টেন্ডুলকার মনে করেন, ক্রিকেটকে জটিল করে ফেলা হয়েছে
৫০ বছরে পা রাখলেন শচীন টেন্ডুলকার। জীবনের সূবর্ণজয়ন্তীতে হালের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার। তবে বর্তমান সময়ে ক্রিকেটের আইনকানুন নিয়ে যে ধরনের অদলবদল আর পরীক্ষা–নিরীক্ষা চলছে, তাতে মোটেও খুশি নন ‘লিটল মাস্টার’। ক্রিকেটের সম্ভব–অসম্ভব প্রায় সব ধরনের রেকর্ড যিনি নিজের করে নিয়েছেন, সেই মানুষটিই ক্রিকেট আইনের পাইকারি সংযোজন–বিয়োজনে মোটেও খুশি নন। শচীন টেন্ডুলকার মনে করেন, ক্রিকেট খেলাটাকে খানিকটা জটিলই করে ফেলা হয়েছে।
গত কয়েক বছরে ক্রিকেটের আইনে বেশ কিছু পরিবর্তন এসেছে। করোনাকালে ক্রিকেটারদের স্বাস্থ্য রক্ষায় বলে থুতু লাগানো নিষিদ্ধ করা হয়েছে। প্রথম দিকে এ নিয়ে নানা কথাবার্তা থাকলেও ব্যাপারটি এখন সবার গা–সওয়া হয়ে গেছে। অর্থাৎ, বলে থুতু লাগানো এখন পুরোপুরি বন্ধ। একই সঙ্গে ৫০ ওভারের ক্রিকেটে দুটি নতুন বল ব্যবহার করার নিয়ম বোলারদের জন্য রিভার্স সুইং পাওয়া কঠিন করে দিয়েছে।
এই বিষয়গুলো নিয়েই নিজের ৫০তম জন্মদিনের আগে নিউজ–১৮–কে টেন্ডুলকার জানিয়েছেন, ‘ক্রিকেট খেলাটা এখন কঠিন হয়ে গেছে।’ সেই সঙ্গে ‘আম্পায়ার্স কল’ বিষয়টি একেবারেই তাঁর মাথায় ঢোকে না বলে মন্তব্য করেছেন।
ক্রিকেটে রিভিউয়ের সময় আম্পায়ার্স কল সাধারণ ক্রিকেটপ্রেমীদেরও বিভ্রান্ত করে। টেন্ডুলকার জানিয়েছেন, এই আম্পায়ার্স কল নিয়মটি কী উদ্দেশ্যে তৈরি হয়েছে, সে বিষয়টিই তাঁর বোধগম্য নয়। প্রতিটি ‘আম্পায়ার্স কল’ সিদ্ধান্তে ব্যাটসম্যান ও বোলাররা নিজের অসন্তুষ্টি লুকাতে পারেননি, ‘আমরা বারবার নিয়ম বদল করছি বলেই সবকিছু কঠিন হয়ে যাচ্ছে ক্রিকেটে। আমাদের একটা নির্দিষ্ট নিয়ম ধরেই থাকা উচিত। যদি সেই নিয়ম ঠিকভাবে কাজ করে, তাহলে জটিলতা তৈরি হবে না। একটা কথা মনে রাখা উচিত, ক্রিকেটের তিনটি ভিন্ন সংস্করণ। দুনিয়াতে খুব কম খেলাই আছে, যেটি তিনভাবে খেলা হয়। আমি সত্যিই বুঝতে পারি না, ক্রিকেটের আইন যাঁরা তৈরি করেন, তাঁরা আসলে কী ভাবেন।’
রিভিউ পদ্ধতি নিয়ে টেন্ডুলকারের মূল্যায়ন, ‘আমি এত কিছু বুঝি না। আমি বুঝি, বল যদি স্টাম্পের যেকোনো জায়গায় লাগে, তাহলে আউট। এটি দুই দলের জন্যই প্রযোজ্য। রিভিউয়ের সময় যখন টেলিভিশন আম্পায়ার রায় দেন, তখন আমার মনে হয়, মাঠের মধ্যে অনেকেই সেই সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট হন না। আম্পায়ার্স কল রিভিউতে কেন থাকবে? যেহেতু মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেওয়া হয়েছে, তাই চূড়ান্ত বিচারে তাঁর সিদ্ধান্ত কেন প্রভাব বিস্তার করবে?’
টেন্ডুলকার রসিকতা করে পুরো ব্যাপারটিই বর্ণনা করেছেন এভাবে, ‘আমার কাছে জিনিসটা মনে হয়, একটা কাপে একটু চা আর একটু কফি মিশিয়ে নাড়া দেওয়া। মাঠের আম্পায়ারের একটা সিদ্ধান্ত মানছি না বলেই তো থার্ড আম্পায়ারের কাছে যাওয়া। তাহলে আবার মাঠের আম্পায়ারের কাছে ফেরা কেন! আমি মনে করি, এভাবে চলে না।’
টেন্ডুলকার এখন পর্যন্ত ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার, যিনি ২০০টি টেস্ট খেলেছেন। টেস্টে ১৫৯২১ রান করেছেন ৫৩.৭৮ গড়ে। সেঞ্চুরি ৫১টি, ফিফটি ৬৮। ৪৬৩ ওয়ানডেতে ৪৪.৮৩ গড়ে রান ১৮৪২৬। সেঞ্চুরি ৪৯টি, ফিফটি ৯৬টি। টেস্টে সর্বোচ্চ রান অপরাজিত ২৪৮। ওয়ানডেতে প্রথম ব্যাটসম্যান হিসেবে করেছিলেন ডাবল সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে মালিক ১০০ সেঞ্চুরির। ক্যারিয়ারে একটিই আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলেছিলেন। ১০ রান করে আউট হয়েছিলেন সেটাতে। প্রথম শ্রেণির ক্রিকেটে টেন্ডুলকারের রান ২৫ হাজারেরও বেশি।