক্টোবর (১ রমজান) জাদিশ্বরের কোনো স্থান বেছে নিয়ে সাহেববাড়িতে অবস্থিত শত্রুর অবস্থানে সেহরি খাওয়ার সময় আকস্মিক গোলাবর্ষণ করতে। কিন্তু সেদিন কোনো অজানা কারণে তিনি তা করতে ব্যর্থ হন। পরের দিন ভোররাতে নায়েব সুবেদার মইন তাঁর আটজন মর্টার সদস্য নিয়ে জাদিশ্বর খালপাড় হয়ে মর্টার হামলা করতে যান। কিন্তু শত্রু দৈবক্রমে বা সন্দেহবশে অথবা গুপ্তচরের মাধ্যমে খবর পেয়ে আগেই অ্যামবুশ পেতে অপেক্ষায় ছিল। তারা নায়েব সুবেদার মইন ও তাঁর দলের ওপর আকস্মিক হামলা চালায়। তারা নায়েব সুবেদার মইন ও তাঁর দুজন সঙ্গীকে ধরে ফেলে। শত্রু আমাদের সেনা দুজনকে সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলে এবং সুবেদার মইনকে ধরে নিয়ে যায়। সুবেদার গোলাম আম্বিয়া তৎক্ষণাৎ আমাকে ফিল্ড টেলিফোনে এ কথা জানালে আমি তাকে তার প্লাটুন নিয়ে শত্রুকে ধাওয়া করার নির্দেশ দিই। সে আমার কথামতো শত্রুকে ধাওয়া করলে শত্রুরা হাত-পা বাঁধা অবস্থায় নায়েব সুবেদার মইনকে গুলি করে মেরে পালিয়ে যায়। এটা ছিল আমার জন্য এক হৃদয়বিদারক ঘটনা। আমরা তাঁর ও অন্য নিহতদের মুক্ত এলাকায় এনে সামরিক সম্মানের সঙ্গে কবরস্থ করি। অসমসাহসী নায়েব সুবেদার মইনের নাম বাংলাদেশের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। তাঁর জন্য চতুর্থ ইস্ট বেঙ্গল ও বাংলাদেশ চিরদিন গর্ব করতে পারে।

সালদানদী কমপ্লেক্স দখলের দ্বিতীয় যুদ্ধের বর্ণনা দেওয়ার আগে পরিকল্পনা-পর্বের কিছু কথা বলে নিলে পাঠকের বুঝতে সুবিধা হবে। সালদানদী কমপ্লেক্স দখলের প্রথম যুদ্ধে ব্যর্থতা আমাদের সেনাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। তারা এই পরাজয়কে মেনে নিতে পারেনি। আমি নিজেও সালদানদী কমপ্লেক্স দখল করা আমার ধ্যানজ্ঞানে পরিণত করলাম। আমি চতুর্থ ইস্ট বেঙ্গলের দুটি মর্টার প্লাটুন ও মুজিব ব্যাটারির ফায়ার সমর্থন নিয়ে নতুন করে যুদ্ধ পরিকল্পনা শুরু করলাম।

