ভারতের বিপক্ষে পাকিস্তানের মেয়েদের ম্যাচের ভাগ্যে কী আছে
থাইল্যান্ডের ব্যাংককে ১৩ ফেব্রুয়ারি শুরু হবে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট। ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের মতো এই টুর্নামেন্টেও ‘এ’ গ্রুপ রয়েছে ভারত এবং পাকিস্তানের ‘এ’ দল।
ক্রিকেটভিত্তিক খবরের পোর্টাল ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে এ পর্যন্ত অফিশিয়াল কোনো নির্দেশনা পায়নি পাকিস্তানের মেয়েদের ‘এ’ দল।
বাংলাদেশসহ মোট ৮টি দলকে নিয়ে শুরু হবে এই টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণ। চারটি সহযোগী দেশের জাতীয় দলের সঙ্গে থাকছে ওয়ানডে মর্যাদা পাওয়া চারটি দেশের ‘এ’ দল। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পাকিস্তানের নারী ‘এ’ দলের প্রস্তুতি স্বাভাবিক গতিতেই এগোচ্ছে।
৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে গত পরশু পাকিস্তান সরকারের পোস্টে বলা হয়, ‘ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে ২০২৬ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’
টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপের সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। একই দিন মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে ব্যাংককে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানের ‘এ’ দল। পাকিস্তান সরকার যেদিন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়, সেদিনই সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের নারী ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করে পিসিবি।
এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের ‘এ’ দলের সঙ্গে ‘এ’ গ্রুপে অন্য দুটি দল নেপাল ও আরব আমিরাত। ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ‘এ’ দলের সঙ্গে আছে মালয়েশিয়া ও থাইল্যান্ড। প্রতিটি দল গ্রুপে তিনটি করে ম্যাচ খেলবে। দুটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে।