৪৯৬ রান ও ৩৬ ছক্কা: রান–উৎসবে রেকর্ডে ওলট–পালট
তিরুবনন্তপুরমে গতকাল ভারত–নিউজিল্যান্ড সিরিজের পঞ্চম টি–টুয়েন্টি ছিল চার–ছক্কাময়। ৪৯৬ রানের এই ম্যাচে শেষ পর্যন্ত ৪৬ রানে জিতেছে ভারত। স্বাগতিকেরা সিরিজ জিতেছে ৪–১ ব্যবধানে। রানবন্যার ম্যাচে হয়েছে একের পর এক রেকর্ড আর কীর্তি।
২৭১—ভারতের বিধ্বংসী স্কোর
ভারতের তোলা ২৭১ রান আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ। নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টুয়েন্টিতে এটি সর্বোচ্চ সংগ্রহ।
৪—২৫০+ রানে ভারতীয় আধিপত্য
ভারতের ২৫০+ রানের ইনিংস এখন চারটি, যা আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে সর্বোচ্চ। এত দিন সবচেয়ে বেশি আড়াই শ রানের স্কোরে ভারতের সঙ্গে ছিল জিম্বাবুয়েও। ফ্র্যাঞ্চাইজি টি–টুয়েন্টিতে ভারতের চেয়ে বেশিবার ২৫০ ছুঁয়েছে শুধু সানরাইজার্স হায়দরাবাদ—পাঁচবার।
৪৯৬—ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান
ভারত ও নিউজিল্যান্ড মিলে মোট ৪৯৬ রান করেছে, যা যেকোনো আন্তর্জাতিক টি–টুয়েন্টি ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি ৫১৭ রান হয়েছিল ২০২৩ সালের দক্ষিণ আফ্রিকা–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে।
২৩ ও ৩৬—ছক্কার ঝড়
ভারত মেরেছে ২৩টি ছক্কা, যা এক ইনিংসে দলটির যৌথভাবে সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ২৩টি ছক্কা মেরেছিল ভারত। নিউজিল্যান্ডের ১৩টি যোগ হয়ে ম্যাচে মোট ছক্কা দাঁড়ায় ৩৬, যা দ্বিতীয় সর্বোচ্চ। এযাবৎ সবচেয়ে বেশি ছক্কা দেখা গেছে ২০২৫ সালের জুলাইয়ে বুলগেরিয়া–জিব্রাল্টার ম্যাচে—৪১টি।
৬৯ ও ১১৬—সিরিজজুড়ে ছক্কার বৃষ্টি
এই সিরিজে ভারত মেরেছে ৬৯টি ছক্কা, যা কোনো দ্বিপক্ষীয় সিরিজে একটি দলের সর্বোচ্চ। আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে যেকোনো সিরিজ বা টুর্নামেন্ট মিলিয়ে এটি তৃতীয় সর্বোচ্চ। পুরো সিরিজে মোট ১১৬টি ছক্কা হয়েছে, যার মধ্যে নিউজিল্যান্ডের ৪৭টি—দ্বিপক্ষীয় সিরিজে সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ।
৪২—ঈশান কিষাণের বিধ্বংসী সেঞ্চুরি
ঈশান কিষাণ ৪২ বলে সেঞ্চুরি করেন। এটি টি–টুয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরি এবং ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরির তালিকায় পঞ্চম।
২৫—ভারতের সেঞ্চুরি রাজত্ব
আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে ভারতের মোট ব্যক্তিগত সেঞ্চুরি এখন ২৫টি, যা যেকোনো দলের মধ্যে সর্বোচ্চ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে দ্বিতীয়—দুই দলেরই ১৩টি করে।
৩০০০—সূর্যকুমারের দ্রুততম মাইলফলক
সূর্যকুমার যাদব আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে দ্রুততম ৩০০০ রান করেন। তাঁর লেগেছে মাত্র ১৮২২ বল। তিনি পেরিয়ে গেছেন আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিমের ১৯৪৭ বলের রেকর্ড।
৫৭—লিটন নন, অ্যালেন
পাওয়ারপ্লেতে ফিন অ্যালেন করেন ৫৭ রান, যা ভারতের বিপক্ষে ম্যাচের প্রথম ছয় ওভারের মধ্যে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ২০২২ টি–টুয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে লিটন দাসের ৫৬।
৫০+—বোলারদের দুঃস্বপ্ন
এই ম্যাচে পাঁচজন বোলার ৫০-এর বেশি রান দিয়েছেন, যা আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ। এর আগে ২০২৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে গাম্বিয়ার পাঁচজন বোলারও ৫০+ রান দিয়েছিলেন।
৫০ ও ৭৯—নিউজিল্যান্ডের ঝোড়ো শুরু
নিউজিল্যান্ড মাত্র ৩.১ ওভারে ৫০ রান করে, যা ভারতের বিপক্ষে দ্রুততম দলগত ৫০। পাওয়ারপ্লেতে তাদের সংগ্রহ ৭৯, এটিও ভারতের বিপক্ষে সর্বোচ্চ।
৫/৫১—অর্শদীপের ব্যয়বহুল পাঁচ উইকেট
অর্শদীপ সিং ৫১ রান দিয়ে নেন ৫ উইকেট। এটি আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে সবচেয়ে খরুচে পাঁচ উইকেট শিকার এবং সব ধরনের টি–টুয়েন্টিতে দ্বিতীয়।
৫৮—বুমরার কঠিন দিন
যশপ্রীত বুমরা ৪ ওভারে দেন ৫৮ রান, যা টি–টুয়েন্টিতে তাঁর সবচেয়ে খরুচে বোলিং। ইনিংসের ১৪তম ওভারে তিনি দেন ২২ রান, আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে এত বেশি রান আগে কখনো দেননি।