মনে আছে, অক্টোবর-নভেম্বরে রমজান মাস ছিল। আমি কোনো দিন না খেয়ে বা কখনো আধপেটা খেয়ে রোজা রেখেই দিনের পর দিন কখনো কৃষকের বেশে হেঁটে, কখনো বা মাঝির বেশে নৌকায় চড়ে পুরো এলাকায় আমার রেকি মিশন চালাতাম। আমার সঙ্গে এসব রেকি মিশনে থাকত আমার ওয়্যারলেস অপারেটর ও মাত্র একজন সিকিউরিটি এসকর্ট। একদিনের কথা খুব মনে পড়ছে। সেদিন রেকি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ইফতারের সময়ও ঘনিয়ে এসেছে। স্থানটি নদীর উত্তর পারে আর এর বিপরীতে, অর্থাৎ দক্ষিণ পারে চারটি বাংকার। বাংকারগুলোর ওপর বাইনোকুলার নিয়ে শত্রুর পর্যবেক্ষণ চৌকি ছিল। ওরা আমাকে দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে মেশিনগান দিয়ে প্রচণ্ড গুলি ছুড়তে থাকে। কিন্তু আমি যে ক্রল করে ওখান থেকে বেরিয়ে আসব, তার শক্তিও আমার আর অবশিষ্ট ছিল না। আমি আমার ওয়্যারলেস অপারেটর আর এসকর্টকে নিয়ে গুলির পথ থেকে কোনোমতে সরে গেলাম। আমি পাশের বিশাল নিমগাছের নিচে হেলান দিয়ে বসে থাকলাম। পাকিস্তানিদের গুলিবর্ষণ সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে চলতেই থাকে। গাছটির ছাল-বাকল বলতে কিছুই আর অবশিষ্ট থাকল না। রাত ঘনিয়ে এলে অতি সন্তর্পণে ক্রল করে সেখান থেকে সরে এসে তবে নিজের ঘাঁটিতে ফিরতে পারলাম। এমনই অনেক বিপৎসংকুল রেকি মিশনের মাধ্যমে আমি যে বিষয়গুলো লক্ষ করেছিলাম, সেগুলো হলো:

  • শত্রুর ঘাঁটিগুলো অত্যন্ত শক্তিশালী করে তৈরি, যা কনভেনশনাল বা প্রথাগত পদ্ধতিতে ধ্বংস করার শক্তি আমাদের নেই অথবা তা করতে গেলে আত্মঘাতী হবে। বরং আনকনভেনশনাল বা অপ্রচলিত পদ্ধতিতে আমার বাহিনীকে দিয়ে আকস্মিক আক্রমণ করাতে পারলে সাফল্য লাভ করা সম্ভব হবে।

  • কমপ্লেক্সের ঘাঁটি দুটিতে শত্রু অত্যন্ত শক্তিশালী কংক্রিটের বাংকার তৈরি করেছে। কিন্তু সালদানদী বাজার ও রেলওয়ে স্টেশনের ‘শক্ত অবস্থান’ দুটির মধ্যে প্রায় ১ হাজার গজের ব্যবধান ছিল। এই ব্যবধানটি তারা কাভার করছিল সালদা নদীর পারে অবস্থিত পূর্বোক্ত চারটি কংক্রিটের পাকা বাংকার থেকে। আমার বিবেচনায় ১ হাজার গজের এই ব্যবধানটি সালদানদীতে শত্রুর পুরো প্রতিরক্ষাব্যবস্থার একটি বড় দুর্বলতা ছিল।

  • লক্ষ করলাম, শত্রুরা সারা রাত অত্যন্ত তৎপর থাকে, সকালবেলা পেটভরে নাশতা করে বিশ্রামে যায় এবং পুরো প্রতিরক্ষাব্যবস্থাটি তখন নাজুক থাকে। সারা দিন তারা ইপিসিএএফ (ইস্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্স) আর স্বল্প প্রশিক্ষিত সদস্যদের থ্রি-নট-থ্রি রাইফেল তথা নিম্নমানের অস্ত্রসজ্জিত অবস্থায় পাহারায় রাখে।

  • শত্রুর প্রতিরক্ষাব্যবস্থা পর্যালোচনা করে আমি বুঝতে পারি, সালদানদী কমপ্লেক্সে পাকিস্তানিদের দুটি পদাতিক কোম্পানি, সালদানদী বাজার ও রেলস্টেশন এলাকায় আরও দুটি ইপিসিএএফ প্লাটুনসহ অবস্থান নিয়েছিল। এই অবস্থানের আরও পেছনে শত্রুর অন্য দুটি কোম্পানি চানলা, বড়দুশিয়া ও নয়নপুরে প্রতিরক্ষা অবস্থান নিয়েছিল। এই অবস্থানগুলো থেকে শত্রুর সালদানদী কমপ্লেক্সের অবস্থানগুলোতে শক্তি বাড়ানো সম্ভব ছিল। সালদানদী বাজার ও রেলস্টেশন এলাকায় শত্রুর অবস্থান দুটির মধ্যবর্তী সংযোগকারী প্রায় ১ হাজার গজ এলাকায় সালদা নদীর পারে শত্রুর চারটি কংক্রিটের শক্তিশালী বাংকার ছিল। আমার মনে হলো, এই চারটি বাংকার দখল বা ধ্বংস করা গেলে শত্রুর মূল অবস্থান দুটিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন এবং নিশ্চিহ্ন করা যাবে।
    শত্রুর দুটি কোম্পানিকে আক্রমণ করতে হলে প্রথাগত রণকৌশল অনুযায়ী তিন গুণ শক্তি তথা ছয়টি পদাতিক কোম্পানি নিয়ে আক্রমণ করতে হতো। কিন্তু আমার মনে হলো, প্রচলিত পদ্ধতি না ভেবে বরং অপ্রথাগত পদ্ধতিতে আমার বাহিনীর পক্ষে সালদানদী কমপ্লেক্স দখল করা সম্ভব হবে। এই অপ্রথাগত যুদ্ধকৌশলের ওপর ভিত্তি করে আমি পরিকল্পনা নিম্নোক্তভাবে সাজালাম:

