জুয়া ও বেটিং অ্যাপের প্রচারণা চালিয়ে আইনি জটিলতায় ওয়াসিম আকরাম

ওয়াসিম আকরাম।পিসিবি

জুয়া ও বেটিং অ্যাপের প্রচারণা চালিয়ে আইনি জটিলতায় পড়তে পারেন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম। এমনকি হতে পারেন গ্রেপ্তারও।

পাকিস্তানের সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে একটি অনলাইন জুয়া ও বেটিং প্ল্যাটফর্মে প্রচারণার অভিযোগে অভিযোগ করা হয়েছে। অভিযোগটি জমা পড়েছে পাকিস্তানের লাহোরে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিতে (এনসিসিআইএ)। এই খবর দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

অভিযোগকারী মোহাম্মদ ফিয়াজের দাবি, আকরাম একটি বিদেশি জুয়ার অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি পাকিস্তানের ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট ২০১৬-এর আওতায় আকরামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান।

আইনি জটিলতায় পড়তে পারেন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম।
ওয়াসিম আকরামের এক্স হ্যান্ডল

তাঁর ভাষায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টার ও ভিডিও ক্লিপে আকরামকে ‘বাজি’ নামের অ্যাপের প্রচারণা চালাতে দেখা গেছে, যা সাধারণ ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

আরও পড়ুন

এনসিসিআইএর এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে তাঁরা অভিযোগ পেয়েছেন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। বিষয়টি নিয়ে ওয়াসিম আকরাম এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

দক্ষিণ এশিয়ায় নিয়ন্ত্রণহীন জুয়া ও বেটিং প্ল্যাটফর্মগুলোর প্রভাব নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, ঠিক সেই সময়ই আকরামকে ঘিরে এ বিতর্ক সামনে এল। একই অ্যাপ প্রচারের অভিযোগে জনপ্রিয় পাকিস্তানি কনটেন্ট নির্মাতা সাদ উর রেহমান গত শনিবার গ্রেপ্তার হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘ডাকি ভাই’ নামে পরিচিত।

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার আকরাম পাকিস্তানের হয়ে ১০৪টি টেস্ট ও ৩৫৬টি ওয়ানডে খেলেছেন। ওয়ানডেতে তিনি এখনো দেশের সর্বোচ্চ উইকেটশিকারি, ৫০২ উইকেট তাঁর দখলে। টেস্টে তাঁর শিকার ৪১৪ উইকেট।

আরও পড়ুন