টেস্ট ইতিহাসে প্রথম ‘টাই’ ম্যাচের নায়ক জো সলোমনের মৃত্যু
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ নিজেদের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে দুটি দুঃসংবাদ জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।
প্রথম দুঃসংবাদটি এসেছে গতকাল বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটার দিকে—গায়ানার সাবেক অধিনায়ক ও ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭টি টেস্ট খেলা সাবেক অফ স্পিনার ক্লাইড বাটস ৬৬ বছর বয়সে মারা গেছেন। ক্যারিবিয়ান ক্রিকেটে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা বাটস গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন বলে জানিয়েছে ‘আই নিউজ গায়ানা’।
পরের দুঃসংবাদটি আরও বড়। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টার দিকে জানানো হয়, ‘গায়ানা ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান জো সলোমন ৯৩ বছর বয়সে মারা গেছেন।’
জো সলোমন? গুগল করলে তাঁর বিষয়ে এমনিতে কিছু তথ্য তো মিলবেই। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৯৫৮ থেকে ১৯৬৫ সালের মধ্যে ২৭ টেস্ট খেলেছেন, ৩৪ গড়ে করেছেন ১৩২৬ রান। ১টি শতক ও ৯ ফিফটি।
প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর শুরুটা হয়েছিল একটু দেরিতে, ২৬ বছর বয়সে। কিন্তু প্রথম শ্রেণিতে নিজের প্রথম ৩ ইনিংসেই শতক তুলে নিয়ে জাত চিনিয়েছিলেন নিজের। এরপর ভারতের বিপক্ষে ১৯৫৮ সালে টেস্ট অভিষেক হলো কানপুরে। সে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ৮৬ রানের ইনিংস। আর দিল্লিতে চতুর্থ টেস্টে পেয়েছিলেন শতক। সে সিরিজে তাঁর ব্যাটিং গড় ছিল ১১৭। কিন্তু জো সলোমনকে এই তথ্য-উপাত্ত দিয়ে চেনার চেষ্টা করলে পুরোটা জানা যায় না। ষাটের দশকের শুরুতে ক্রিকেট দেখা কেউ তাঁর নাম শুনলে বলে উঠতে পারেন, আরে টাই টেস্টের ওই সলোমন না!
১৮৭৭ সালে টেস্ট ক্রিকেট শুরুর পর এ পর্যন্ত অনুষ্ঠিত ২৫১৭টি টেস্টের মধ্যে টাই টেস্ট আছে মাত্র ২টি। সর্বশেষটি ১৯৮৬ সালে চেন্নাইয়ে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। প্রতিপক্ষ দেখেই বুঝতে পারছেন, জো সলোমনের সঙ্গে এই টেস্টের কোনো যোগসূত্র নেই। সেটা আছে প্রথম টাই হওয়া টেস্টের সঙ্গে, ১৯৬০ সালের ডিসেম্বরে ব্রিসবেনে অনুষ্ঠিত সেই টেস্ট! সে ম্যাচে হারতে হারতে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ টাই করার পেছনে শেষ মারটা ছিল সলোমনের।
গ্যাবায় ৮ বলে ওভারের সেই ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য ৬ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। হাতে ৩ উইকেট। অস্ট্রেলিয়া অধিনায়ক রিচি বেনো এবং ওয়ালি গ্রাউট দ্রুত আউট হওয়ার পর হাতে এক উইকেট ছিল অস্ট্রেলিয়ার। শেষ ২ বলে প্রয়োজন ১ রান। অস্ট্রেলিয়ার ১১তম ব্যাটসম্যান লিন্ডসে ক্লাইন স্কয়ার লেগে বল ঠেলে ১ রান চুরির চেষ্টা করেছিলেন। কিন্তু শ্যেনদৃষ্টিতে দুই ব্যাটসম্যানকে পাহারা দিচ্ছিলেন ফিল্ডিং করা সলোমন। তাঁর সরাসরি থ্রোয়ে রান আউট হন অন্য প্রান্তের ব্যাটসম্যান ইয়ান মেকিফ।
টেস্ট টাই করে ওয়েস্ট ইন্ডিজ আর টেস্ট ক্রিকেটে ম্যাচ টাইয়ের প্রথম সেই ঐতিহাসিক ঘটনায় চিরস্মরণীয় হয়ে যান জো সলোমন। গায়ানার সংবাদমাধ্যম ‘নিউজরুম গায়ানা’ জানিয়েছে যুক্তরাষ্ট্রে মারা গেছেন সলোমন। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোও তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
প্রথম সেই টাই টেস্টে ব্যাট হাতেও ভালো ভূমিকা ছিল সলোমনের। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ছয়ে নেমে করেছিলেন ৬৫ রান। দ্বিতীয় ইনিংসে একই পজিশনে নেমে করেন ৪৭। তবে সেবারের সফরে মেলবোর্নে পরের টেস্টে মজার এক ঘটনার জন্মও দিয়েছিলেন সলোমন। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেটে হিট উইকেট আউট হন। কীভাবে? মাথার টুপিটা দুর্ঘটনাক্রমে স্টাম্পের ওপর পড়েছিল!
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিজেদের ‘এক্স’ অ্যাকাউন্টে সলোমনের জন্য শোকবার্তায় লিখেছে, ‘গায়ানা ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান জো সলোমন আজ মারা গেছেন। ১৯৬০ সালে গ্যাবায় বিখ্যাত সেই টাই টেস্টে রান আউটটির জন্য বিখ্যাত হয়ে ছিলেন তিনি। তাঁর পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি সহমর্মিতা। শান্তিতে ঘুমোন।’