  • আক্রমণটি চতুর্থ ইস্ট বেঙ্গলের মাত্র একটি পদাতিক কোম্পানিকে (তিনটি প্লাটুন) দিয়ে পরিচালনা করা হবে। অন্য একটি কোম্পানিকে রিজার্ভে রাখা হবে। অসম সেনাসংখ্যার সমস্যাকে আমি ট্যাকটিক্যাল সারপ্রাইজের মাধ্যমে পূরণ করার পরিকল্পনা করলাম।

  • সিদ্ধান্ত নিলাম, মূল আক্রমণটি তিন দিক থেকে সাঁড়াশি আকৃতিতে নিম্নোক্তভাবে রচনা করা হবে:
    রিকোয়েললেস রাইফেল স্পেশালিস্ট সুবেদার মোহাম্মদ হোসেনের নেতৃত্বে একটি ১০৬ মিমি ও একটি ৭৫ মিমি রিকোয়েললেস রাইফেল ডিটাচমেন্ট রাতের অন্ধকারে নদীর এপাড়ে অবস্থান নিয়ে পরদিন সকালে নির্ধারিত রণঘণ্টার আগে গোলা ছুড়ে পূর্বোল্লিখিত শত্রুর চারটি বাংকার ধ্বংস করবে।
    সুবেদার বেলায়েতের নেতৃত্বে একটি পদাতিক প্লাটুন নদী অতিক্রম করে পূর্বোল্লিখিত চারটি বাংকার দখল করে শত্রুর মূল দুটি অবস্থানকে বিচ্ছিন্ন করবে।
    সুবেদার সিরাজের নেতৃত্বে একটি পদাতিক প্লাটুন সালদানদী রেলস্টেশনের পূর্ব পাশের পাহাড়ে ইউ আকারে অবস্থান নিয়ে নির্দিষ্ট সময়ে রেললাইন ধরে সরাসরি রেলস্টেশনের দখল নেবে।
    সুবেদার মঙ্গল মিয়ার নেতৃত্বে অন্য একটি পদাতিক প্লাটুন নদী অতিক্রম করে সালদানদী গোডাউন ও বাজার এলাকাটি দখল করে নেবে।
    সুবেদার ওহাবের নেতৃত্বে চতুর্থ ইস্ট বেঙ্গলের অপর একটি পদাতিক কোম্পানি রিজার্ভ ফোর্স হিসেবে নিম্নলিখিত দায়িত্ব পালন করবে:
    আক্রমণের আগের রাতে, অর্থাৎ ৭ অক্টোবর রাতে পাঁচটি রেইড টিম গঠন করে বড় দুশিয়া, চানলা, সাহেববাড়ি, গোবিন্দপুর ও কাইয়ুমপুরে পাকিস্তানি অবস্থানগুলোতে হানা দিয়ে একটি ডাইভার্সনারি সুবিধা আদায় করবে, যাতে আমাদের আক্রমণের লক্ষ্যবস্ত্ত ও সময় সম্পর্কে তারা বিভ্রান্ত হয়।
    সারা রাত শত্রুর প্রতিরক্ষা অবস্থানগুলোকে এমনভাবে ব্যতিব্যস্ত রাখতে হবে, যাতে তারা সকালে গোলাগুলি বন্ধ হলে ক্লান্ত হয়ে রাজাকারদের হাতে দায়িত্ব দিয়ে বিশ্রামে চলে যায়।

সালদানদী এলাকায় আমার মূল আক্রমণের সময় আমাদের লক্ষ্যবস্ত্তর পেছনে এমনভাবে অবস্থান নেবে, যাতে বড়দুশিয়া, চানলা, সাহেববাড়ি, গোবিন্দপুর ও কাইয়ুমপুরের পাকিস্তানি অবস্থানগুলো থেকে সালদানদী এলাকায় শক্তি বাড়ানো সম্ভব না হয়।
প্রয়োজনে আমার আদেশে মূল আক্রমণের শক্তি বাড়ানো।

আমি এই আক্রমণ পরিকল্পনায় সেক্টর সদরের মুজিব ব্যাটারি অথবা মিত্রবাহিনীর কোনো গোলন্দাজ সহায়তা নিইনি। চতুর্থ ইস্ট বেঙ্গলের একটি ব্যাটালিয়ন অভিযান হিসেবে শুধু আমার নিজস্ব মর্টার প্লাটুন ও হেভি মেশিনগান ডিটাচমেন্টগুলোকে সরাসরি ফায়ার সমর্থনে নিযুক্ত করি। সুবেদার জব্বারের নেতৃত্বে আমার মর্টার প্লাটুন সালদানদী রেলস্টেশন থেকে একটু দূরে আমাদের যে মুক্ত এলাকা ছিল, অর্থাৎ মন্দভাগ রেলস্টেশন ও মন্দভাগ গ্রামের মধ্যবর্তী একটি পজিশনে ফায়ার বেস স্থাপন করবে। আমরা স্থানীয় লোকদের সহায়তায় ৭ অক্টোবর রাতেই গরুর গাড়ি ও কাঁধে বয়ে আমাদের মর্টারগুলো ও ভারী গোলাবারুদের বাক্সগুলো ফায়ার বেসে নিয়ে যেতে সক্ষম হলাম।

আমি ১৫ নভেম্বর সকাল আটটায় আমাদের রণঘণ্টা বা এইচ আওয়ার নির্ধারণ করলাম।

আমার আদেশ অনুযায়ী আমাদের সব প্লাটুন ও ডিটাচমেন্ট রাতের মধ্যে নিজ নিজ জায়গায় অবস্থান নিয়ে প্রস্ত্ততি সম্পন্ন করে। আমি নিজে সুবেদার মোহাম্মদ হোসেনের অবস্থানে উপস্থিত থেকে আক্রমণ পরিচালনার সার্বিক দায়িত্ব নিই। সকাল নয়টায় আমার সিগন্যালের সঙ্গে সঙ্গে নদীপাড়ের চারটি বাংকারের মধ্যে দুটিকে রিকোয়েললেস রাইফেলের নিখুঁত নিশানায় প্রথম শটেই ধ্বংস করে দেওয়া হলো। বাংকার দুটির ছাদ উড়ে গেল এবং এর ভেতরে থাকা বিশ্রামরত পাকিস্তানি সেনারা হতবিহ্বল হয়ে ছোটাছুটি করতে লাগল। সেন্ট্রি ডিউটিরত রাজাকাররা প্রাণভয়ে পালিয়ে গেল। পরক্ষণেই সুবেদার মোহাম্মদ হোসেনের সেনারা অন্য দুটি বাংকারের ওপর আঘাত হানল এবং ওই দুটি বাংকারেরও একই অবস্থা হলো। এ অবস্থায় বাংকার চারটিতে অবস্থানরত সক্ষম পাকিস্তানি সেনারা কেউ রেলস্টেশনের দিকে, কেউ-বা বাজারের দিকে দৌড়ে পালিয়ে গেল।

