লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ–ইংল্যান্ড, জানাল ইসিবি

বাংলাদেশ দলশামসুল হক

ইংল্যান্ডের সংবাদমাধ্যমে খবরটা এসেছিল আগেই। এবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এল আনুষ্ঠানিক ঘোষণাও, আগামী বছর একটি টেস্ট খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ দল। ২০২৭ সালের ২৮ মে শুরু হতে যাওয়া টেস্টটি হবে ঐতিহাসিক লর্ডসে।

২০১০ সালে সর্বশেষ ইংল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার দুই ম্যাচ সিরিজের একটি ছিল লর্ডসে। দেড় দশকের বেশি সময় পর এবার হবে এক টেস্টের সিরিজ।

মাঝে অবশ্য ইংল্যান্ড দল বাংলাদেশে এসে খেলেছে। ২০১৭ সালের সেই সফরে চট্টগ্রামে ইংল্যান্ড জিতলেও মিরপুরে জিতেছিল বাংলাদেশ। দুই দলের ১০ টেস্টে বাংলাদেশের জয় ওই একটিই।

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সিরিজ খেলার অপেক্ষা ছিল। আগামী মাসেই ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। এক বছরের মধ্যে নাজমুল হোসেনরা টেস্ট খেলবেন ইংল্যান্ডেও।

টেস্টে ভালো ছন্দে আছে বাংলাদেশ
শামসুল হক

ইসিবি জানিয়েছে, ২০২৭ সালে তিনটি করে ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশের নারী দলও। ৮ সেপ্টেম্বর নর্দাম্পটন, ১০ সেপ্টেম্বর টনটন ও ১২ সেপ্টেম্বর উস্টারে হবে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো। পরে ১৭ সেপ্টেম্বর হোভ, ২১ সেপ্টেম্বর কেন্টারবেরি ও ২৪ সেপ্টেম্বর চেমসফোর্ডে হবে তিন ওয়ানডে।

প্রথম আলো গ্রাফিকস
আরও পড়ুন