মিরপুর ও সিলেটে হবে পাকিস্তান সিরিজের দুই টেস্ট

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, এখানেই হবে বাংলাদেশ–পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টশামসুল হক

ওয়ানডে ও টেস্ট সিরিজটা একসঙ্গেই খেলার কথা ছিল পাকিস্তানের। তবে পিএসএলের কারণে তা হচ্ছে দুই ভাগে। গত মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে গিয়েছিল তারা।

আগামী মাসে দুই টেস্ট খেলতে আসছে পাকিস্তান দল। ৩ মে সিরিজটি খেলতে ঢাকায় আসবে তারা। ৮ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৬ মে।

দুটি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। গত বছর শ্রীলঙ্কায় টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। একটি হারলেও অন্য ম্যাচ ড্র করেছিল নাজমুল হোসেনের দল।

বাংলাদেশ ও পাকিস্তান সর্বশেষ টেস্ট খেলেছিল ২০২৩ সালে। রাওয়ালপিন্ডির সেই সিরিজের দুটি ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। অথচ আগের ১৩ ম্যাচে বাংলাদেশ জয় তো পায়ইনি, ড্র করতে পেরেছিল মাত্র একটি।

পাকিস্তানের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সিরিজের সূচিও জানিয়েছে বিসিবি। ভেন্যু নিশ্চিত না করলেও আগামী ৯, ১১ ও ১৪ জুন হওয়ার কথা রয়েছে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। তিন টি-টুয়েন্টি মাঠে গড়াবে ১৭, ১৯ ও ২১ জুন। ওয়ানডে ম্যাচগুলো বেলা ১১টায় ও টি-টুয়েন্টি ম্যাচগুলো শুরু হবে বেলা ২টায়।

আরও পড়ুন