আজ ভারতের বিপক্ষে পাকিস্তানের আফ্রিদি–আমির হবেন কে?

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আমির আর ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপে শাহিন– দুই বাঁহাতি পেসার ভুগিয়েছিলেন ভারতকেফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিচেল স্টার্ক, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আমির, ট্রেন্ট বোল্ট, শাহিন আফ্রিদি আর রিস টপলি—এই পেসারদের প্রথম মিল এঁরা সবাই বাঁহাতি। তবে সবচেয়ে বড় মিল হলো গত সাত বছরে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ভারতের ব্যাটিং লাইনআপকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন এই বাঁহাতিরাই।

আজ দুবাইয়ে যখন ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান, বাবর আজমরা তখন নিশ্চিতভাবে আমির আর আফ্রিদির অভাব টের পাবেন। আমির দলে নেই আগে থেকেই, আফ্রিদি ছিটকে গেছেন এশিয়া কাপ শুরুর ঠিক আগে।

ভারতের বিপক্ষে পাকিস্তানের শেষ দুই জয়ে নায়ক ছিলেন এ দুজনই। আমির আর আফ্রিদি তো বটেই, পাকিস্তানের একাদশে থাকছে না আজ কোনো বাঁহাতি পেসারই।

আরও পড়ুন

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে তাহলে বাবরদের হয়ে বাঁ হাতের খেল কে দেখাবেন?

এশিয়া কাপে পাকিস্তান দলে পেস বোলার আছেন পাঁচজন। নাসিম শাহ, হারিস রউফ, শাহনেওয়াজ দাহানি, মোহাম্মদ হাসনাইন ও হাসান আলী—পাঁচজনই ডানহাতি পেসার।

উল্টো দিকে ভারতের ব্যাটিং লাইনআপে প্রথম পাঁচজনের সবাই ডানহাতি। রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়াদের পরে ৬ নম্বরে আছেন বাঁহাতি ব্যাটসম্যান ঋষভ পন্ত।

ভারতের ব্যাটিং লাইনআপ যখন ডানহাতিতে ভরপুর, তখন পাকিস্তানের পেস আক্রমণ পুরোপুরি ডানহাতিনির্ভর। ডানহাতি ব্যাটসম্যানের বিপক্ষে বাঁহাতি পেসারের সহজাত সুবিধা তোলার সুযোগ তাই একদমই পাচ্ছে না পাকিস্তান।

গত বিশ্বকাপে শাহীন আফ্রিদি কাছে নাস্তানাবুদ হয়েছিল ভারতের টপ অর্ডার
ছবি: রয়টার্স

ভারতের ব্যাটিংয়ের প্রধান দুই স্তম্ভ বিবেচনা করা হয় রোহিত ও কোহলিকে। দুজনই ব্যাটিং করেন টপ অর্ডারে, দুজনেরই দুর্বলতা আছে বাঁহাতি পেসে।

আন্তর্জাতিক ও ঘরোয়া মিলিয়ে টি-টোয়েন্টি সংস্করণে বাঁহাতি পেসারের বিপক্ষে রোহিতের গড় ২২.৪০ রান, যেখানে ডানহাতি পেসারের বিপক্ষে ৩৩.৭৩ রান। এখন পর্যন্ত ওয়ানডেতে ২৮ বার আর টি-টোয়েন্টিতে ৪১ বার বাঁহাতি পেসারের বলে আউট হয়েছেন রোহিত।

ভারতের টপ অর্ডারে বাঁহাতি পেসারের বিপক্ষে সবচেয়ে বেশি ৯০ বার আউটের যন্ত্রণা অবশ্য কোহলির (দ্বিতীয় স্থানে রোহিত ৭১)।

আরও পড়ুন

গত সাত বছরের পরিসংখ্যান বলছে, গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ভারতের ব্যাটিং লাইনআপ, বিশেষ করে টপ অর্ডারকে সবচেয়ে বেশি নড়বড়ে দেখা গেছে বাঁহাতি পেসের বিপক্ষে।

২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে মিচেল জনসন আর মিচেল স্টার্ক (২টি করে ৪ উইকেট), একই বছরের বাংলাদেশ সফরে মোস্তাফিজ (৩ ওয়ানডেতে ১৩ উইকেট), ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে বোল্ট (কোহলি ও জাদেজার উইকেট) এবং চলতি বছর ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজে টপলিরা (৩ ম্যাচে ৯ উইকেট) ভারতকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন।

মর্যাদার লড়াইয়ে গত পাঁচ বছরে পাকিস্তানের বিপক্ষে যে দুটি হার ভারতের, সেখানে মূল আঘাত ছিল দুই বাঁহাতিরই। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের ৩৩৮ রান তাড়া করতে নেমে শুরুতে ৬ রানের মধ্যেই রোহিত আর কোহলি পরাস্ত হন আমিরের কাছে।

যে প্রাথমিক ধাক্কা আর সামাল দিতে পারেননি পরের ব্যাটসম্যানরা। শেষমেশ ১৫৮ রানে অলআউট হয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা খোয়াতে হয় ১৮০ রানে হেরে। গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভুগতে হয় আরেক বাঁহাতি আফ্রিদির কাছে।

এবারও ৬ রানের মধ্যেই নেই ২ উইকেট; রাহুল ও রোহিত আউট শাহিনের বলে—একজন বোল্ড, আরেকজন এলবিডব্লু। শেষ পর্যন্ত ম্যাচ হারতে হয় ১০ উইকেটের বড় ব্যবধানে।

ভারতের ব্যাটিংয়ে এমন ধাক্কা দেওয়ার জন্য এবার পাকিস্তানের হাতে আর বাঁহাতি পেসার নেই। আর এটিই কোহলিদের বাড়তি সুবিধা করে দেবে বলে ধারণা পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের।

ওয়াকার ইউনিস তো বলেই দিয়েছেন, আফ্রিদি ছিটকে পড়ায় ভারতের ব্যাটসম্যানরা ‘স্বস্তি’ পেয়েছেন। একই কথা বলেছেন আকিব জাভেদও।

ভারতের যেখানে স্বস্তি, সেখানেই অস্বস্তি পাকিস্তানের। দলে নেই বাঁহাতি, কে হবেন আজকের ম্যাচের আমির-আফ্রিদি?

প্রশ্নের উত্তর জানা যাবে রাত আটটায় শুরু হতে যাওয়া ম্যাচে।

আরও পড়ুন