আইসিসি কেন পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না, বললেন সাবেক চেয়ারম্যান

পাকিস্তান ক্রিকেট বোর্ডছবি: টুইটার

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান। এ জন্য আইসিসি কি পাকিস্তানকে শাস্তি দিতে পারবে?

আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানির দাবি, দেশের সরকারের সিদ্ধান্ত মানায় আইসিসি পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না। ভারতের সংবাদমাধ্যম ‘স্পোর্টসস্টার’–এর সঙ্গে আলাপচারিতায় মানি এ কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল পাকিস্তান সরকারের পোস্টে বলা হয়, ‘ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে ২০২৬ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’

এরপর শুরু হয়েছে তুলকালাম। টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ আয়ের দিক থেকে আইসিসির জন্য সবচেয়ে লাভজনক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির দাবি, শুধু এই একটি ম্যাচ ঘিরেই জড়িয়ে আছে প্রায় ৫০ কোটি মার্কিন ডলারের বাজার। বাংলাদেশি মুদ্রায় যা ৬ হাজার ১২০ কোটি টাকার বেশি! পাকিস্তান না খেললে এই ম্যাচ থেকে বিশাল অঙ্কের অর্থ আয়ের সুযোগ হারাবে আইসিসি।

পিসিবি চেয়ারম্যান এহসান মানি
ছবি: এএফপি

সংবাদমাধ্যমে গুঞ্জন উঠেছে, ভারত ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে বড় শাস্তি দিতে পারে আইসিসি। ম্যাচটি না হওয়ার ক্ষতিপূরণ ও জরিমানার দায়ভার পুরোপুরি বহন করতে হতে পারে পিসিবিকে। আইসিসির ‘মেম্বার পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্ট’ ভঙ্গের অভিযোগে টুর্নামেন্টের পাওনা অর্থ আটকে যাওয়া বা বড় অঙ্কের জরিমানার ঝুঁকিও আছে।

আরও পড়ুন
পাকিস্তান সরকারি নির্দেশ মানলে, তাদের বিরুদ্ধে শাস্তি আরোপ করা যাবে না। ঠিক এ ভিত্তিতে ভারত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ পাকিস্তানে খেলতে রাজি হয়নি। দ্বৈত মানদণ্ড থাকা ঠিক হবে না। দুঃখজনকভাবে, সমস্যা সমাধানের বদলে আইসিসি কেবল একজন দর্শক হিসেবে সব দেখেছে।
এহসান মানি, আইসিসি ও পিসিবির সাবেক চেয়ারম্যান

কিন্তু আইসিসি ও পিসিবির সাবেক চেয়ারম্যান এহসান মানি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘পাকিস্তান সরকারি নির্দেশ মানলে, তাদের বিরুদ্ধে শাস্তি আরোপ করা যাবে না। ঠিক এ ভিত্তিতে ভারত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ পাকিস্তানে খেলতে রাজি হয়নি। দ্বৈত মানদণ্ড থাকা ঠিক হবে না। দুঃখজনকভাবে, সমস্যা সমাধানের বদলে আইসিসি কেবল একজন দর্শক হিসেবে সব দেখেছে।’

গত এশিয়া কাপে টসের সময় হাত মেলাননি ভারত ও পাকিস্তান অধিনায়ক
এসিসি

২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত আইসিসির চেয়ারম্যান ছিলেন মানি। এরপর ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।

মানি আরও বলেন, ‘আপনি একটি দেশকে সুযোগ করে দিয়েছেন যেন তারা নিজেদের সরকারকে জড়িত করতে পারে। বিশেষ করে যখন জানা যায় যে পিসিবির চেয়ারম্যান সরকারের একজন বর্তমান মন্ত্রী।’ পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি দেশটির বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন

ঘটনার সূত্রপাত ভারতে উগ্রপন্থীদের বিরোধিতায় আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে। বাংলাদেশ এরপর নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নিতে অনুরোধ করে আইসিসিকে। ক্রিকেটের নিয়ন্ত্রক এ সংস্থা তা মানেনি এবং বাংলাদেশও নিজেদের অবস্থান থেকে সরেনি। এতে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি। এরপর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে দেওয়া না হলে পাকিস্তান দল টুর্নামেন্ট বর্জনের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে।

সেই আলোচনার পর গতকাল পাকিস্তান সরকার জানায়, টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে, তবে ভারতের মুখোমুখি হবে না।

আরও পড়ুন