বাবরের গাড়ি থামিয়ে একটাই খুঁত পেয়েছেন শুল্ক কর্মকর্তারা
লাহোরে লিবার্টি চকে ব্যস্ততম সড়ক। প্রচণ্ড ভিড়। নিজের অডি গাড়িটা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাবর আজম। হঠাৎ করেই তাঁকে থামান আবগারি শুল্ক কর্মকর্তারা। তাঁরা ভেবেছিলেন, গাড়িটি সম্ভবত সড়কের আইন লঙ্ঘন করেছে। গাড়ির ভেতরে যে বাবর আজম, সেটি তাঁরা লক্ষ করেননি। আইনের কাছে যেহেতু সবাই সমান, বাবর নিজেও গাড়ি থামিয়ে তাঁদের কাজে সাহায্য করেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, তারকা হয়েও নিজের দায়িত্ব ভুলে যাননি বাবর। কর্মকর্তারা যেসব কাগজপত্র দেখতে চেয়েছেন, সবই দেখিয়েছেন। এরপরই একটা খুঁত ধরা পড়েছে।
শুল্ক কর্মকর্তারা খেয়াল করেন, বাবরের গাড়ির নম্বরপ্লেটে আইন লঙ্ঘিত হয়েছে। পাকিস্তানে একটি গাড়ির নম্বরপ্লেট যতটা বড় বানানোর নিয়ম, বাবরের গাড়ির নম্বরপ্লেট তার চেয়ে ছোট। অর্থাৎ, নম্বরপ্লেটের সাইজের ক্ষেত্রে আইন লঙ্ঘন করেছেন বাবর। কর্মকর্তারা পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ককে বিষয়টি বুঝিয়ে বলেন এবং গাড়িতে দ্রুত স্বাভাবিক নম্বরপ্লেট লাগানোর পরামর্শ দেন।
শুল্ক কর্মকর্তারা বাবরকে এরপরই ছেড়ে দেননি। নিজেদের দায়িত্বের অংশ হিসেবে তাঁরা বাবরের গাড়ির কাগজপত্র দেখেছেন। গাড়ির নিবন্ধনের কাগজ ও কর দেওয়া হয়েছে কি না, সেসবও দেখেছেন তাঁরা।
সব কাগজপত্র পরীক্ষা করে দেখার পর কর্মকর্তারা নিশ্চিত হন, বাবরের গাড়ির সব কাগজই বৈধ এবং করও পরিশোধ করা আছে। নম্বরপ্লেট ছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রে সব নিয়মই মেনেছেন বাবর। কর্মকর্তারা নিজেদের দায়িত্ব পালনের পর তাঁদের সঙ্গে সেলফিও তুলেছেন বাবর। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীরাও বাবরের এই আচরণকে ইতিবাচক চোখে দেখেছেন। বাবরের বিনয়ী মানসিকতার প্রশংসা করেছেন তারা।