এ সময় আমি ওয়্যারলেসের মাধ্যমে সুবেদার বেলায়েত হোসেনকে নির্দেশ দিলে সে তার প্লাটুন নিয়ে নদী সাঁতরে ওপাড়ে উঠল এবং পরিত্যক্ত বাংকার চারটির দখল নিল। তারা সেখানে গিয়ে পশ্চিমে সালদানদী বাজার ও পূর্বে সালদানদী রেলস্টেশনের দিকে গুলি ছুড়তে লাগল। সেই সঙ্গে আমার পরিকল্পনা অনুযায়ী সালদানদী প্রতিরক্ষা কমপ্লেক্সকে দুটি ভাগে বিচ্ছিন্ন করার কাজটি সমাধা করা হলো।

সুবেদার বেলায়েতের সাকসেস সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গেই নায়েব সুবেদার সিরাজের প্লাটুনটি পাহাড়ের ওপর থেকে তাদের লক্ষ্যবস্ত্ত সালদানদী রেলস্টেশনের ওপর গুলি ছুড়তে ছুড়তে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে একই সময় সুবেদার মঙ্গল মিয়ার প্লাটুনটিও সালদানদী বাজারের শত্রুঘাঁটির ওপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ শুরু করে। সালদানদী রেলস্টেশনের পশ্চিম দিক থেকে সুবেদার বেলায়েতের প্লাটুনের একাংশ রেলস্টেশনের ওপর ব্যাপক গুলিবর্ষণ করতে থাকে, আর পূর্ব দিকের পাহাড় থেকে নায়েব সুবেদার সিরাজের প্লাটুনের এসএলআরের মুখে পড়ে শত্রু দিশাহারা হয়ে পড়ে। এ ছাড়া ফায়ার বেস থেকে আমার মর্টার প্লাটুন ও হেভি মেশিনগানের মুহুমু‌র্হু গোলাবর্ষণে শত্রুর প্রতিরক্ষাবূ্যহ ছিন্নভিন্ন হয়ে যায়। একপর্যায়ে আমার সেনারা ট্রেঞ্চ থেকে ট্রেঞ্চে হাতাহাতি ও সম্মুখযুদ্ধে লিপ্ত হয়।

এ সময় আমি নিজের ওয়্যারলেস সেটে শত্রুর একটি মেসেজ ইন্টারসেপ্ট করলাম। যুদ্ধরত পাকিস্তানি কমান্ডার তাদের হেডকোয়ার্টারে মেসেজ পাঠাচ্ছিল। সে বলছিল, মুক্তিবাহিনীর একটি ব্যাটালিয়ন তাদের সালদানদী বাজার ও রেলস্টেশনের মধ্যবর্তী স্থান দখল করে নিয়েছে এবং তাদের অবস্থানেও চতুর্দিক থেকে আক্রমণ করেছে। সে আরও বলছিল, তাদের পক্ষে আর এই অবস্থান ধরে রাখা সম্ভব নয়। সে তার সিনিয়র অফিসারদের কাছে জানতে চাইছিল, তাদের জন্য আদেশ কী। আমি বুঝতে পারলাম, পাকিস্তানি সেনাদের মনোবল তখন পুরোপুরি ভেঙে গেছে। আমি তৎক্ষণাৎ আমার করণীয় নির্ধারণ করলাম এবং প্লাটুন কমান্ডারদের আক্রমণের তীব্রতা বাড়াতে নির্দেশ দিলাম। তখন মর্টার, হেভি মেশিনগান ও লাইট মেশিনগান দিয়ে আমার সেনারা শত্রুর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করল। সন্ধ্যা নাগাদ শত্রুর প্রতিরোধ দ্রুত কমে আসতে থাকে।

