বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময় পরিবর্তন
জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ শুরুর সময় যে পরিবর্তন করা হবে, সেটি গতকাল বিসিবি সভাপতি তামিম ইকবালই জানিয়েছিলেন। তবে সুনির্দিষ্ট সময় তখন জানানো হয়নি। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে ও টি–টুয়েন্টি সিরিজের ম্যাচ শুরুর নতুন সময় ঘোষণা করেছে।
ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বেলা ১১টায়, টি–টুয়েন্টি সিরিজের ম্যাচ দুপুর দুইটায়। এর আগে ওয়ানডে ম্যাচ বিকেল তিনটায়, টি–টুয়েন্টি সন্ধ্যা ছয়টায় শুরুর কথা ছিল। নতুন সূচি অনুসারে ওয়ানডে ম্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টা এবং টি–টুয়েন্টি বিকেল ৫টা দশের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।
তিন ম্যাচের ওয়ানডে ও টি–টুয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসছে ১৩ এপ্রিল। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল, একই মাঠে দ্বিতীয় ম্যাচ ২০ তারিখ।
২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে তৃতীয় ওয়ানডে। টি–টুয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচও হবে এই মাঠে, ২৭ ও ২৯ এপ্রিল। এরপর দুই দল ঢাকায় ফিরে শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি–টুয়েন্টি খেলবে ২ মে।
চলতি মাসে তিন ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা নারী দলও। ওই ম্যাচগুলো শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ছয়টায়। এই সিরিজের ম্যাচগুলোও দুপুর শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।