মেহেদীর ৬ উইকেট, নাঈম–মিম মোসাদ্দেকের সেঞ্চুরি

৬ উইকেট পেয়েছেন খুলনার মেহেদীশামসুল হক

ম্যাড়মেড়ে প্রথম রাউন্ড কাটার পর আজ দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনটা বেশ ঘটনাবহুলই কেটেছে জাতীয় ক্রিকেট লিগে। এই রাউন্ডেও ব্যাটসম্যানরাই দাপট দেখাচ্ছেন। ঢাকার মোহাম্মদ নাঈম আর রংপুরের মিম মোসাদ্দেক আজ সেঞ্চুরি পেয়েছেন, মিরপুরে ৬ উইকেট পেয়েছেন খুলনার মেহেদী হাসান।

মোহাম্মদ নাঈমের সেঞ্চুরি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন শেষেই বড় রানের পথে ঢাকা। সিলেটের বিপক্ষে প্রথম দিনে ৯০ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ৩৪৩ রান করে ফেলেছে তারা। ওপেনার মোহাম্মদ নাঈম ২১৫ বলে ১৩১ রান করে আহত অবসর নিয়েছেন।

সেঞ্চুরি করেছেন মোহাম্মদ নাঈম
বিসিবি

সেঞ্চুরির পথে আছেন ৮০ রান করে অপরাজিত থাকা মার্শাল আইয়ুবও। ৩২ রানে অপরাজিত অধিনায়ক মাহিদুল ইসলামের সঙ্গে তিনি দ্বিতীয় দিন শুরু করবেন। ঢাকার দুই ব্যাটসম্যানকেই ফিরিয়েছেন নাসুম আহমেদ। ৮০ রান করে জিসান আলম আর ১০ রান করে আশিকুর রহমান এলবিডব্লু হয়েছেন তাঁর বলে।

খুলনার বিপক্ষে বিপদে রাজশাহী

মিরপুরের ম্যাচের প্রথম দিনের দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টাতেই অলআউট হয়ে গেছে রাজশাহী। শেরেবাংলা স্টেডিয়ামে তাদের প্রথম ধাক্কাটা দেন সফর আলী। প্রথম পাঁচ ব্যাটসম্যানের তিনজনই ফেরেন এই পেসারের বলে আউট হয়ে। কিন্তু রাজশাহীকে ধসিয়ে দিয়েছেন মূলত বাকি দুই ব্যাটসম্যানকে ফেরানো মেহেদী হাসান।

রাজশাহীকে একাই ধসিয়ে দিয়েছেন মেহেদী হাসান
প্রথম আলো

টি–টুয়েন্টি সংস্করণে জাতীয় দলের নিয়মিত মুখ এই অফ স্পিনার একাই রাজশাহীর ৬ উইকেট নিয়েছেন, খুলনার বিপক্ষে তারা অলআউট হয়ে গেছে ১১৯ রানে। ব্যাট হাতেও ভালো শুরু পেয়েছে খুলনা। প্রথম দিন শেষে ১ উইকেটে করেছে ১০৮ রান। ২২ রানে ওপেনার এনামুল হক আউট হলেও আজিজুল হাকিম ৫৫ ও কালাম সিদ্দিকী ২৮ রানে অপরাজিত ছিলেন।

জাওয়াদ–মঈনের ফিফটিতে বরিশালের ২৮২

আগের ম্যাচে ইনিংস হারের ধাক্কা সামলে দ্বিতীয় রাউন্ডে শুরুটা মন্দ হয়নি বরিশালের। প্রথম দিনেই অলআউট হয়ে গেলেও জাওয়াদ আবরার ও মঈন খানের ফিফটিতে ২৮২ রান তুলেছে তারা। ওপেনার জাওয়াদের ফিফটির পর ১২৮ রানে ৫ উইকেট হারিয়ে বরিশাল দুই শর আগেই অলআউট হওয়ার শঙ্কাতে ছিল।

কিন্তু তা হতে দেননি সাত নম্বরে ব্যাট করতে নামা মঈন খান। ১১৩ বল খেলে ৯৭ রান করে তিনি বোল্ড হন শেষ ব্যাটসম্যান হিসেবে। কক্সবাজারে চট্টগ্রামের হয়ে ৪ উইকেট নিয়েছেন হাসান মুরাদ। ব্যাট করতে নেমে চট্টগ্রামও ভালো শুরু পেয়েছে। কোনো উইকেট না হারিয়ে তারা ৭২ রান করেছে। সাদিকুর রহমান ৪১ আর মাহমুদুল হাসান ২৯ রানে অপরাজিত আছেন।

মিম মোসাদ্দেক সেঞ্চুরি পেয়েছেন
বিসিবি

মিম মোসাদ্দেক দেড় শ ছাড়ালেন

সিলেটের একাডেমি মাঠে ময়মনসিংহের বিপক্ষে ২৫ রানে প্রথম উইকেট হারিয়ে ফেলেছিল রংপুর। তবে পরে মিম মোসাদ্দেক ও ইকবাল হোসেন মিলে গড়েন ২০৮ রানের বড় জুটি। ৭৮ রান করে ইকবাল আউট হয়ে গেলেও সেঞ্চুরি পান মিম মোসাদ্দেক। ১৫৭ রান করে আজিজুল হাকিমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন তিনি। আব্দুল্লাহ আল মামুন ৬১ ও আকবর আলী ৩০ রান করে আউট হয়েছেন। প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩৭০ রান করেছে রংপুর।

আরও পড়ুন