বঙ্গ সাদু‌র্লদের সামনে পাকিস্তানি ভয়ার্ত কাপুরুষেরা ঝরা পাতার মতো ঝরতে থাকে। সকাল আটটা থেকে চলমান এই জীবনপণ যুদ্ধ একাদিক্রমে প্রায় ১২ ঘণ্টা চলল। শত্রুর শেষ প্রতিরোধ স্তিমিত হতে হতে রাত নয়টার দিকে পুরোপুরি থেমে গেল। রেলস্টেশনের ঘাঁটি থেকে শত্রুর জীবিত ও আহতরা তাদের সব রসদ, গোলাবারুদ এমনকি তাদের ভারী ও ব্যক্তিগত অস্ত্রশস্ত্র ফেলে রেখেই কোনোমতে প্রাণ নিয়ে দক্ষিণ দিকে পালিয়ে গেল। সালদানদী বাজার থেকেও শত্রুর জীবিত ও আহতরা চানলার দিকে এবং কিছু নয়নপুরের দিকে পালিয়ে গেল। সন্ধ্যা নাগাদ আমি এবং আমার সেনারা যুদ্ধের প্রচণ্ড শারীরিক ও মানসিক পরিশ্রমে প্রায় অবসন্ন হয়ে পড়েছিলাম। এ সময় আমি দক্ষিণ দিকে শত্রুর পশ্চাদপসরণের পথে তাকিয়ে দেখতে পেলাম কিছু দূরে বেশ কিছু পাকিস্তানি সেনা রেললাইন হয়ে নয়নপুর রেলস্টেশনের দিকে পালিয়ে যাচ্ছে। এদের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া একজন পাকিস্তানি সেনা অস্বাভাবিক ধীর পদক্ষেপে দক্ষিণ দিকে হেঁটে যাচ্ছিল। আমি কাছেই পড়ে থাকা একজন মৃত পাকিস্তানি সেনার সাব-মেশিনগানটি তুলে নিয়ে সেনাটির দিকে তাক করলাম। আমার লক্ষ্যবস্ত্তটি প্রায় চার শ থেকে পাঁচ শ গজ দূরে ছিল। আমি তাকে লক্ষ্য করে একটি শর্ট বার্স্ট (দু-তিন রাউন্ডের অটোমেটিক ফায়ার) ফায়ার করতেই সে মাটিতে পড়ে গেল। খানিক পর সে আবার উঠে কিছুটা হেঁটে যেতে থাকল। আমি আবার একটা শর্ট বার্স্ট ফায়ার করলাম। এবার সেনাটা যেন একটা ঝাঁকুনি খেয়ে পড়ে গেল এবং বেঁচে থাকার তীব্র আকুতি নিয়ে কোনোভাবে রেললাইনটা অতিক্রম করার চেষ্টা করতে করতে একসময় স্থির হয়ে গেল।

আক্রমণের প্রাথমিক বিজয়ের এই মুহূর্তটাই কিন্তু সবচেয়ে বিপজ্জনক ও সংকটপূর্ণ হয়ে থাকে। কারণ, এ সময়ই শত্রুর প্রতি-আক্রমণের আশঙ্কা থাকে। তাই আমি রাত প্রায় আটটা নাগাদ শত্রুর প্রতিরোধ স্তিমিত হতেই নতুন দখল করা এলাকায় আমার সেনাদের দ্রুততার সঙ্গে শত্রুর সম্ভাব্য প্রতি-আক্রমণ মোকাবিলার জন্য পুনর্গঠন ও নিজস্ব প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুললাম। যেহেতু বোঝা যাচ্ছিল, পাকিস্তানি সেনারা নয়নপুরে পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে, তাই আমি আমাদের ভারী মর্টার ও মেশিনগানগুলো দিয়ে নয়নপুর রেলস্টেশনের ওপর গোলাবর্ষণ শুরু করলাম, যাতে নয়নপুরে তারা তাদের অবস্থান সুদৃঢ় করতে না পারে।

