পারলেন না বাংলাদেশের মেয়েরা, আবারও চ্যাম্পিয়ন ভারত

ফাইনালের আগে ট্রফি নিয়ে দুই দলের অধিনায়কের ফটোসেশনবিসিবি এক্স হ্যান্ডল

ফাইনালে আগে ব্যাট করে ভারত ‘এ’ দল ১৩৪ তোলার পর বাংলাদেশের সমর্থকেরা কি একটু আশান্বিত হয়েছিলেন? হয়তো ভাবতে পারেন, রান তো খুব বেশি নয়। মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের শিরোপা তাহলে এবার ঘরে আসতেও পারে!

ভুল। এই রান টপকে যাওয়ার জন্য যেমন ব্যাটিং করার দরকার ছিল, বাংলাদেশ ‘এ’ দল তা পারেনি। পারেনি পুরো ২০ ওভার খেলতেও। দ্রুত উইকেট হারানো এবং রানের চাকা মন্থর হয়ে যাওয়ার চাপে ৪৬ রানে হেরেছে ফাহিমা খাতুনের দল। ১৯.১ ওভারে ৮৮ রানে অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল।

থাইল্যান্ডের ব্যাংককে এ নিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ভারত ‘এ’ দল। ২০২৩ সালে হংকংয়ে প্রথম টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল তাঁরা।

পাওয়ার–প্লের প্রথম ৬ ওভারে ইশমা তানজিমকে (৩) হারিয়ে ৩৬ রান তোলে বাংলাদেশের মেয়েরা। বিপদটা চেপেছে এরপরই। পরের ৪ ওভারে ১২ রান তুলতে আরও ২ উইকেট হারায় বাংলাদেশ এ দল। আউট হন আরেক ওপেনার শামীমা সুলতানা (২০) ও তিনে নামা শারমিন সুলতানা (১৮)। ১০ ওভার শেষে বাংলাদেশ ‘এ’ দলের স্কোর ছিল ৩ উইকেটে ৪৮। পাওয়ার–প্লে শেষে ওভারপ্রতি রান রেট যেখানে ছিল ৬ করে, ১০ ওভার শেষে সেটাই ৪.৮০ তে নেমে যায়।

কিন্তু পরবর্তী ৫৫ বলে (৯.১ ওভার) ৪০ রানে বাকি ৭ উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল। ২০ রানের জুটিও গড়তে পারেননি কেউ। সর্বোচ্চ ২৫ রানের জুটি এসেছে দ্বিতীয় উইকেটে শারমিন ও শামীমা ক্রিজে থাকতে। শেষ পর্যন্ত এ দুজনই ইনিংসে সর্বোচ্চ স্কোরার। ১৪ রান করেন অধিনায়ক ফাহিমা। ১২ রানে ৩ উইকেট নেন ভারত ‘এ’ দলের লেগ স্পিনার প্রেমা রাওয়াত।

আরও পড়ুন

ভারত ‘এ’ দলের ইনিংসেও দাপট দেখান বাংলাদেশ ‘এ’ দলের লেগ স্পিনার ও অধিনায়ক ফাহিমা। ২৫ রানে নেন ৪ উইকেট। প্রথম ৬ ওভার শেষে ভারত ‘এ’ দলের স্কোর ছিল ১ উইকেটে ৩২। এখান থেকে ১০ ওভারে ৪ উইকেটে ৫৩ রান তোলা ভারত ‘এ’ দলকে ভালোই আটকে রাখতে পেরেছিল বাংলাদেশের মেয়েরা।

কিন্তু পঞ্চম উইকেটে রাধা যাদব ও তেজাল হাসাবনিসের ৬৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত ‘এ’ দল। ৩৬ রানে আউট হন রাধা। ৩৪ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন তেজাল। শেষ ওভারে তাঁর সহজ ক্যাচ ছাড়েন শারমিন।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ‘এ’ দল: ২০ ওভারে ১৩৪/৭ (তেজাল ৫১*, রাধা ৩৬, দীনেশ ১৯; ফাহিমা ৪/২৫, ফাতেমা ১/১৯, ফারজানা ১/৩০)।

বাংলাদেশ ‘এ’ দল: ১৯.১ ওভারে ৮৮ (শামীমা ২০, শারমিন ১৮, ফাহিমা ১৪, সাদিয়া ১০; প্রেমা ৩/১২, তনুজা ২/১১, সোনিয়া ২/২১)।

ফল: ভারত ‘এ’ ৪৬ রানে জয়ী।

ম্যাচসেরা: তেজাল হাসাবনিস।

আরও পড়ুন