ইংল্যান্ডে আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তানের ক্রিকেটারদের ঘিরে ধরেছিলেন বিক্ষোভকারীরা
ইংল্যান্ডে পাকিস্তানের ক্রিকেটারদের সময়টা আসলেই ভালো যাচ্ছে না! পাকিস্তান জাতীয় দল এরই মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে হেরে গেছে, এজবাস্টনে সিরিজের শেষ টেস্টেও রয়েছে চাপে। এর সঙ্গে মাঠের বাইরে নানা বিতর্ক তো আছেই। এবার সামনে এল ইংল্যান্ড সফরে যাওয়া পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিব্রতকর এক পরিস্থিতিতে পড়ার খবর।
গত মঙ্গলবার পাকিস্তানের যুব ক্রিকেটারদের ইংল্যান্ডে আশ্রয়প্রার্থী ভেবে কিছু বিক্ষোভকারী ঘিরে ধরেছিলেন। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের পোর্টসমাউথে। ঘটনার সূত্রপাত পোর্টসমাউথের ম্যারিয়ট হোটেলকে ঘিরে। সেখানে আশ্রয়প্রার্থীরা অবস্থান করছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর হোটেলের বাইরে জড়ো হন একদল বিক্ষোভকারী। আসলে সেই হোটেলে ছিলেন পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলের ক্রিকেটার ও স্টাফরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪০ জন পুরুষ হোটেলে যাওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাঁদের দেখে বিক্ষোভকারীদের সন্দেহ হয়, তাঁরা আশ্রয়প্রার্থী। পরে জানা যায়, ওই ব্যক্তিরা পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় ও স্টাফ।
পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান ইংল্যান্ডের রিফর্ম পার্টির কাউন্সিলর জর্জ ম্যাডউইক। তিনি হোটেলে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের স্টাফ ও বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের মধ্যে সমঝোতার চেষ্টা করেন। এরপর ধীরে ধীরে সেখান থেকে সরে যান বিক্ষোভকারীরা।
ম্যাডউইক গার্ডিয়ানকে বলেন, ‘আমি দলের কোচের সঙ্গে কথা বলেছি। তিনি বিষয়টি খুব ভালোভাবে বুঝেছেন। এরপর আমি বিক্ষোভকারীদের বলেছি, “আপনারা ভুল করছেন। এটা একটি ক্রিকেট দল।” কয়েক মিনিটের মধ্যেই তারা চলে যায়। ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।’
ম্যাডউইক আরও বলেন, ‘পোর্টসমাউথের মানুষ আগে থেকেই সতর্ক অবস্থায় ছিলেন। একই কোম্পানির একটি কোচে করে প্রায় ৪০ জন বিদেশি সেখানে আসছিলেন বলে খবর ছিল।’ গত রোববার এ নিয়ে সংঘর্ষও হয়। সেদিন ফ্রান্স থেকে একটি ছোট নৌকায় করে আশ্রয়প্রার্থীরা পোর্টসমাউথে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
পাকিস্তানের যুব ক্রিকেটারদের সঙ্গে এমন ঘটনা ঘটার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) পাকিস্তান ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করেছে। পাশাপাশি দলের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করছে তারা।
ইংল্যান্ড সফরে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল এরই মধ্যে একটি চার দিনের ম্যাচ খেলেছে। আরুন্ডেলে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সেই ম্যাচে ১০ রানে হেরেছিল পাকিস্তান।
এরপর গতকাল দুই দল মুখোমুখি হয় যুব ওয়ানডেতে। সেখানে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ইংল্যান্ডকে ১৭৭ রানে হারায় তারা। সিরিজে আরও তিনটি যুব ওয়ানডে বাকি।