রাত প্রায় সাড়ে আটটার দিকে আমি সেক্টর কমান্ডার মেজর খালেদ মোশাররফকে ওয়্যারলেসে আমাদের অভিযানের সফলতার মেসেজ দিলাম। এদিকে সারা দিন ব্যাপক গোলাগুলির শব্দ শুনে মিত্রবাহিনীর বিভিন্ন হেডকোয়ার্টার থেকে ওয়্যারলেসের মাধ্যমে ভারতীয় অফিসাররা আমার কাছে পরিস্থিতি জানতে চাচ্ছিল। আমি তাদের বলেছি, এটা আমাদের স্থানীয়ভাবে পরিকল্পিত যুদ্ধ, তাই তাদের আগে জানানো হয়নি। আমি এর বেশি কিছু তাদের বলছিলাম না, কারণ আমি চাইছিলাম কারও সহায়তা বা হস্তক্ষেপ ছাড়াই আমার ব্যাটালিয়ন এই বিজয়টা ছিনিয়ে আনবে। আল্লাহর ইচ্ছায় আমি সফল হলাম। সালদানদী কমপ্লেক্স দখলের পরপরই আমি ভারতীয় কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সগত সিং এবং ৫৭তম মাউন্টেন ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল গনজালভেজের কাছে আমাদের বিজয় সম্পর্কে ওয়্যারলেস মেসেজ পাঠালাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমরা যে এত অল্প শক্তি খরচ করে ও তাদের সাহায্য ছাড়াই সালদানদী এলাকা দখল করেছি, তা কেউ যেন বিশ্বাস করতে পারছিল না। সেক্টর হেডকোয়ার্টার থেকে মেজর খালেদ মোশাররফ জানালেন, তাঁরা (মিত্রবাহিনীর জেনারেলসহ) পরদিনই সালদানদী এলাকার মুক্তাঞ্চলে পরিদর্শনে আসতে চান। আমি তাঁকে বললাম, ‘আপনি স্বচ্ছন্দে আসতে পারেন।’ ১৫ নভেম্বর সারা রাত আমরা আমাদের নতুন প্রতিরক্ষার উন্নয়নে ব্যস্ত থাকলাম। আমি জানতাম, তারা কাউন্টার অ্যাটাক করবে, তাই সালদানদী রেলস্টেশন ও নয়নপুর রেলস্টেশনের মাঝামাঝি জায়গায় আমার ট্রুপসকে মোতায়েন করলাম।

১৬ নভেম্বর সকাল সাড়ে নয়টার দিকে হেলিকপ্টারে করে মিত্রবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সগত সিং এবং মেজর জেনারেল গনজালভেজ আমার অবস্থানে এলেন। মেজর খালেদ মোশাররফ তার আগেই স্থলপথে আমার অবস্থানে চলে এসেছিলেন। আমরা সালদানদী রেলস্টেশনের পাশেই হেলিপ্যাড বানিয়েছিলাম। যখন আমি তাঁদের আমার দখল করা জায়গাগুলো ঘুরে দেখাচ্ছিলাম আর যুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনা দিচ্ছিলাম, সেই সময় পাকিস্তানিরা সালদানদী বাজারের পশ্চিম পাশে কাউন্টার অ্যাটাক বা প্রতি-আক্রমণ করল। সুবেদার বেলায়েতের প্লাটুন সেটা প্রতিহত করল। কিন্তু দুঃখের বিষয়, শত্রুর ছোড়া একটি বুলেট সুবেদার বেলায়েতের বুকের বাঁ পাশে আঘাত করে তার বীর হৃদয় ভেদ করে পেছন দিক দিয়ে বেরিয়ে যায়। মিত্রবাহিনী এবং আমাদের সেক্টর কমান্ডারকে বিদায় করে দিয়ে আমি যখন আমার ঘাঁটিতে ফিরে আসছি, তখনই আমি খবর পেলাম যে সুবেদার বেলায়েত গুরুতর আহত হয়েছে। সঙ্গে সঙ্গে আমি আমাদের মেডিকেল অফিসার ডা. ক্যাপ্টেন আখতারকে দ্রুত সুবেদার বেলায়েতকে দেখতে পাঠাই। সুবেদার বেলায়েতকে যখন তুলে নিয়ে আমার হেডকোয়ার্টারে পৌঁছাল, তখন ক্যাপ্টেন আখতার সঙ্গে ছিল। বেলায়েত পথেই মারা যায়। আমি সেদিন নিজের আপন কেউ মরে গেলে মানুষ যতটা দুঃখ পায়, তার চেয়েও বেশি দুঃখ পেয়েছিলাম। আমার সেদিনের দুঃখবোধটি ভাষায় প্রকাশ করতে অক্ষম। সুবেদার বেলায়েত ছিল একজন অত্যন্ত সাহসী যোদ্ধা ও কৌশলী প্লাটুন কমান্ডার। দুঃখ এই যে, সালদানদীর যুদ্ধে অসামান্য অবদান রাখার পর যুদ্ধটির নিতান্ত সমাপ্তিলগ্নে তার মতো একজন নির্ভরযোগ্য প্লাটুন কমান্ডারকে আমরা হারালাম।

