১৫০তম ম্যাচে মিঠুনের ১৮২

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮তম সেঞ্চুরি পেয়েছেন জাকির হাসান ও মোহাম্মদ মিঠুন। সেঞ্চুরি পেয়েছেন সৈকত আলীও। টানা ষষ্ঠ ম্যাচে ৫০ ছাড়ানো ইনিংস খেলেছেন মিম মোসাদ্দেক।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিঠুনের ১৮২, ড্রয়ের পথে ঢাকা-খুলনা ম্যাচ

রাজশাহীতে তৃতীয় দিন শেষেও শেষ হয়নি ম্যাচের দ্বিতীয় ইনিংস। ২ উইকেটে ১৩২ রান নিয়ে দিন শুরু করা খুলনা বিভাগ দিন শেষ করেছে ৭ উইকেটে ৪৩৮ রান তুলে। এর আগে গতকাল তাইবুর রহমানের ডাবল সেঞ্চুরির সৌজন্যে ৯ উইকেটে ৫১৩ রান করে ইনিংস ঘোষণা করে ঢাকা বিভাগ।

খুলনার হয়ে আজ ১৮২ রান করেছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। নিজের ১৫০তম প্রথম শ্রেণির ম্যাচে এই সংস্করণে ১৮তম সেঞ্চুরি পেলেন বাংলাদেশের হয়ে ১০টি টেস্ট খেলা এই ব্যাটসম্যান।

বরিশালের ইনিংস হার এড়ানোর লড়াই

চট্টগ্রামে ময়মনসিংহ বিভাগের বিপক্ষে ইনিংস হার এড়াতে লড়ছে বরিশাল বিভাগ। প্রথম ইনিংসে ১৫৬ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়া দলটি দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট ১৪৪ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। ময়মনসিংহের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৮৬ রানে পিছিয়ে তারা। বরিশালের ওপেনার জাওয়াদ আবরার অপরাজিত আছেন ৮৩ রানে।

সৈকত-জাকিরের সেঞ্চুরিতে সিলেটের জয়ের সুবাস

বগুড়ায় ষষ্ঠ রাউন্ডের তৃতীয় দিনটা জয়ের সুবাস নিয়ে শেষ করেছে সিলেট বিভাগ। রাজশাহী বিভাগকে ৪৬৩ রানের লক্ষ্য দিয়েছে দলটি। রানতাড়ায় ৪ উইকেটে ৬৩ রান তুলে দিন শেষ করেছে রাজশাহী। ৩ উইকেট পেয়েছেন সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮তম সেঞ্চুরি পেয়েছেন জাকির হাসান
বিসিবি ফাইল ছবি

এর আগে বিনা উইকেটে ৬৩ রান নিয়ে দিন শুরু করা সিলেট ৪ উইকেটে ৩১৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। দুই ওপেনার মাজহারুল হক মাজেদ (৫৪) ও মুবিন আহমেদ (৪৬) উদ্বোধনী জুটিতে ১০৪ রান করার পর ২ রানের ব্যবধানে আউট হন। এরপর সৈকত আলী ও অধিনায়ক জাকির হাসান তৃতীয় উইকেটে ১৯৮ রানের জুটি গড়েন। দুজনই পেয়েছেন সেঞ্চুরি। সৈকত ১১৮ বলে ১০৮ রান করার পথে মেরেছেন ৭টি ছক্কা। ১১১ বলে ১০১ রান করে অপরাজিত থাকা জাকির মেরেছেন ২টি ছক্কা। প্রথম শ্রেণিতে জাকিরের এটি ১৮তম সেঞ্চুরি, সৈকতের তৃতীয়।

আরও পড়ুন

রংপুরের বিপক্ষে চট্টগ্রামের দাপট

এবারের লিগে প্রতি ম্যাচেই অন্তত একটি ফিফটি পেয়েছেন মিম মোসাদ্দেক
বিসিবি ফাইল ছবি

খুলনায় তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে রংপুরের স্কোর ১৩০/২। চট্টগ্রামের প্রথম ইনিংসের চেয়ে ১১১ রানে পিছিয়ে আছে রংপুর। মিম মোসাদ্দেক ৫৮ এবং অভিষিক্ত স্যামস নিলয় ৫০ রানে অপরাজিত আছেন। এবারের জাতীয় লিগে মিমের এটি সপ্তম ৫০ ছাড়ানো ইনিংস। প্রতি ম্যাচেই অন্তত একবার ৫০ ছাড়ানো ইনিংস খেলেছেন এই ওপেনার।

এর আগে ৫ উইকেটে ৩০৪ রান নিয়ে দিন শুরু করা চট্টগ্রাম অলআউট ৪০৭ রানে।

আরও পড়ুন