সেমিফাইনালে খেলা নিয়ে যা ভাবছে ইংল্যান্ড

লক্ষ্মৌয়ে অনুশীলনে ইংল্যান্ড দলছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের ফলে তৈরি হওয়া চাপটা টের পাচ্ছে। কিন্তু দলটির সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক আজ দাবি করেছেন, ৫০ ওভার সংস্করণে ইংল্যান্ড নিজেদের ওপর থেকে ‘বিশ্বাস’ হারায়নি।

আরও পড়ুন

লক্ষ্মৌতে আগামীকাল ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। ৫ ম্যাচে ৪ হার ও ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে ১০ দলের বিশ্বকাপে নবম স্থানে থেকে এই ম্যাচে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। জস বাটলারের দলের সেমিফাইনালে ওঠার আশা প্রায় শেষ হয়ে গেছে। আজ সংবাদ সম্মেলনে ট্রেসকোথিক বলেছেন, ‘আমরা সবাই চাপটা টের পাচ্ছি। কিন্তু কী করার আছে? আমরা একই রকম প্রস্তুতি নিয়েছি। সবাই যা করে আমরাও তা–ই করেছি।’ ট্রেসকোথিকের ব্যাখ্যা, ‘প্রতিটি অনুশীলন শেষেই মনে হয়, আমরা ভালো বোধ করছি, ভালো জায়গাতেই আছি। কিন্তু মাঠে ঠিকঠাকমতো কিছুই হচ্ছে না।’

সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক
ছবি: আইসিসি

২০১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামার আগে মাত্র ১৩ ওয়ানডে খেলায় এই সংস্করণের প্রতি তাঁদের মনোভাবের সমালোচনা হচ্ছে। কিন্তু ট্রেসকোথিকের যুক্তি, ‘মাফ করবেন, কথাটা কাঠখোট্টার মতো লাগতে পারে, তবে আমরা কিন্তু (নিজেদের ওপর) আস্থা হারাইনি। আমরা যেকোনো সংস্করণেই খেলতে পছন্দ করি। আমরা এখানে (ভারতে) টানা দ্বিতীয় ৫০ ওভারের সংস্করণ জিততে মরিয়া ছিলাম। আমরা আসলে সব সংস্করণ নিয়েই মনোযোগী।’

ট্রেসকোথিক এরপর যোগ করেন, ‘এখন তো ক্রিকেটে অনেক ব্যস্ততা, তাই না? সত্যিই ব্যস্ততা বেড়েছে। টেস্ট, টি–টোয়েন্টি ও ৫০ ওভারের জন্য আলাদা পরিকল্পনা করতে হয়। আমরা সব সময় ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছি। কখনো এতে সফল হই, কখনো হই না।’

আরও পড়ুন

সাবেক বাঁহাতি ওপেনার ট্রেসকোথিক ২০০০ থেকে ২০০৬ সালের মধ্যে ১২৩ ওয়ানডে ও ৭৬ টেস্ট খেলেছেন ইংল্যান্ডের হয়ে। তাঁর ভাষ্য, বাটলারের দল ভারতের বিপক্ষে খেলতে মুখিয়ে আছে এবং উপলক্ষটা নিজেদের করে নিতে চায়, ‘বিশ্বকাপে ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে মুখোমুখি হওয়াটা বিশেষ বলে মনে করি। অনেক দর্শক থাকবে, তাই উপলক্ষটাও দারুণ, এই সুযোগের সদ্ব্যব্যহার করতে হবে এবং আমরা সেটাই করতে চাই। মাঠে এর চেয়ে আর বেশি কিছুই দেওয়ার নেই। আশা করি ফলটা পক্ষেই আসবে।’

বেঙ্গালুরুতে পরশু শ্রীলঙ্কার কাছে হারে সেমিফাইনালে ওঠার দৌড় থেকে প্রায় ছিটকেই পড়েছে ইংল্যান্ড
ছবি: এএফপি

বেঙ্গালুরুতে পরশু নিজেদের সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে হারায় ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার স্বপ্ন বড় ধাক্কা খায়। সে ম্যাচে ৩৩.২ ওভারে মাত্র ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। ট্রেসকোথিক জানিয়েছেন, এখন আর সেমিফাইনাল লক্ষ্য নয়, বরং নিজেদের খেলাটা ঠিকঠাকমতো খেলতে চায় ইংল্যান্ড, ‘আমরা নিজেদের পারফরম্যান্স নিয়ে মনোযোগী। গত কয়েক সপ্তাহে যা করেছি, তার চেয়ে ভালো করতে চাই।’ সেমিফাইনালের স্বপ্ন বাদ দেওয়া প্রসঙ্গে ট্রেসকোথিক বলেছেন, ‘ওটা যেমন আছে তেমনই থাকুক। যদি হয়, তো হবে। আমরা জানি কাজটা খুব চ্যালেঞ্জিং। গাণিতিকভাবে এখনো হয়তো সম্ভব, কিন্তু খুব কঠিন।’

আরও পড়ুন