সালদানদী রেলস্টেশন ও সালদানদী বাজার দখলের এই যুদ্ধে আমরা অনেক অস্ত্রশস্ত্র হস্তগত করেছিলাম। অনেক পাকিস্তানি সেনা এই যুদ্ধে হতাহত হয়েছিল। নিচে আমি এর একটি তালিকা দিচ্ছি:

২১টি থ্রি-নট-থ্রি রাইফেল, চারটি ৭.৬২ এমএম এলএমজি, তিনটি এমজি ওয়ান এ থ্রি, দুটি এমজি স্পেয়ার ব্যারেল, একটি ৪০ এমএম রকেট লঞ্চার, দুটি বেটাগান (ইউকে), চারটি ২ ইঞ্চি মর্টার (সম্পূর্ণ নতুন), দুই বাক্স ৭.৬২ এমএম এলএমজির গুলি, ৩১টি ৭.৬২ এমএমজির ম্যাগাজিন, ২০ হাজার ২৫০টি বিভিন্ন ধরনের গুলি, ২০০টি দুই ইঞ্চি মর্টারের গোলা, ৯২টি ৮১ এমএম মর্টারের গোলা, ১ হাজারটি থ্রি নট থ্রি গুলি। দখল করা অন্য জিনিসপত্রের মধ্যে ছিল ওয়্যারলেস কমিউনিকেশন সেট এএনপিআরসি, ছয়টি ব্যাটারিসহ হ্যান্ডহেল্ড ওয়্যারলেস কমিউনিকেশন সেট, তিনটি ফিল্ড টেলিফোন সেট, একটি ছোট ইলেকট্রিক জেনারেটর, একটি ৩ ব্যান্ড ট্রানজিস্টার, অপারেশনাল ম্যাপ ও গুরুত্বপূর্ণ নথিপত্র, সামরিক পোশাক ও অন্যান্য কাপড়চোপড় ইত্যাদি।
যুদ্ধে উভয় পক্ষে হতাহত হয়েছিল। আমাদের দিকে দুজন শহীদ হয়েছিল এবং আহত হয়েছিল আটজন। ৩০ পাঞ্জাব রেজিমেন্টের (আলফা ও ব্রাভো কোম্পানি) নিহত হয়েছিল ৮৮ জন এবং গুরুতর আহত ও আমাদের হাতে বন্দী হয়েছিল ১২ জন। এ ছাড়া পাঞ্জাব রেজিমেন্টের অনেকে আহত হয়ে পালিয়ে গিয়েছিল।

সালদানদী রেলস্টেশনে বীরত্বের সঙ্গে লড়াই করে শত্রুকে বিতাড়িত করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কর্নেল [স্বাধীনতার পর জেনারেল] ওসমানী একটি ওয়্যারলেস লগ মেসেজ দ্বারা আমাকে বীরত্বসূচক খেতাব ‘হাই অর্ডার’ সম্মানে ভূষিত করেন। পরবর্তী সময়ে এই খেতাবটির নাম পরিবর্তন করে ‘বীর উত্তম’ করা হয়। এ ছাড়া ১৩ জনকে বিভিন্ন খেতাবে ভূষিত করা হয়।
…
এম এইচ এ গাফফার, বীর উত্তম: জন্ম ২১ মার্চ ১৯৪৩, খুলনা। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং কুমিল্লা সেনানিবাসে অবস্থানরত চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। প্রথমে মুক্তিবাহিনীর ২ নম্বর সেক্টর, পরে কে ফোর্সের অধীন মুক্তিযোদ্ধা। বাংলাদেশ সেনাবাহিনী থেকে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে অবসর নিয়েছেন। পরে রাজনীতিবিদ ও মন্ত্রী।
সূত্র: সম্মুখযুদ্ধ ১৯৭১, মুক্তিযোদ্ধাদের কলমে , সম্পাদনা: মতিউর রহমান, প্রথমা প্রকাশন ২০২০