শেষ দিনে ভারতের দরকার ৬ উইকেট, শ্রীলঙ্কার ২৮৮ রান

জয়ের পথে ভারতএএফপি

গল টেস্টে জয়ের অপেক্ষায় ভারত। সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ৩৭২ রানের লক্ষ্য দিয়েছে শুবমান গিলের দল।

সেই লক্ষ্য ছুঁতে নেমে ৪ উইকেটে ৮৪ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে শ্রীলঙ্কা। জয়ের জন্য এখনো দরকার ২৮৮ রান। উইকেটে আছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও সোনাল দিনুশা।

গলে টেস্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ৩৪২ রানের। মানে এই টেস্টে জিততে হলে শ্রীলঙ্কাকে রেকর্ড গড়তে হবে।

হার এড়াতে হলেও শ্রীলঙ্কাকে শেষ দিনে অবিশ্বাস্য কিছু করতে হবে। নয়তো বৃষ্টির অপেক্ষায় থাকতে হবে।

আজ দ্বিতীয় ইনিংসে ভারত খুব বড় সংগ্রহ গড়তে পারেনি। অলআউট হয়েছে ১৯১ রানে। অবশ্য বড় সংগ্রহের চেয়ে দ্রুত রান তোলার দিকেও মনযোগী ছিলেন ভারতীয় ব্যাটসম্যানেরা।

সেই পরিকল্পনা অনুযায়ী বেশির ভাগ সময়ই আগ্রাসী ব্যাটিং করেছে সফরকারীরা। ভারতের দ্বিতীয় ইনিংসে মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পেরেছেন।

ফিফটি করেছেন পন্ত
বিসিসিআই

লোকেশ রাহুল ৩৫ ও দেবদূত পাড়িক্কাল ৪৪ রানের ইনিংসে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৬৫ রান। এরপর ঋষভ পন্তের ঝোড়ো ৬৬ রান ভারতকে বড় লিড গড়ার পথে এগিয়ে দেয়।

প্রথম ইনিংসে ভারত তুলেছিল ৪৬২ রানের সংগ্রহ। আর শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে ২৮৪ রান। সে কারণে দ্বিতীয় ইনিংসে ১৯১ রানে গুটিয়ে গিয়েও ভারত শ্রীলঙ্কাকে ৩৭২ রানের লক্ষ্য দিতে পেরেছে।

আরও পড়ুন

৩৭২ রানের লক্ষ্য ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ব্যর্থ হওয়া নিশান ফার্নান্দো দ্বিতীয় ইনিংসেও বেশি কিছু করতে পারেননি। দিনেশ চান্ডিমালের কনকাশন বদলি হিসেবে অভিষেক হওয়া পাসিন্দু সুরিয়াবন্দরাও প্রথম বলেই শূন্য রানে ফিরেছেন।

এরপর কামিন্দু মেন্ডিসের ব্যাট থেকে বড় ইনিংসের আশা থাকলেও তিনি প্রসিধ কৃষ্ণার বলে স্লিপে ক্যাচ দেন। লাহিরু উদারাও ভালো করতে পারেননি। আউট হয়েছেন ১৬ রানে। উদারা ও পাসিন্দু আউট হয়েছেন অভিষিক্ত স্পিনার মানব সুতারের বলে।

আরও পড়ুন