এলপিএলে ১ ম্যাচের অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরলেন শরীফুল

কলম্বো স্ট্রাইকার্সের অনুশীলনে শরীফুলফেসবুক

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের মৌসুমে খেলার সুযোগ পেয়েছিলেন শরীফুল ইসলাম। সেখানে তারকায় ঠাসা দল কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন তিনি। কিন্তু পাঁচ দলের এলপিএলে প্লে-অফে জায়গা হয়নি কলম্বো স্ট্রাইকার্সের। গতকাল লিগ পর্বের শেষ ম্যাচে সাকিব আল হাসানদের গল টাইটানসের বিপক্ষে জিততে হতো তাদের, কিন্তু সে ম্যাচে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে শরীফুলের দল।

আজ দুপুরে দেশে ফিরে এসেছেন জাতীয় দলের এই বাঁহাতি পেসার। দু-এক দিনের মধ্যেই তিনি জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন। শরীফুলের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ ছিল এবারের এলপিএল। কিন্তু পাকিস্তানের নাসিম শাহ ও শ্রীলঙ্কার মাতিসা পাতিরানার মতো পেসার দলে থাকায় টুর্নামেন্টের প্রথম ৭ ম্যাচে সুযোগ হয়নি শরীফুলের।

কলম্বোর হয়ে এলপিএলে একটি ম্যাচ খেলেছেন শরীফুল
ছবি : ফেসবুক

গল টাইটানসের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে নাসিম চোটে পড়ায় সুযোগ হয় শরীফুলের। কিন্তু সে ম্যাচে আগে ব্যাট করে কলম্বো ৭৪ রানে অলআউট হলে বোলার শরীফুলের আর বেশি কিছু করার ছিল না। এক ওভারে ৭ রান দিয়ে তিনি কোনো উইকেট নিতে পারেননি।

এবারের এলপিএলে শরীফুলের দল কলম্বো ৮ ম্যাচ খেলে জিতেছে ৩টিতে। শেষ পর্যন্ত ৬ পয়েন্ট নিয়ে রান রেটে (-১.২১) পিছিয়ে থাকায় প্লে অফ খেলা হয়নি তাদের। সমান পয়েন্ট নিয়ে রান রেটে (-০.১৭) এগিয়ে থাকায় চার নম্বর দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন জাফনা কিংস। প্লে অফের বাকি তিন দল ডাম্বুলা অরা, গল টাইটানস ও বি-লাভ ক্যান্ডি।

প্রথমবারের মতো এলপিএল খেলেছেন তাওহিদ হৃদয়ও
এসএলসি

জাফনার হয়ে এবারের এলপিএল খেলেছেন বাংলাদেশ দলের তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। অবশ্য লিগ পর্বের ছয় ম্যাচ খেলেই তিনি দেশে ফিরে এসেছেন। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন।

ওদিকে গল টাইটানসের হয়ে খেলছেন সাকিব আল হাসান, লিটন দাস ও মোহাম্মদ মিঠুন। আগামীকাল প্লে অফের প্রথম ম্যাচে ডাম্বুলার বিপক্ষে খেলবেন সাকিব-লিটনরা। এলপিএল শেষ করে জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা তাঁদের।

আরও পড়ুন