ছক্কা আর সেঞ্চুরির বিশ্বকাপ
রোববার শেষ হয়েছে ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপ। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রেকর্ড হয়েছে আরও অনেক।
• এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রান (৩৮৩), যা করেছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। বিরাট কোহলির আগের রেকর্ডের (৩১৯, ২০১৪ বিশ্বকাপ) চেয়ে বেশি রান করেছেন নিউজিল্যান্ডের টিম সাইফার্ট (৩২৬) ও ভারতের সঞ্জু স্যামসনও (৩২১)।
• এক বিশ্বকাপে একাধিক সেঞ্চুরি করার প্রথম কীর্তিও পাকিস্তানের সাহিবজাদা ফারহানের।
• এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছেন ভারতের সঞ্জু স্যামসন। ভারতীয় ব্যাটসম্যান মেরেছেন ২৪টি ছক্কা । ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানের ১৭ ছক্কার রেকর্ড এবার পেছনে ফেলেছেন আরও চারজন।
• প্রথম দল হিসেবে এক বিশ্বকাপে ছক্কার সেঞ্চুরি করেছেন ভারতীয় ব্যাটসম্যানরা (১০৬)। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ ছক্কা ওয়েস্ট ইন্ডিজের, সেটিও এবারই।
• এই বিশ্বকাপে ৭৮০টি ছক্কাও নতুন রেকর্ড। আগের রেকর্ডের চেয়ে যা ২৬৩ বেশি।
• ১৪ বার ২০০ ছাড়িয়েছে দলীয় স্কোর। রেকর্ড এটিও। এক বিশ্বকাপ এর আগে সর্বোচ্চ ৫টি ২০০ ছাড়ানো ইনিংস দেখেছিল ২০০৭ সালে।
• সেঞ্চুরি হয়েছে সাতটি। এর আগে আর কোনো টি–টুয়েন্টি বিশ্বকাপ দুটির বেশি সেঞ্চুরি দেখেনি।
• জুটির রেকর্ড ভেঙেছে দুবার। শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের দুই ওপেনার ফখর জামান ও সাহিবজাদা ফারহান ১৭৬ রানের জুটি গড়েন। তাতে ভাঙে ১৮ দিন আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ও টিম সাইফার্টের অবিচ্ছিন্ন ১৭৫ রানের জুটির রেকর্ড। আগের রেকর্ড ছিল অবিচ্ছিন্ন ১৭০, ২০২২ বিশ্বকাপে ইংল্যান্ডের জস বাটলার ও অ্যালেক্স হেলসের। সর্বোচ্চ তিনটি জুটিই প্রথম উইকেটে।
আরও পড়ুন