দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরি, হৃদয়ের ইতিহাস

তাওহিদ হৃদয়। গতকাল ডাবল সেঞ্চুরি করার পরফেসবুক

ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন গতকালই। বড় কিছু করবেন, ওই আশা তাই ছিলই। তাওহিদ হৃদয় আজ তা করেও ফেললেন। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ট্রিপল সেঞ্চুরি করেছেন তিনি। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশের মাটিতে এমন কীর্তি গড়লেন হৃদয়। রকিবুল হাসান ও তামিম ইকবালের পর প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান তিনি।

চার দিনের ম্যাচের শেষ দিন আজ। সকাল থেকেই ট্রিপল সেঞ্চুরির দিকে এগোতে থাকেন হৃদয়। দিনের দ্বিতীয় সেশনেই ম্যাথু বোস্টের একটা বল মিড অনে ঠেলে দৌড়ে ২ রান নিয়ে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৩০০ করার আনন্দে ড্রেসিংরুমের দিকে একটু দৌড়ে উঁচিয়ে ধরেন ব্যাট ও হেলমেট। ৪৫১ বল খেলে ট্রিপল সেঞ্চুরিতে পৌঁছান হৃদয়। ততক্ষণে ২৫ চারের সঙ্গে মেরেছেন ৬টি ছক্কাও।

বাংলাদেশ ‘এ’ দল ৩৭ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর ম্যাচের দ্বিতীয় দিনে উইকেটে আসেন হৃদয়। ৮১ বলে ৩৪ রান করে মোহাম্মদ নাঈম ও ৫৪ বলে ২৯ রান করে আউট হয়ে যান আফিফ হোসেন। পরে জাকের আলীর (৯৪) সঙ্গে পঞ্চম উইকেটে গড়েন ১৫১ রানের জুটি। জাকেরের বিদায়ের পর হৃদয় জুটি বাঁধেন সাইফউদ্দিনের সঙ্গে। ৮৭ রান করা সাইফউদ্দিনের সঙ্গে ষষ্ঠ উইকেট জুটিতে হৃদয় যোগ করেন আরও ১৮৫ রান।

ইনিংসের ১৩৯.৫ ওভারে সাইফউদ্দিন আউট হয়ে যাওয়ার পর শেষ হয়ে যায় তৃতীয় দিনের খেলা। হাতে থাকা ৪ উইকেট নিয়ে আজ শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ ‘এ’ দল সকাল সকালেই ২ উইকেট হারিয়ে ফেলে। অষ্টম উইকেট যখন পড়ে, হৃদয়ের রান তখন ২২৫। সেখান থেকে তাঁকে দুর্দান্ত সঙ্গ দেন রেজাউর রহমান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০১ বল খেলে  ৩১ রানে অপরাজিত ছিলেন রেজাউর, হৃদয় অপরাজিত ৩৩৩ রানে। বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে করেছে ৬৫৮ রান। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল তাদের প্রথম ইনিংসে করেছে ৫১২ রান। নিশ্চিত ড্রর দিকেই যাচ্ছে ম্যাচটি।

আরও পড়ুন