৮ বছর পর ওয়ানডেতে ক্রেমার, সবচেয়ে বেশি বিরতি দিয়ে ফেরার রেকর্ড কার
ওয়ানডে অভিষেক সেই ২০০৯ সালে। সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৮ সালের ২২ মার্চ। এরপর আবার আজ। ৮ বছর ৫ মাস ২৯ দিন পর ওয়ানডেতে ফিরেছেন গতকালই ৪০-এ পা দেওয়া জিম্বাবুয়ের লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ দলে ফিরেছেন ক্রেমার। দীর্ঘ বিরতির পর ওয়ানডেতে ফেরার তালিকায় তাই নতুন করে যুক্ত হয়েছে তাঁর নাম। ৫০ ওভারের ক্রিকেটে দুই ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি বিরতির তালিকায় ক্রেমারের অবস্থান কোথায়?
এই তালিকায় ক্রেমারকে খুঁজে পেতে একটু নিচের দিকেই নামতে হয়। কারণ, দুই ওয়ানডের মধ্যে ৯ বছরের বেশি বিরতি থাকা ক্রিকেটারের সংখ্যাই তো ১৪ জন। এমনকি ক্রেমার জিম্বাবুয়েরও এক নম্বর নন।
জিম্বাবুয়ের বাঁহাতি ব্যাটসম্যান সেফাস জুয়াওয়ের দুই ওয়ানডের মধ্যে বিরতি ছিল ৯ বছর ১৪০ দিন। বৈশ্বিক তালিকায় তাঁর অবস্থান ১২তম। আর ক্রেমার আছেন ১৯তম স্থানে। ৮ বছরের বেশি বিরতি দিয়ে ওয়ানডে খেলার রেকর্ড আছে বাংলাদেশের দুজনেরও—প্রয়াত স্পিনার মোশাররফ হোসেন ও সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।
দুই ওয়ানডের মধ্যে সবচেয়ে বেশি দিন বিরতির রেকর্ডটা নিউজিল্যান্ডের জেফ উইলসনের। ১১ বছর ৩৩১ দিনের বিরতি ছিল এই অলরাউন্ডারের দুই ওয়ানডের মধ্যে। তালিকার দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের হয়ে খেলা এহসান আদিল।
২০১৫ সালে পাকিস্তানের হয়ে ওয়ানডে খেলা আদিল চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের হয়ে মাঠে নেমেছিলেন। এই দুই ওয়ানডের মধ্যে বিরতি ছিল ১১ বছর ৭৮ দিন।
সব সংস্করণ মিলিয়ে দুই ম্যাচের মধ্যে বিরতিটা আরও বড়। ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জর্জ গানের দুই টেস্টের মধ্যে পার্থক্য ছিল ১৭ বছর ৩১৬ দিন।