এই তাহলে লেভার সাফল্যের রহস্য
রবার্ট লেভানডফস্কির যেন বিরাম নেই। ক্লাব ফুটবলে গোলের পর গোল করার পর গিয়েছিলেন আন্তর্জাতিক বিরতিতে। পোল্যান্ডের হয়ে দায়িত্ব পালন করে এখন অপেক্ষা আবার বার্সেলোনার জার্সিতে জ্বলে ওঠার। এর মাঝে বিরতির সুযোগ পেলেও বিশ্রাম নিতে রাজি নন লেভা।
আনুষ্ঠানিক কোনো সূচি না থাকলেও নিজে থেকেই অনুশীলনে গিয়ে ঘাম ঝরিয়েছেন তিনি। অনুশীলনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে পরিশ্রমই তাঁর যে সাফল্যের রহস্য, সেটিও যেন বুঝিয়ে দিতে চাইলেন এ স্ট্রাইকার।
বার্সেলোনার জার্সি পরা একটি ছবি বুধবার ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন লেভা। সেটির ক্যাপশনে লিখেছেন, ‘ছুটির দিনের অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। এটা অনুশীলনের সময়।’ সোম ও মঙ্গলবার অনুশীলন থাকলেও বুধবার খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিল বার্সা।
মজার ব্যাপার হচ্ছে, বার্সেলোনার অফিশিয়াল অ্যাকাউন্ট থেকেও ছুটির দিনে লেভার এই ঘাম ঝরানো নিয়ে প্রতিক্রিয়াও জানানো হয়েছে। মন্তব্যের ঘরে এই স্ট্রাইকারকে সমর্থন করে শক্তিশালী বাহুর ইমোজিও পোস্ট করেছে ক্লাবটি।
বার্সার হয়ে দারুণ ছন্দে থাকলেও পোল্যান্ডের জার্সিতে খুব একটা ভালো সময় কাটেনি লেভার। উয়েফা নেশনস লিগের ম্যাচে একটিতে জিতলেও অন্যটিতে হেরেছে পোলিশরা। নেদারল্যান্ডসের বিপক্ষে ২-০ গোলে হারের পর ওয়েলসের বিপক্ষে ১-০ গোলে জিতেছে তারা। তবে কোনো ম্যাচেই গোলের দেখা পাননি বার্সার এই গোলমেশিন। ওয়েলসের বিপক্ষে গোলটিতে অবশ্য অ্যাসিস্ট করেছেন।
দেশের জার্সিতে না পারলেও, এখন ক্লাবের জার্সিতে নিজের সেরাটা দিয়েই জ্বলে উঠতে উন্মুখ লেভা। এদিকে দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। সেখানেও পোলিশ সমর্থকদের চোখ থাকবে লেভার ওপর।
সব মিলিয়ে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না সাবেক এই বায়ার্ন মিউনিখ তারকা। আন্তর্জাতিক বিরতি শেষে শনিবার মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে বার্সা। সেই ম্যাচকেই এখন পাখির চোখ করছেন। দলের একাধিক খেলোয়াড় চোটে থাকায় মাঠে নামার আগেই চাপে আছে জাভি হার্নান্দেজের দল। তাই লেভার দায়িত্বটাও কিছুটা বেড়েই গেছে।
বিরতিতে যাওয়ার আগপর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে ৮ ম্যাচে ১১ গোল করেছেন এ মৌসুমেই ক্লাবটিতে যোগ দেওয়া লেভানডফস্কি। লা লিগায় ৬ ম্যাচে করেছেন ৮ গোল এবং চ্যাম্পিয়নস লিগে ২ ম্যাচে তাঁর গোল ৩টি।
নতুন শুরুতেও লেভাকে এমন ছন্দেই দেখতে চাইবেন বার্সা সমর্থকেরা। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে চাপে আছে কাতালান পরাশক্তিরা। ৫ অক্টোবর ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে বার্সার প্রতিপক্ষ ইন্টার মিলান। সান সিরোর এই ম্যাচে জিততে না পারলে চাপ আরও বাড়বে ক্লাবটির।