বিশ্বকাপের সময় আড়াই কোটি টাকার টুর্নামেন্ট খেলবেন লিটন–নাজমুলরা

বাংলাদেশ টি–টুয়েন্টি দলের ক্রিকেটাররাপ্রথম আলো

টি–টুয়েন্টি বিশ্বকাপের সময় ক্রিকেটারদের কীভাবে মাঠে রাখা যায়, তা নিয়ে আলোচনা হচ্ছিল কয়েক দিন ধরেই। এ ব্যাপারে সরকারের কাছ থেকেও নির্দেশনা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি। সে অনুযায়ী বিসিবি আজ ঘোষণা দিয়েছে, ‘অদম্য বাংলাদেশ’ নামে তিন দলের একটি টি–টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের।

প্রাইজমানি ও ম্যাচ ফি মিলিয়ে আড়াই কোটি টাকার টুর্নামেন্টে হবে এটি। ৫ ফেব্রুয়ারি থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু টুর্নামেন্টে খেলবেন জাতীয় দল ও এর আশপাশের ক্রিকেটাররা। ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি প্রথম পর্বের তিনটি ম্যাচের পর শীর্ষ দুই দলের মধ্যে ফাইনাল ৯ ফেব্রুয়ারি।

সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়, এর দুই ঘণ্টা আগে থেকে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শকেরা ১০০ টাকায় ইস্টার্ন, ২০০ টাকায় নর্দার্ন ও সাউদার্ন, ৫০০ টাকায় ক্লাব হাউস ও ১ হাজার টাকায় গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন।

তিন দলের স্কোয়াড এখনও চূড়ান্ত না হলেও দলের নাম ও অধিনায়ক ঘোষণা হয়েছে এরই মধ্যে। জাতীয় দলের টি-টুয়েন্টি অধিনায়ক লিটন দাস ধূমকেতু একাদশ ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন নেতৃত্ব দেবেন দুর্বার একাদশের। দুরন্ত একাদশের অধিনায়ক আকবর আলী।

আরও পড়ুন

তিন দলের কোচিং স্টাফের নামও ঘোষণা করেছে বিসিবি। জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন প্রধান কোচের দায়িত্বে থাকবেন লিটনের দল ধূমকেতুর, তাঁর সহকারী হিসেবে থাকবেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

কিছুদিন আগেই বিপিএলে চট্টগ্রাম রয়্যালসকে ফাইনালে তোলা কোচ মিজানুর রহমান থাকছেন দুর্বার একাদশের কোচ হিসেবে, তাঁর সহকারী হিসেবে থাকবেন তুষার ইমরান। এ মৌসুমে ঘরোয়া ক্রিকেটের বড় দুই আসর প্রিমিয়ার লিগ ও বিপিএলের শিরোপা জেতা কোচ হান্নান সরকার দায়িত্বে থাকবেন দুরন্ত একাদশের, তাঁর সঙ্গে সহকারী হিসেবে থাকবেন রাজিন সালেহ।

আরও পড়ুন