ইনজামামকে নিয়ে এই ৫ তথ্য হয়তো জানেন, হয়তো জানেন না
পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামাম–উল–হকের আজ ৫৩তম জন্মদিন। পাকিস্তানের একমাত্র ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ন্যূনতম ২০ হাজার রান করা ইনজামামের দেশের হয়ে অভিষেক ১৯৯১ সালে।
১৯৯২ সালে বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অন্যতম সদস্য দেশকেও নেতৃত্ব দিয়েছেন। ২০০৭ সালে খেলেন সবশেষ ম্যাচ। ভারী শরীর নিয়েও পুল-হুকে সিদ্ধহস্ত পাকিস্তানের সাবেক এই অধিনায়কের ক্যারিয়ারে ৫টি ঘটনা তাঁর জন্মদিনে স্মরণ করা যাক—
মারমুখী ইনজামাম
এই মার বলকে নয়, ভারতীয় এক দর্শককে। তবে মারেননি, মারতে গিয়েছিলেন। ঘটনাটা ১৯৯৭ সালের সাহারা কাপে। ভারতীয় দর্শককে পেটাতে গিয়েছিলেন ইনজামাম। তখন শোনা গিয়েছিল, গ্যালারি থেকে তাঁকে ‘আলু’ ডাকায় খেপেছিলেন ইনজামাম। তবে ওয়াকার ইউনিস পরে দাবি করেন, মোহাম্মদ আজহারউদ্দিনের স্ত্রী সঙ্গীতা বিজলানিকে অপমান করাতেই সেই দর্শককে মারতে গিয়েছিলেন ইনজামাম।
১৯৯৬ সালে কানাডার টরন্টোয় ভারত ও পাকিস্তানের পাঁচ ম্যাচের সিরিজ সাহারা কাপ নাম দিয়ে শুরু হয়েছিল। ’৯৭ সিরিজের দ্বিতীয় ম্যাচে ১১৬ রান তাড়া করছিল ভারত। ইনিংসের ১৬তম ওভারে হঠাৎ গ্যালারিতে ছুটে যান ইনজামাম। ভারতীয় বংশোদ্ভূত শিভ কুমার থিন্ড নামের এক দর্শককে ব্যাট দিয়ে মারার চেষ্টা করেন। অভিযোগ ছিল, সেই দর্শক নাকি মেগাফোন ব্যবহার করে ইনজামামকে অপমানসূচক কথা বলছিলেন। ইনজামাম যখন ব্যাট দিয়ে তাঁকে মারতে যাচ্ছেন, তখন শিভ তাঁর দিকে হাতের মেগাফোনটি ছুড়ে মারেন। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছিল। পরে বোঝাপড়া করে ছাড় পেয়েছিলেন দুজনই। তবে ইনজামামকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছিল পাকিস্তান।
২০২০ সালে ‘দ্য গ্রেটেস্ট রাইভালরি’-পডকাস্টে সে ঘটনা নিয়ে বিস্তারিত জানিয়েছিলেন ওয়াকার ইউনিস, ‘হ্যাঁ, তাকে আলু বলে ডাকা হচ্ছিল। কিন্তু আরও যা হয়েছিল, দর্শকদের মধ্যে কেউ কেউ আজহারউদ্দিনের স্ত্রীকে নিয়ে বাজে কথা বলছিল, খুবই বাজে কিছু কথা—আর ইনজি যেহেতু ইনজি, ওর সেটা ভালো লাগেনি। দুই দলের খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্ব খুবই অসাধারণ ছিল। সবাই সবাইকে শ্রদ্ধা করত।’
রানআউটের ‘রাজা’?
ইনজামাম-উল-হকের খেলোয়াড়ি ক্যারিয়ারে এমন একটা ধারণা প্রচলিত ছিল। তাঁর সঙ্গে ব্যাট করার ঝুঁকি একটাই—যেকোনো মুহূর্তে রানআউট হয়ে ড্রেসিংরুমে ফেরা! নিজে রানআউট হওয়া কিংবা সতীর্থকে রানআউট করা—এ দুটি কারণে আসলে সৌন্দর্যের ব্যাটিংয়ে প্রশংসা কুড়িয়েও কেউ কেউ বাঁকা চোখে দেখেছেন ইনজামামকে।
তবে ব্যাপারটা কিন্তু এত মারাত্মকও নয়। অন্তত আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চসংখ্যকবার রানআউট হওয়ায় শীর্ষ তিনে নেই ইনজামাম। আন্তর্জাতিক ক্রিকেট সর্বোচ্চ ৫৩ ইনিংসে রানআউট হয়েছেন ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়। ৫১ ইনিংসে রানআউট হয়ে দুইয়ে শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। তিনেও এক শ্রীলঙ্কান-মারভান আতাপাত্তু। ৪৮ ইনিংসে রানআউট হয়েছেন। এরপর রিকি পন্টিং (৪৭) এবং তারপরই ইনজামাম (৪৬)। এর মধ্যে ওয়ানডেতেই ৪০ ইনিংসে রানআউট হয়েছেন ইনজামাম। টেস্টে হয়েছেন ৬ বার।
এ কোন ইনজামাম!
বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা একটি ইনিংস আছে তাঁর। সেটি ১৯৯২ বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে। তাঁর ৩৭ বলে ৬০ রানের ইনিংসে বিদায় নিশ্চিত হয়েছিল কিউইদের। অথচ ২০০৩ বিশ্বকাপে সেই ইনজামামকেই অনেকে চিনতে পারেননি। নিদারুণ রানখরায় ভুগেছেন। সে বিশ্বকাপে ৬ ইনিংস মিলিয়ে তাঁর রানসংখ্যা ১৯!
ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে তো রানই করতে পারেননি। ক্যারিয়ার লম্বা করতে সে বিশ্বকাপের আগে ১৭ কেজি ওজন কমিয়েছিলেন। কিন্তু ব্যাট হাতে তার ফল পাননি। এক ইনিংসেও দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ৬ রানের ইনিংস। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’কে পরে বলেছিলেন, ‘এমন আর হবে না।’
প্রথম বলেই উইকেট
ইনজামাম-উল-হকের নাম শুনলে সবার আগে চোখে ভাসে স্থুল শরীরের এক ব্যাটসম্যান। বলে যত গতিই থাক, খেলার ধরন দেখে মনে হবে দুনিয়ার সব সময় তাঁর দখলে! পুল আর হুকে যেমন দর্শনীয় তেমনই স্ট্রোকের জোর। সোজা কথায় একজন পরিপূর্ণ ব্যাটসম্যান বলতে যা বোঝায়। অথচ জানেন কি, আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের প্রথম বলেই ইনজামাম উইকেট নিয়েছেন!
টেস্টে মাত্র ১ ইনিংসে বল করেছেন ইনজামাম। ৯ বলে ৮ রান দিয়ে উইকেট পাননি। পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে একটি ম্যাচ খেললেও বল করেননি। ওয়ানডেতে ৬ ইনিংসে মোট ৯.৪ ওভার বল করেছেন। আর এই ওয়ানডেতেই পেয়েছেন ৩ উইকেট। ১৯৯১ সালে ফয়সালাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ইনজামামের হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক ইমরান খান। নিরীহ দর্শনের বাঁহাতি স্পিনে প্রথম বলেই পেয়েছিলেন উইকেট। উইকেটটি কার ছিল জানেন? ব্রায়ান লারা!
সৌরভ গাঙ্গুলী খাবার পাঠাতেন
ক্রিকেটে ভারত-পাকিস্তানের দ্বৈরথ যেহেতু আগুনে, আর দুই দেশের রাজনৈতিক সম্পর্কও বৈরি, তাই প্রচলিত একটা ধারণা হলো এই দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সম্পর্কও সম্ভবত খুব একটা ভালো নয়।
ইনজামামের মুখে শুনুন, ‘২০০৪ সালে ১৫ বছর পর পাকিস্তান সফরে গিয়েছিল ভারত। পাকিস্তানিরা তাদের সাদরে বরণ করে নিয়েছিল। ভারতের ক্রিকেটাররা যেখানেই গিয়েছে, যা কিছু কিনেছে, খেয়েছে, কেউ একটি পয়সাও নেয়নি। এক বছর পরই আমরা ভারত সফরে যাই। আমি ছিলাম অধিনায়ক। ভারতীয়রাও একইভাবে আমাদের বরণ করেছিল। আমাদের অতিথি হিসেবে আপ্যায়ন করতে তারা ঘরের দ্বার খুলে দিয়েছিল। খাবার রেঁধে খাইয়েছে। কেনাকাটার জন্য পয়সা নেয়নি...২০০৫ সালের আগে একটি কাজে কলকাতা গিয়েছিলাম। সৌরভ গাঙ্গুলীও ছিল আমার সঙ্গে। সে একটি রেস্টুরেন্ট দিয়েছিল, আমি ও শচীন টেন্ডুলকার তা উদ্বোধন করেছিলাম। সৌরভ তার রেস্টুরেন্ট থেকে আমাকে খাবার পাঠিয়েছে, আমি খেয়েছি।’