মড়ার উপর খাঁড়ার ঘা বুঝি একেই বলে!
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলে ৯ দল। পয়েন্ট তালিকায় পাকিস্তানের অবস্থান ঠিক ৯ নম্বরেই। আগেই ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যাওয়া দলটির ঘাড়ে এবার পয়েন্ট কর্তনের কোপ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে স্লো ওভার রেটের কারণে পাকিস্তানের ১১ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি।
আজ আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এজবাস্টন টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে ১১ ওভার কম বোলিং করেছিল পাকিস্তান। সময়ের ছাড় হিসাব করার পরও ঘাটতি পূরণ হয়নি। তাই আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের জন্য একটি করে পয়েন্ট কাটা গেছে পাকিস্তানের। পাশাপাশি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও হয়েছে দলটির।
তিন টেস্টের সিরিজটির শুরুতে পাকিস্তান ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার ৮ নম্বরে। হেডিংলিতে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর নেমে যায় ৯ নম্বরে। বাবর আজমের দল হেরেছে পরে লর্ডস ও এজবাস্টনেও। টানা হার আর পয়েন্ট তালিকার তলানিতে থাকার মধ্যেই এবার কাটা গেল পয়েন্ট।
এজবাস্টন টেস্টের আগে পাকিস্তানের পয়েন্ট ছিল ১৬। ১১ কেটে নেওয়ায় এই মুহূর্তে মাত্র ৫। তাদের চেয়ে ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৩০।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা অবশ্য ম্যাচ ও পয়েন্টের ভাগাভাগিতে শতাংশের ভিত্তিতে (পিসিটি) হয়। পাকিস্তানের পিসিটি এখন ১৪.৮১। শীর্ষ চারে থাকা দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার পিসিটি ৮০.০০, দক্ষিণ আফ্রিকার ৭৫, নিউজিল্যান্ডের ৭২.২২ এবং বাংলাদেশের ৫৫.৫৬।
টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে পাকিস্তানের আরও দুটি সিরিজ আছে—নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে, এরপর ২০২৭ সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে।