ক্লার্কের চোটে বাংলাদেশ সফরে লিস্টারকে ডাকল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের পেসার বেন লিস্টারব্ল্যাক ক্যাপস এক্স হ্যান্ডল

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরে সীমিত ওভারের দুটি স্কোয়াড থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক। তাঁর পরিবর্তে কিউইদের ওয়ানডে ও টি–টুয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার বেন লিস্টার।

নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছেন ক্লার্ক। চলতি সপ্তাহের শুরুতে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের তালুর চামড়া ফেটে যায় তাঁর। এই চোটই তাঁকে ছিটকে ফেলে মাঠ থেকে।

চলতি বছরের শুরুতে ভারত সফরে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিউজিল্যান্ডের সাদা বলের ক্রিকেটে নিজের আগমনী জানান ক্লার্ক। তবে চোটের কারণে এবার বাংলাদেশ সফরে খেলা হচ্ছে না এই উদীয়মান অলরাউন্ডারের।

নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে বর্তমানে শ্রীলঙ্কায় থাকা বেন লিস্টার জাতীয় দলের হয়ে ৩টি ওয়ানডে ও ১২টি টি-টুয়েন্টি খেলেছেন। কিউইদের হয়ে তিনি সর্বশেষ খেলেছিলেন ২০২৪ সালে পাকিস্তান সফরে। যদিও গত বছর জিম্বাবুয়ে সফরে টেস্ট দলেও ডাক পান।

নিউজিল্যান্ড অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক
এএফপি

পিএসএলের দল রাওয়ালপিন্ডিজের হয়ে খেলার চুক্তি থাকায় বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে থাকছেন না ফাস্ট বোলার বেন সিয়ার্স। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিয়ার্সের বদলে ওয়ানডে দলে নতুন কাউকে নেওয়া হচ্ছে না। তবে টি-টুয়েন্টি সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

পিএসএলে রাওয়ালপিন্ডিজ প্রথম চার ম্যাচের সব কটিতে হেরেছে। তাদের প্লে-অফে ওঠার সম্ভাবনাও ক্ষীণ। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সফরে দ্বিতীয় টি-টুয়েন্টি থেকেই কিউইরা সিয়ার্সকে দলে পাবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

নিউজিল্যান্ডের এই সফরে চোট কাটিয়ে দলে ফিরছেন তিন পেসার—ম্যাথু ফিশার, উইল ও’রুরক ও ব্লেয়ার টিকনার। ওয়ানডে ও টি-টুয়েন্টি—দুই সংস্করণেই কিউইদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

বিশ্বব্যাপী জ্বালানিসংকটের মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ সাশ্রয়ী উদ্যোগের পাশে দাঁড়াতে ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আনা হয়েছে। আগের নির্ধারিত সময়ের বেশ আগেই শুরু হবে ম্যাচগুলো। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বেলা ১১টায়, টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ বেলা দুইটায়। এর আগে ওয়ানডে ম্যাচ বেলা তিনটায়, টি-টুয়েন্টি সন্ধ্যা ছয়টায় শুরুর কথা ছিল।

১৭ এপ্রিল ঢাকায় শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ এপ্রিল।