৪৯৬ রানের ম্যাচে ভারতের জয়, কিষানের সেঞ্চুরি

ভারতের হয়ে টি–টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির পর ঈশান কিষানএএফপি

পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫৪ রান। টি-টুয়েন্টির পাওয়ার প্লেতে ওভারপ্রতি ৯ রানকেও আজকাল কম মনে হয়। তবে তিরুবনন্তপুরমে আজ ভারত সেখান থেকেই কিনা পৌঁছে গেল ২৭১ রানে। এরপর নিউজিল্যান্ডকে ২২৫ রানে অলআউট করে সিরিজে পঞ্চম টি-টুয়েন্টিটা ভারত জিতে গেল ৪৬ রানে। তাতে ৫-ম্যাচের সিরিজটা ৪-১ ব্যবধানে জিতে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করল সহ স্বাগতিকেরা।

দুই দল মিলে ম্যাচে রান করেছে ৪৯৬। যা আন্তর্জাতিক টি-টুয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। নিউজিল্যান্ড রান তাড়ায় আর ২২টি রান বেশি করলেই ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের গড়া ৫১৭ রানের রেকর্ড ভেঙে যেত।

ব্যাট হাতে আজ আগুন ঝরিয়েছেন ঈশান কিষান। আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন কিষান, করেছেন ৪৩ বলে ১০৩ রান। প্রায় আড়াই বছর পর ভারতের টি-টুয়েন্টি দলে ফেরা কিষান ছক্কা মেরেছেন ১০টি।

৮০ রান করেছেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন
এএফপি

তৃতীয় উইকেটে অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে ৫৮ বলেই ১৩৭ রান যোগ করেন কিষান। ৩০ বলে ৬৩ রান করে সূর্যকুমারের বিদায়ের পর হার্দিক পান্ডিয়াকে (১৭ বলে ৪২) নিয়ে চতুর্থ উইকেটে ১৮ বলে ৪৮ রান যোগ করেন কিষান।

আরও পড়ুন

রান তাড়ায় প্রথম ওভারে ১৭ রান তুললেও ওভারের শেষ বলে টিম সাইফার্টকে হারায় নিউজিল্যান্ড। এরপর রাচিন রবীন্দ্রকে নিয়ে ঝড় তোলেন ফিন অ্যালেন। দ্বিতীয় উইকেটে ৮ ওভারেই ১০০ রান যোগ করেন দুজন। ৩৮ বলে ৮০ রান করে অ্যালেনের বিদায়ের পর আর আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা দিতে পারেনি নিউজিল্যান্ড। শেষ দিকে ইশ সোধি ১৫ বলে ৩৩ রান করে শুধু ব্যবধানই কমিয়েছেন।

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথমবার ৫ উইকেট পেয়েছেন ভারতের পেসার অর্শদীপ সিং
এএফপি

ভারতীয় পেসার অর্শদীপ সিং ৫ উইকেট পেলেও ৪ ওভারে দিয়েছেন ৫১ রান। ৭৬ ম্যাচের আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম ৫ উইকেট পেলেন এই বাঁহাতি পেসার।

আরও পড়ুন