বাংলাদেশের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া
ম্যাট রেনশর একাদশে ফেরাটা অনেকটা নিশ্চিতই ছিল। তবে অস্ট্রেলিয়া চার পেসার নাকি তিন পেসার–এক স্পিনার নিয়ে খেলবে সেটা নিয়ে আলোচনা চলছিল।
সংবাদ সম্মেলনে প্যাট কামিন্সও কম্বিনেশন নিশ্চিত করতে পারেননি। জানিয়েছিলেন আরও সময় নেওয়ার কথা। তবে কামিন্সের সংবাদ সম্মেলনের পরই তিন পেসার নিয়ে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া দলে পরিবর্তন একটিই। প্রথম টেস্টের পর দল থেকে বাদ পড়া জেক ওয়েদারাল্ডের জায়গা ঢুকেছেন রেনশ। ২০২৩ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলবেন রেনশ। ভারতের বিপক্ষে সেই টেস্টে তিনি খেলেছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। এবার খেলবেন ওপেনার হিসেবে।
ডারউইনে বাংলাদেশের ৯ উইকেটের জয়ের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১ উইকেট নিতে পেরেছিলেন নাথান লায়ন। তাঁর জায়গায় দ্বিতীয় টেস্টে স্কট বোল্যান্ডকে খেলানোর সম্ভাবনা নিয়ে আলোচনা ছিল। তবে সর্বশেষ অ্যাশেজে ২০ উইকেট নেওয়া এই পেসারকে আবারও একাদশের বাইরেই থাকতে হচ্ছে।
দারুণ ছন্দে থাকা বোল্যান্ডকে একাদশে বাইরে রাখার সিদ্ধান্ত যে কঠিন, সেটা বোঝা গেছে কামিন্সের কথাতেও।
সংবাদ সম্মেলনে একাদশের কম্বিনেশন নিয়ে প্রশ্নে তিনি বলেছেন, ‘আরও এক দিন সময় নিতে চাই। এরপর সিদ্ধান্ত নেব, চার পেসার খেলাব নাকি একজন স্পিনার। সিদ্ধান্তটা মূলত কন্ডিশনের ওপর নির্ভর করছে। যদি মনে হয়, প্রথম বা দ্বিতীয় ইনিংসে পেসারদের দিয়েই দ্রুত ১০ উইকেট নেওয়ার ভালো সুযোগ আছে এবং চতুর্থ ইনিংসে উইকেট খুব একটা ভাঙবে না, তাহলে সেটিও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় বিষয়।’
কামিন্স যোগ করে বলেন, ‘এর সঙ্গে স্কট বোল্যান্ডের মতো একজন দুর্দান্ত বোলারকে বেঞ্চে রাখার বিষয়টিও আছে। সে অসাধারণ মানের বোলার। আমার মনে হয়, এ কারণেই চার পেসার নিয়ে আলোচনা বারবার সামনে আসে।’
একাদশে জায়গা ধরে রেখেছেন মারনাস লাবুশেনও। সর্বশেষ ২১ টেস্টে সেঞ্চুরি না করা এই ব্যাটসম্যান নিজের সেরাটার কাছাকাছি আছে বলেই মনে করেন কামিন্স, ‘সে একসময় বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান ছিল। হাজার হাজার টেস্ট রান করেছে। তাই বড় রান করার সক্ষমতা তার আছে। গত কয়েক মাসের অনুশীলনে তাকে খুব ভালো ছন্দে দেখেছি। আমার মনে হয়েছে, অনেক দিন পর সে এতটা ভালো অবস্থায় আছে।’
অস্ট্রেলিয়া একাদশ
ম্যাট রেনশ, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।